তোতলামির সমাধান গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা কথা বলতে গেলে পাঁচবার তোতলাতে হয় তার। ‘তো তো’ করে কথা বলতে গিয়ে জন্য নিজের নামটা বলতেও আধা মিনিট সময় লেগে যায়! এমন ছেলে কী করে গান করে?কী করে করে, তা সে-ই জানে। কিন্তু বিশ বছর বয়সী রাজীব আহম্মেদের গান শোনা অনুমান করারও উপায় নেই যে, তাঁর তোতলামি আছে। কিশোরগঞ্জের তাড়াইলের ধলা গ্রামের খুরশেদ আলীর ছেলে রাজীব আহম্মেদ। তিন ভাই, চার বোনের মধ্যে রাজীব তৃতীয়। এলাকার সবাই জানে, এই ছেলেটা তোতলা। রাজীবের তোতলা হওয়ার পেছনেও আছে বিস্ময়কর একটা গল্প। জন্ম থেকে তোতলামির অভ্যাস ছিল না তাঁর। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় রাজীব প্রতিবেশী এক তোতলা ছেলের সঙ্গে ঝগড়া করেন। এরপর ওই ছেলেটিকে ব্যঙ্গ করার জন্য নিজেও ‘তো তো’ করতে শুরু করেন। ছেলেটিকে দেখলেই তোতলামি করতেন রাজীব। সেই থেকে কী করে যে তোতলামি করাটা অভ্যেসে পরিণত হয়ে গেল। যে অভ্যেস এখন আর ছেড়ে যায় না তাঁকে। যে অভ্যেস তাঁর জীবনকে এলোমেলো করে দিয়েছে। ২০০৬ সালে এসএসসি পরীক্ষা পাসের পর কেন্দুয়া ডিগ্রি কলেজে ভর্তি হন রাজীব। সুঠাম দেহের অধিকারী রাজীব সেনাবাহিনীতে যোগদানের জন্য লাইনে দাঁড়ান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও তোতলামির কারণে সেনাবাহিনীতে ভর্তি হতে পারেননি তিনি। ক্ষোভে-দুঃখে পড়ালেখা ছেড়ে দেন তিনি। তারপরই হঠাৎ মনে হয়, গুন গুন করে গান গাইতে গেলে তো সমস্যা হয় না! তাহলে গানই চলুক। চার বছর ধরে একাধারে গানের সাধনা করে চলছেন তিনি। টেপরেকর্ডার, সিডি, ভিসিডি ও মুঠোফোনে গান শুনে শুনে মুখস্থ করেন। পরে চেষ্টা করেন ওই গানের শিল্পীকে অনুকরণ করে গান গাইতে। নিজের ডায়েরিতে লিখে রাখেন গানের কথা। এখন গানই জীবন হয়ে উঠেছে রাজীবের। ঘুম, খাওয়া ছাড়া বাকিটা সময় গানের মধ্যে ডুবে থাকেন তিনি। রাস্তাঘাটে যেখানেই যান সেখানেই গান করতে থাকেন। গান তাঁকে তোতলামি থেকে একটা বিরতি দিয়েছে। এবার সেই গান দিয়ে জীবনটাকে ঘুরিয়ে ফেলতে চান।বাবার বড় দুঃখ, ছেলেটা আরও পড়ালেখা করে জীবনটা গড়তে পারল না। এবার সেই দুঃখ ঘোচাতে চান। গান গেয়ে জীবন জয় করতে চান রাজীব।