চোরের কোনো রিটায়ারমেন্ট নেই। ৭২ বছর বয়সের তোতা মিয়ার বিশ্রাম নেই। এই বয়সে পুলিশের মার কিছুটা সহ্য হলেও ক্ষিপ্ত জনতার মার গায়ে একটুও সয় না। দমটা বেরিয়ে যেতে চায়। একটা সময় আসে, যখন মনে হয়—আর পারছি না খোদা, তাড়াতাড়ি আজরাইলকে পাঠাও।কিন্তু আজরাইলের তো নির্ধারিত কাজ রয়েছে। সুতরাং, দেহের কোনো খোপের ভেতর আত্মাটা আটকে থাকে।তোতা মিয়া আকুল হয়ে বলে, যা না বাপ, যা। যেদিক দিয়ে ইচ্ছে বেরিয়ে যা। তাহলে বাঁচি।আত্মা তবু যায় না।বড় মানুষের স্ত্রীর মতো চোরের স্ত্রীর তো আলাদা কোনো স্ট্যাটাস নেই। ধর্মপ্রাণ মানুষের কন্যা হলেও চোরের স্ত্রী হওয়ার কারণে সবাই ভাবে, লাইলি নিশ্চয়ই একটা কিছু হাতিয়ে নিতে এসেছে। উপেক্ষা ও ঘেন্নার এ জীবন তারও ভালো লাগে না। সেও ভাবে, চোরের বউয়ের কি মরণ নেই? আজরাইল তাকে দেখে না কেন?তোতাকে ধরতে না পেরে একবার লাইলিকে গ্রেপ্তার করে, রিমান্ডে নেয়। লাইলির তখন বয়স কম। সেখানে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়। ছাড়া পেয়ে একবার আত্মহত্যার চেষ্টা করে। আজরাইল এখানেও তার সহায় হয়নি।পরোয়ানা কাঁধে নিয়ে তোতা সবার অলক্ষ্যে মধ্যরাতে বাড়ি ফেরে। দরজায় টোকা দিয়ে পাড়া জাগানোর সুযোগ না দিয়ে জানালাপথে ঘরে ঢোকে। ঘুমন্ত স্ত্রীর পাশে শুয়ে ফিসফিস করে বলে, লাইলি, আমি তোতা। আমার জন্য তোমার এত কষ্ট।কষ্ট যতই হোক, সে রাতের যে আবেগঘন মধুর মিলন, হানিমুনেও তো তা হয়নি। স্ট্রোকে নিথর লাইলি স্মৃতিটা মনে করে, ভালো লাগে, কিন্তু শরীর এতটুকুও সাড়া দেয় না।তোতা কেবল পালিয়ে বেড়ানোর মানুষ নয়, এ সময়ও গোটা তিনেক অপারেশন করে চার-পাঁচ মাস চলার মতো টাকা বানিয়ে নিল। যদি কিছুদিন জেল খাটতেই হয়, লাইলিটার যেন অর্থকষ্ট না হয়, খাওয়াদাওয়ার যেন অভাব না পড়ে। লাইলিটার এখনো যে কাঁচা বয়স। কষ্ট সইতে পারবে না।তোতা মনে করে বিয়ের রাতের কথা, তার পরের দিনের কথা। চোরের আবার হানিমুন। নারীসঙ্গ কাজের মানুষকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তোতা দ্বিতীয় দিন মধ্যরাতে নতুন স্ত্রীকে আধোঘুমে রেখে বলে, লাইলি, মাত্র দুরাত। পরশু ফিরব।তোতার অপারেশন সফল। বড় অপারেশন। সঙ্গী ছিল মামাতো ভাই চুন্নু। সাহস তার দুর্দান্ত। নিজেই বলে, মানুষের যত না ভূতের ভয়, চোরের ভয় তার চেয়ে অনেক বেশি। অবস্থাপন্ন ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়িতে সিঁধ কেটে চুরি। রেডিও, ঘড়ি, কিছু সোনাদানা, দামি কাপড়চোপড় ভালোই জড়ো করতে পেরেছে। চুন্নু তার ভাগ নেয়নি। বলেছে, ভাবিকে দিলাম।একসঙ্গে এত সম্পদ লাইলি কখনো পায়নি, পাওয়ার কথাও নয়। হোক চুরির মাল, সবই তো সমর্পণ করেছে লাইলির হাতে। একটি পশমি চাদর গায়ে জড়িয়ে বলেছে, আপনি কিন্তু সাবধানে থাকবেন। নুরানি হুজুরের কাছ থেকে একটা তাবিজ এনে দেব, যাতে ধরা না পড়েন। বিয়ের সপ্তম দিন লাইলি বলল, দুটি প্রশ্নের জবাব দিন। এটা কি ঠিক, গৃহস্থের যাতে ঘুম না ভাঙে, সে জন্য আপনারা মানে চোরেরা ঘরের চালে কবরের শুকনো মাটি ছড়িয়ে দেন। আর চুরি করতে যাওয়ার সময় আপনারা সবাই শরীরে সরষের তেল মাখেন, যেন পিছলে শরীর ধরে রাখতে না পারে?তোতা স্ত্রীর কথায় হাসে। এসব তো সেও শুনেছে। নিজে কখনো গায়ে সরষের তেল মাখেনি, কবরের পাশ দিয়ে হাঁটাচলার সময় মাটি নেওয়ার কথা মনে হয়েছে, কিন্তু নেয়নি। কবরের মাটি জীবন্ত মানুষকে ঘুম পাড়িয়ে রাখতে পারে—এ বিশ্বাস তার নেই। এমনকি খতমে ইউনুস পড়ে তিনবার বুকে ফুঁ দিয়ে সিঁধ কেটে ঘরে ঢুকলে ধরা পড়ার আশঙ্কা নেই—এটাও সে বিশ্বাস করেনি। তার কথা একটাই—গৃহস্থ সতর্ক থাকবে, চোরকেও সতর্ক থাকতে হবে। সতর্কতার দৌড়ে চোর পিছিয়ে পড়লে ধরা পড়বে, মার খাবে। যৌবনে চুরি করতে গিয়ে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে হারিকেনের মৃদু আলোয় বুকের কাপড় সরে যাওয়া ঘুমন্ত এক তরুণীকে দেখে তোতা আনমনা হয়ে পড়েছিল। এ কারণে অপারেশনের সময় থেকে কয়েকটি মুহূর্ত নষ্ট হয়ে যায়। এটাই তার ধরা পড়ার কারণ।আরেকবার মুহূর্তের অসতর্কতায় চোরাই মাল নিয়ে পলায়নপর তোতা হোঁচট খেয়ে পড়ে। কেউ একজন তার লুঙ্গি ধরে ফেলে। তোতা জানত, পেশাজীবীর লজ্জাশরম থাকলে চলে না। লুঙ্গির গিঁটটা আলগা করে কাপড়টা ছেড়ে চোরাই মালের ব্যাগ ফেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে তোতা। এক ডুবে কোথায় যে চলে যায়, সন্ধ্যার অন্ধকারে কেউই বুঝতে পারে না।এসব কথা খেতে খেতে লাইলিকে শুনিয়েছে। লাইলি বলেছে, আপনার মতো এমন সাহসী মানুষ খোদার দুনিয়ায় নেই। তো ফুড ইন্সপেক্টরের বাড়িতে মেয়েটার দিকে কেন তাকিয়েছিলেন?তোতা বলল, মুখের ছাঁচটা অবিকল তোমার মতো, তবে গায়ের রংটা তোমার মতো...এত ফরসা নয়।হারিকেনের আবছা আলোয় গায়ের রংও বুঝতে পেরেছেন? ছুঁয়ে দেখেন নাই তো?মেয়েমানুষের গায়ে হাত দিতে অন্য রকম সাহস লাগে। আমার সেই সাহস আর হবে না। তা ছাড়া এত সুন্দর লাইলি রেখে অন্য জায়গায় হাত দিয়ে হাত নষ্ট করব নাকি?লাইলি বলল, সত্যি বলছেন?সত্যি।কসম বলেন।কসম।আমার গা ছুঁয়ে বলেন।গা ছুঁতে গিয়ে তোতার একটু বেশি রকম ছোঁয়াছুঁয়ি হয়ে যায়। আর এটাই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত দুজনেই নির্বসন করে ফেলে। লাইলি জিগ্যেস করে, আপনি এই রকম অবস্থায় দৌড়ে পানিতে পড়েছেন?তখন কী আর করা।সামনের দিকটা কেউ দেখে নাই তো?আরে না, ধাওয়া তো পেছন থেকে দিয়েছে।পেছনের দিকটা অন্য কেউ দেখলে সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা, মেয়েমানুষ চুরিতে নামে নাই?ছিঁচকে চুরি পর্যন্ত। সিঁধ কাটা পুরুষের কাজ।আমাকে একদিন সঙ্গে নেবেন।সমস্যা আছে।ডুব-সাঁতার আমিও জানি। ধাওয়া দিলে শাড়ি-ছায়া-ব্লাউজ রেখে আমিও আপনার সঙ্গে দৌড়াব। এভাবেই আদম-হাওয়া কি দৌড়াদৌড়ি করে নাই?করেছে। কিন্তু সেখানে আর কোনো মানুষ ছিল না। তোমার শরীরের একটা কণাও অন্য কেউ দেখুক, সেটা যে আমি চাই না।দেখলে অসুবিধা কী? লাইলি বলে।যে দেখবে, আমি তার চোখ গেলে ফেলব।আপনি অনেক বড় বাহাদুর। দুনিয়াতে এত কাজ থাকতে আপনি চুরি করার কাজটা পছন্দ করলেন কেন?তোতা বলে, আমি জানি, মানুষ যখন তোমাকে চোরের বউ বলে, তোমার শরম লাগে। চিন্তা কোরো না। আমিও আর চোর থাকতে চাই না। চেষ্টা করে যাচ্ছি। একটা পিস্তল যেদিন হাতে আসবে, তুমি চেষ্টা করেও আমাকে সিঁধ কাটতে পাঠাতে পারবে না। আমি তখন...।লাইলি কথা থামিয়ে দেয়, আপনি তখন খুন-খারাবি করবেন।অস্তাগফিরুল্লাহ! তুমি যে কী বলো।তোতার হাতে কল্পিত পিস্তল। ট্রিগার টানছে। স্মিত হেসে বলে, মানুষের দিন সব সময়ই এক রকম যায় না। দিন আমাদেরও পাল্টাবে। তুমি আর চোরের বউ থাকবে না। একবার হাতে পেলেই আমি ডাকাতি শুরু করব। তখন দেখবে, বড় সাহেব আর মন্ত্রীর স্ত্রীদের যে মর্যাদা, তোমারও তা-ই। শোন লাইলি, আমি সুদিনের অপেক্ষায় আছি।আমিও।লাইলির জন্য প্রস্তাব কম আসেনি। এমনকি ইমাম সাহেবও সম্বন্ধ করার প্রস্তাব পাঠান। লাইলির বাবা বলে, অসম্ভব। নিজেই চলে তোলা টাকায়, আমার মেয়ে খাবে কী?তোতা দূর সম্পর্কের আত্মীয়। বয়স তখন ২৭। চোর হিসেবে কিছু নাম হয়েছে। ১৫ বছর বয়সী লাইলিকে বউ করার জন্য তোতার মা নিজেই আসে। লাইলির বাবা রাজি হয়ে যায়। বলে, দুনিয়াটাই তো চোরে ভরা। তোতার তো নামডাকও হয়েছে। তোতা বেঁচে থাকলে আমার মেয়ে না খেয়ে মরবে না।লাইলি হিসাব মেলায়, এটা ঠিক। তোতা মিয়ার বউ হয়ে সে খাবারের কষ্ট পায়নি। যদিও বহুবার জেলটেল খেটেছে, তোতা তার উর্বর জরায়ু খবু কম সময়ই পতিত ফেলে রেখেছে। পাঁচ কন্যা ও দুই পুত্রও ধীরে ধীরে বেড়ে উঠেছে। তোতা তাদের জীবনের কষ্ট হরণ করতে আপ্রাণ চেষ্টা করেছে। পঁয়ষট্টি বছর বয়সেও ঘড়ি চুরি করে মেয়ের জামাইকে এবং স্বর্ণালংকার চুরি করে ছেলের বউকে দিয়েছে। কেবল স্বপ্নটাই হাসিল হয়নি।একটা পিস্তল হাতে আসেনি। তোতা মিয়ার ডাকাত হওয়ার স্বপ্নটা অপূর্ণ থেকে যায়। তাতেও যে তোতার খুব আফসোস, তা নয়। হাসতে হাসতেই স্ত্রীকে বলে, আমার অবস্থা আমাদের এমপি সাহেবের মতো। পর পর সাতবার এমপি হয়েও মন্ত্রী হতে পারেননি। সবই নিয়তি, লাইলি, সবই নিয়তি।লাইলি তখন বিছানায়, উঠতে পারে না। তোতাও তেমন বাইরে যায় না। লাইলির পাশে বসে। একথা-সেকথা বলে। লাইলি পনেরো বছরের ছোট হলেও শরীর ভেঙে তার যে অবস্থা, যে কেউ তাকে সত্তর বলবে।লাইলি বলে, টিয়ার শ্বশুর টিয়াকে বলেছে, তোমার বাবার কারণে মানুষ আমাকে চোরের বেয়াই বলে। কই, এখনো তো তোমার গলার পুরোনো হারের বদলে নতুন নেকলেস নিয়ে কেউ এল না।টিয়ার বিয়ের সময় হাতের টাকা কমে যাওয়ায় আপাতত লাইলির গলার জিনিসটা দিয়ে দেয়। পরে নতুন একটা দিয়ে পুরোনোটা ফিরিয়ে নেবে।তোতা বলে, তোমার গলাটা খালি! আমার শরীরেও সায় দেয় না। অপারেশনে বের হতে পারি না।লাইলি কোনো কথা বলে না। তোতা মিয়া বলতে থাকে, আমি তোমার জন্য হুইলচেয়ার আনাব। আর কী বলেছিলে, হট ওয়াটারব্যাগ আর আইসব্যাগ। একটা ওয়াকিং স্টিক। আচ্ছা। আইসব্যাগটা বেশি জরুরি।লাইলি যে ঘুমিয়ে পড়েছে, তোতা বুঝতে পারেনি। স্ত্রীর কী কী লাগবে একটার পর একটা তালিকা করছে। লাইলির জ্বরতপ্ত কপালে আইসব্যাগ দিতে হবে। বিয়ের দ্বিতীয় দিন মধ্যরাতে যেমন ফিসফিস করে বলেছিল, লাইলি মাত্র দুরাত, পরশু ফিরব—ঠিক একই কথা শোনাল তার ঘুমন্ত স্ত্রীকে।জেলা সদরের প্যানাসিয়া ফার্মেসি থেকে আইসব্যাগটা নিয়ে দ্রুত তার ঝোলা ব্যাগে চালান করল। ওখানকার সাধারণ এক দোকানদার চেঁচিয়ে ওঠে, চোর।দুপাও এগোতে পারেনি তোতা। প্রচণ্ড মার খেয়ে হুমড়ি খেয়ে রাস্তায় পড়ল। বলবান যুবকদের একজন বলছে, বুড়োর নুনুটা কেটে দে। শালা চোরের বাচ্চা চোর। চোখের সামনে একটা মানুষ এভাবে মারা পড়বে—সম্ভবত এই দৃশ্যটা যাতে দেখতে না হয়, সে জন্য পাশের দোকানের একজন পুলিশকে ফোন করে।যখন তাকে পুলিশে সোপর্দ করা হয়, তার দম যায়নি। ঝোলা ব্যাগ ধরে রাখার মুঠি আলগা হয়ে যায়। পুলিশ একটা জব্দ তালিকা তৈরি করে। ২৪ ক্যারেট গিনি সোনার দুই ভরি ওজনের একটি গলার হার। একটি হট ওয়াটারব্যাগ, একটি ওয়াকিং স্টিক। একটি পানের কৌটা।তোতার ঠোঁট নড়ে। লাইলি আমি ফিরে এসেছি।তোতার দম তখনো অটুট। ঘোরের মধ্যে তার ডান হাতের তর্জনী তখন ট্রিগার টানছে।