তোমাদের লেখা-অাঁকা

আর কেউ না...
সিফাত বিনতে আলম
সেবার আমি আর বাবা গেলাম মাছ ধরতে। বাবার খুব মাছ ধরার নেশা। আর বাবা যেখানেই মাছ ধরতে যাক, সঙ্গে আমারও যাওয়া চাই। তো সেদিন ছোট্ট এক ডিঙি নৌকায় চড়ে ছিপ-বরশি-আধার নিয়ে পুরো নদী চষে বেড়ালাম। দেখতে দেখতে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিল। এদিকে বেলাও পড়ে এল। কিন্তু আমাদের ঝুড়িতে তখনো সবে দুিট বেলেমাছ। এইটুকু মাছ নিয়ে কিছুতেই বাড়ি ফেরা যায় না। কিন্তু উপায়ও নেই। মেঘগুলো এমন হাঁকডাক শুরু করল, মনে হচ্ছিল যেন এখনই সব লন্ডভন্ড করে দেবে। অগত্যা কিছু জেলেকে মাছ ধরে পাড়ে উঠতে দেখে বাবা আর আমি সেখান থেকে অনেকগুলো মাছ কিনে সেদিনকার মতো বাড়ি ফিরলাম। বাড়িতে বিরাট হইচই লেগে গেল। অনেক মাছ ধরেছি আমরা!
সবাই অনেক খুশি। ফুপি আর মা মিলে মাছগুলো কেটে রান্না করলেন। খাবার সময় আমি আর বাবা মাছ পেলাম সবচেয়ে বেশি । খেতে খেতে টিপু ভাইয়া বলল, ‘বাব্বা! তোরা তো আজকে অনেক মজার মজার মাছ ধরেছিস। এর পরেরবার কিন্তু আমিও তোদের সঙ্গে যাব।’ আমি সঙ্গে সঙ্গে বললাম, ‘না না! অন্য কারও যাওয়া চলবে না। শুধু আমি আর বাবা, বুঝলে তো? শুধু আমি আর বাবা...!’
বাবাও একটা আস্ত ট্যাংরা মাছ মুখে পুরে বললেন, ‘হুম... শুধু আমি আর মিনি...!’
নবম শ্রেণি, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা
বাবার প্রিয় বন্ধু
শ্রেয়া শময়িতা
আমার বাবার একজন প্রিয় বন্ধু আছে। ঘুম থেকে উঠে তাকে বাবার চাই-ই চাই। অফিসে যাওয়ার আগে, নাশতার টেবিলে, অফিসে যেতে যেতে তার সঙ্গে কথা বলেই সময় কাটায় বাবা। বাবার অফিসে যদিও আমার খুব একটা যাওয়া হয় না। হঠাৎ-সঠাৎ কখনো গেলেও দেখি বাবা গল্প করছে তার বন্ধুটার সঙ্গে।
সত্যি বলতে কী, বাবার বন্ধু হলেও তাকে আমার মোটেও ভালো লাগে না। কারণ, আমাদের সঙ্গে গল্প করার সময় বা একসঙ্গে টেলিভিশন দেখার সময় সে বাবাকে ডাকতে থাকে। আর বাবাও তার সঙ্গে কথা বলা শুরু করে দেয়। দিনের বেশির ভাগ সময় বাবা তার সঙ্গেই কাটায়। আমাদের খুব রাগ হয়। দেখা গেল, আমরা সবাই মিলে হয়তো নতুন কোনো রেস্তোরাঁয় খেতে গেলাম। আর তক্ষুনি বন্ধুটার ডাকে বাবা তাড়াহুড়ো করে খেয়ে আমাদের সময় না দিয়ে ছুট লাগাল অফিসে।
মাঝেমধ্যে অবশ্য বাবার সেই বন্ধুটি ভালো কিছু খবরও দেয়। দূর দেশে থাকা আমার বন্ধু আরশিলের খবর, ফুপু- জেঠিমার শান্তিনিকেতনের বাড়ির কথা আর জলির মিসর বেড়ানোর গল্প—সব জানতে পারি তার থেকে।
ওহ হো! এতক্ষণ ধরে তো পরিচয়ই দেওয়া হয়নি বাবার সেই বন্ধুটার। বাবার অতি প্রিয় এই বন্ধুটি হলো তার মোবাইল ফোন।
ষষ্ঠ শ্রেণী, সানিডেল স্কুল
আমার মতো
রাগীব ইয়াসার
মা বলেন, আমি নাকি ঠিক আমার বাবার মতো হয়েছি। বাবার চোখ, বাবার কপাল, বাবার হাত-পা আর স্বভাব-চরিত্রও। আমার বাবা খুব গোছানো মানুষ, সব সময় টিপটপ থাকতে পছন্দ করেন। আমিও তা-ই। এ নিয়ে মার ভীষণ রাগ। কারণ পড়তে বসলেই আমার মনে হয় খাতাগুলো গোছাতে হবে, পেনসিল বক্সটি জায়গামতো নেই, বইগুলোও এলোমেলো। এগুলো গোছাতে গোছাতেই অনেকটা সময় চলে যায়। তাই তো মা রাগ করে বলেন—ঠিক বাপের মতো হয়েছিস, শুধু শুধু সময় নষ্ট। আচ্ছা, এটা কি সময় নষ্ট, বল তো?
আমার বাবা একজন আলোকচিত্রী। কী সুন্দর সুন্দর ছবি তোলেন! আর কত্ত কত্ত পুরস্কার পেয়েছেন! আমিও বড় হয়ে বাবার মতো দেশ-বিদেশ ঘুরে সুন্দর সুন্দর ছবি তুলব।
আমার সব বায়না আমার বাবার কাছে। বায়না পূরণে বাবার একটুও দেরি হয় না। বাবা আমার হাজারো প্রশ্নের উত্তর দেন, একটুও বিরক্ত না হয়ে। তাই আমরা বাবা-ছেলে সারাক্ষণ বক বক করি। আমি জানি, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা!
চতুর্থ শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
তাঁর জন্য
মিলানথা স্নেহা রায়
বাবা আমায় ডাকে প্রিয়
সোনামিণ বলে
কাছে গেলেই করত আদর
নিত আমায় কোলে।
‘ভালো থেকো, বিদায়’ বলে
বাবা গেল বিদেশ চলে
ফোন করে রোজ
নেয় আমার খোঁজ।
দ্বিতীয় শ্রেণি (লিলি), ঢাকা অ্যাডভেনটিস্ট প্রি-সেমিনারি অ্যান্ড স্কুল

আব্বুকে নিয়ে
সারাহ্ জহির
আব্বু আমার খুব ব্যস্ত, সময় দিতে পারে না
অফিস, মিটিং, ফাইলপত্তর আব্বুকে আর ছাড়ে না।
আজ যে কী সব কাণ্ড হলো, বলতে দিলাম কল
আব্বু বলে, ‘মিটিংয়ে আছি, পরেই নাহয় বল।’
মিটিং তো তুমি করবেই, কিন্তু হয়েছেটা কী, জানো?
খেলতে গিয়ে ব্যথা পেয়েছি, ছিলে গেছে কানও!
রান্না করতে গিয়ে মায়ের হাত গেছে পুড়ে
মলম দিয়েছি, তবু ব্যথা সারা শরীর জুড়ে।
ঘর মুছতে গিয়ে বুয়া করেছে এক কাণ্ড
এক বালতি পানি ফেলে—ঘর লন্ডভন্ড।
আব্বু তুমি ব্যস্ত, তাই কথা বাড়াই না আর
কখন তুমি ফিরবে ভেবে ঘড়ি দেখি বারবার।
ঘেমেনেয়ে বাসায় ফিরে বসলে ফ্যানের নিচে
লিকার দেওয়া চা দিলাম তোমায় পিরিচে।
সব কথা বলতে যখন মুখটা করলাম হাঁ
থামিয়ে দিয়ে বললে তুমি, খেয়ে নিই আগে চা।
চা শেষ করে কথা না শুনে চললে বেডরুমে
গিয়ে দেখি তোমার চোখে ভর করেছে ঘুমে।
একটুও পাই না তোমায়, করো এত কাজ
সারা দিনেও হয় না বলা, বাবা দিবস আজ!
সপ্তম শ্রেণি, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ
হ্যালো!
তাবাসসুম জান্নাত
হ্যালো বাবা হ্যালো!
কেমন আছো বলো৷
আমি আছি ভালো৷
তুমি? বলো বলো!
শরীর তোমার ভালো?
কাশছো কেন, বলো?
ওষুধ খেয়েছো নাকি
দিয়ো না কিন্তু ফাঁকি।
শুধু অফিস-অফিস
বেড়াতে যাব কবে?
একদিন অফিস না গেলে
কী আর এমন হবে?
বাসায় একদিন রেস্ট নাও
পেট ভরে ভাত খাও।
আমার কথা মনে রেখো
ইচ্ছে হলে চিঠি লেখো!
ষষ্ঠ শ্রেণি, চট্টগ্রাম