তোমার মাটির সরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালে মাটির সরা, হলুদ পোট্রে৴ট
নকশি কাঁথা ঝুলিয়ে দিয়েছ ফ্রেমে—
সে রকম হাইওয়ে কিনারে কোথাও নিশ্চয় আছে
আকন্দের ঝোপ, ফণীমনসা
সাহারায় ছাতি ফেটে মরবে না তুমি
বালুঢিবির ওপারে শান্ত পদ্মদিঘি, হাঁস
এখনই তো মেঘ উঠবে ডেকে
তারপর বৃষ্টির ঝাপটা, রবীন্দ্রপাপড়ির ওড়াউড়ি
ওই যে বাজছে দূরের ঘণ্টাধ্বনি
দস্যি ছেলেরা নদীজলে, শেষ গুদারা নাও ডুবুডুবু
মা ডাকে, এখানে ডাকে না, এখানে স্বাধীনতা
রাস্তায় স্কয়ারে ফুর্তি, সাম্বা, সালসা
টাইম জোন মেপে ঢোকো বৈশাখী উৎসবে
ফেসবুকে ঝরে যায় অশ্রুর ফোঁটা
এখানে নিমডাল নেই, আসে না অলৌকিক পাখি
হারিয়েছ সব? কী পেয়েছিলে বলো
মায়ামিতে জানালা খুললেই ঝোড়ো হাওয়া
সমুদ্রঝড় ধেয়ে আসছে মধ্যরাতে
আহা, দেয়ালের আভাগার্দ কাজ স্যুভেনির
তোমার মাটির সরা ভেঙে পড়ল বাতাসে
ভাঙতে দাও, বিদ্যুৎ চলে গেছে। জ্বালো কুপি।