তেরোর চক্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ নম্বরের মধ্যে যে কী আছে, তা কে জানে? এই নম্বরটি নিয়ে অনেকেরই মন দুরু দুরু। ক্রিকেট খেলার কথাই ধরা যাক। ব্যাটসম্যান ১৩ রান করলে মাঠজুড়ে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধারাবিবরণীর ভাষ্যকারেরা দু-চারটে চটকদার কথা বলে এই উত্তেজনা উসকে দেন। এর মধ্যে ‘অপয়া’ শব্দটি থাকেই। দেখা যায়, উত্তেজনার তোড়ে অনেক সময় বলে বলে রান তোলা ঝোড়ো ব্যাটসম্যানের বুকের ছাতি দেবে যায়। আর এতেই অতি সাধারণ এক বলে তিনি পটাস।কুসংস্কারের বিরুদ্ধে গলার রগ ফুলিয়ে বাৎচিত করেন, এমন অনেক বাঘা ব্যক্তিও ১৩ নম্বর নিয়ে দোনামনায় ভোগেন। ঔপনিবেশিক শাসক হিসেবে ব্রিটিশদের নিয়ে লোকজন বাঁকা কথা যা-ই বলুক না কেন, কোনো কিছুর উদাহরণ টানতে গেলে ওরা থাকে এক নম্বরে। বলা হয়, ওই দেখো, ওরা কেমন মুক্তমনা। কুসংস্কারের জালে আটকে নেই। কিন্তু সেই ব্রিটেনে ১৩ নম্বর যেন অচ্ছুত কিছু। বিশেষ করে, কোনো বাড়ির নম্বর যদি ১৩ হয়, তাহলেই হয়েছে। অন্য সব বাড়ির তুলনায় সেটির দাম হবে কম। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যে ১৩ নম্বরওয়ালা বাড়িগুলোর আর্থিক মূল্য একই মানের অন্য বাড়িগুলোর তুলনায় গড়ে প্রায় চার হাজার পাউন্ড কম। জুপলা নামের সম্পত্তিবিষয়ক একটি ওয়েবসাইট এই জরিপ চালায়। জরিপ অনুযায়ী, কোনো সড়কে সার বেঁধে দাঁড়ানো একই রকম বাড়িগুলোর মধ্যে ১১, ১২ ও ১৪ নম্বর বাড়ির দাম এক হলেও ১৩ নম্বর লাগানো বাড়ির দামের বেলায় ব্যতিক্রম দেখা গেছে। দেখা গেছে, প্রথম তিনটি বাড়ির দাম যেখানে দুই লাখ নয় হাজার নয় পাউন্ড, সেখানে ১৩ নম্বর বাড়ির দাম দুই লাখ পাঁচ হাজার ৮৫ পাউন্ড। অর্থাৎ, ১৩ নম্বর বাড়ির দাম তিন হাজার ৯২৪ পাউন্ড কম। এভাবে ১৩ নম্বর বাড়ির মালিকেরা মূল্যের দিক দিয়ে বিড়ম্বনায় পড়ে থাকেন। আর এ থেকে ফায়দা লোটেন কুসংস্কারমুক্ত মানুষেরা। তবে কোনো কোনো এলাকায় বাড়ির মালিকদের এই বিড়ম্বনা থেকে রক্ষা করতে বিশেষ বিবেচনায় ১৩ নম্বর বাড়ির নাম বদলে অন্য নম্বর দেওয়া হয়। ইস্ট সাসেক্সের লুই ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে বলা হয়েছে, কেউ যদি তার বাড়ির নম্বর ১৩ রাখতে না চান, সে ক্ষেত্রে এই অনুরোধ বিবেচনা করা হয়।১৩ নম্বর নিয়ে ভীতি ‘ট্রিসকাইডেকাফোবিয়া’ বলে পরিচিত। অনেকে এটিকে ইংরেজি শব্দ মনে করলেও এর উৎপত্তি গ্রিক থেকে। ১৩ নম্বরকে দুর্ভাগ্যের প্রতীক বলে ভাবার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ব্যাপারে নানা দেশে নানা কথা শোনা যায়। কিছু খ্রিষ্ট ধর্মাবলম্বী মনে করেন, যিশু খ্রিষ্টের লাস্ট সাপার বা শেষ ভোজের সময় তাঁর ১২ জন শিষ্যের মধ্যে যে শিষ্যটি বিশ্বাসঘাতকতা করেন, তিনি বসেছিলেন ত্রয়োদশ আসনে। এ জন্য ১৩ নম্বরকে অশুভ বা অপয়া বলে মনে করেন তাঁরা।  শরিফুল ইসলাম ভূঁইয়া, ডেইলি মেইল অবলম্বনে