তোমার চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামলী তোমার চোখ নীল!

এত ঘন সুগভীর নীল

যেন একজোড়া অশান্ত অতলান্তিক

সহস্র যুগের তরঙ্গভঙ্গের কাল শেষ করে

শান্ত হয়ে বসেছে ওখানে।

এখনো কি রক্তে ধরে আছো

পরিযায়ী হাঁসের প্রণয়, ভাসমান নাবিক হূদয়?

পলির আদর মাখা মাটির সুবাসে

সমুদ্র মন্থন করে এইখানে এসে

ওলন্দাজ বুঝেছিল বন্দরের কথ্যভাষা?

দেহভাষ্যে চিনেছিল মায়ার অন্তর?

শ্যামলী তোমার চোখে এত এত নীল

যেন এক দীর্ঘ নৌবহর পালের বাতাসে

জলপথে ভেসে যেতে যেতে ওইখানে

বসিয়েছে স্মৃতির নোঙর। 

মাটি ও জলের অলিখিত প্রণয়ের

উপাখ্যান নিয়ে সমুদ্র ঘুমিয়ে আছে

তোমার নয়নে।