মোজাফ্ফর আহমদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজব্যবস্থা, পরিবেশ ও সুশাসন নিয়ে অর্থনীতিবিদ মোজাফ্ফর আহমদ কথা বলেছেন বিভিন্ন সময়। বাংলাদেশে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক সময়কার সভাপতিও।ব্যর্থ রাষ্ট্রের পোস্টমর্টেমআমি তো একসঙ্গে অনেক বই পড়ি। অনেক বইয়ের মধ্যে এখন পড়ছি রবার্ট এইচ ব্রেটসের লেখা হোয়েন থিংস ফেল অ্যাপার্ট। আফ্রিকার যেসব দেশ-রাষ্ট্র এখন পর্যন্ত ভিত্তি পায়নি, সেসব দেশে কী কী ঘটছে এবং কেন ঘটছে, তার বিশ্লেষণমূলক বই এটি। একই সঙ্গে এটি আফ্রিকা মহাদেশের নাইজেরিয়া, সুদান, মোজাম্বিক প্রভৃতি রাষ্ট্রের ব্যর্থতার বয়ানও। বইটি পড়ে গোত্র-সম্প্রদায় বিরোধ, ওই সব রাষ্ট্রের অভ্যন্তরীণ ও সাংঘর্ষিক অবস্থানগুলো বুঝতে পারা যায় সহজেই। ঐতিহাসিক বিবেচনায় এই বইয়ে ইতিহাস যেমন বিরাট বিষয় হিসেবে এসেছে, তেমনি বইটি আরও উপভোগ্য হয়ে উঠেছে লেখকের নির্মোহ বিশ্লেষণী ক্ষমতার কারণে। ঐতিহাসিক অবস্থায় একটি জাতি বা রাষ্ট্র যে কারণে ব্যর্থ হয়, তার চমকপ্রদ পোস্টমর্টেম এ বইটি।প্রাণের বীণায় রবীন্দ্রনাথসংগীতের ব্যক্তিক ও সামষ্টিক রূপ আছে। তাই প্রাণের বীণায় সারাক্ষণই গুনগুনিয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান। রবীন্দ্রসংগীত তার বাণী ও সুর-মাধুর্যে প্রতিনিয়তই আমাকে কাছে টেনে নেয়। এই গান নির্জনে যেমন হূদয় দিয়ে উপলব্ধি করা যায়, একইভাবে আসরে শুনতে শুনতেও মনের মধ্যে নির্জনতার অনুভব সম্ভব। এ এক অদ্ভুত ব্যাপার! আমার চিরকালের প্রিয় সেই গান ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণতলে...’ যতবার শুনি, মনে হয় তৃষ্ণা মিটল না আজও।বৃক্ষের কান্না, গাছের জন্য হাহাকারডাইং ফরেস্ট ফিলিপ গাইন নির্মিত প্রামাণ্যচিত্র। কিছুদিন আগে দেখেছিলাম ডকুমেন্টারিটি। আমাদের চারপাশে হরহামেশাই বন-বনানী উজাড় হচ্ছে। আমরা কিন্তু শুনতে পারছি না সেই গাছ-গাছালির কান্না। এই বিষয়কে উপজীব্য করে বানানো প্রামাণ্যচিত্রটি বেশ তথ্যবহুল। তবে একটি কাহিনীর আবরণে জীবন বিবর্তনের ব্যাপারটি সাজানো হলে হয়তো এটি আরও ভালো লাগত।আশাবাদী ভাবতে ভালো লাগেআশা না থাকলে মানুষ বেঁচে থাকে না। নিজেকে সব সময় আশাবাদী ভাবতেই ভালো লাগে। মাঝেমধ্যে ভাবি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যে দায়িত্ব ছিল, তা ঠিকঠাক পালন করতে পেরেছি কি না? শিক্ষকজীবনে ভালো মানুষ তৈরি করতে চেয়েছি। তবু কেন জানি মনে হয়, আমার মেধা ও ক্ষমতা যতটা ছিল পুরোমাত্রায় তা ঢেলে দেওয়ার সুযোগ বিশ্ববিদ্যালয়ে আমি পাইনি। শিক্ষক-রাজনীতি এবং গবেষণার সুষ্ঠু পরিবেশ না থাকা হয়তো এর কারণ। আর আমাদের দুর্ভাগ্য যে এখানে যারা উচ্চকণ্ঠ, তারা স্বার্থান্বেষী।সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ