১৯৪০-এর দশকের শীর্ষ আধুনিক কবিদের অন্যতম আবুল হোসেন। বাঙালি মুসলমান কবিদের মধ্যেও তিনি অগ্রগণ্য। ২৯ জুন এ কবির প্রথম মৃত্যুবার্ষিকী

‘আবুল হোসেনের কবিতার প্রধান চারিত্র্যলক্ষণ বাকসংযম। উচ্ছ্বাস, আবেগ, কল্পনা ও বর্ণালি—এসব, অর্থাৎ তথাকথিত কবিত্ব, বর্জনেই তাঁর কবিসত্তার প্রকাশ। এদিক থেকে আবুল হোসেনই আমাদের প্রথম আধুনিক কবি।’
‘কবিতা’, আবদুল মান্নান সৈয়দ, আধুনিক সাম্প্রতিক, সময় প্রকাশন, ঢাকা, ২০০১।
উদ্ধৃত ভাষ্যকে কবি আবুল হেসেনের কবিতা-মূল্যায়নের সারকথা বলা যায়। কবিতাসৃষ্টিতে ‘তথাকথিত কবিত্ব’ বর্জনে মননশীলতার গভীর পরিশ্রুতিপ্রয়াস প্রয়োজন। বাংলাদেশের কবিদের মধ্যে তাঁর মতো এতটা পরিশীলনপ্রবণ প্রায় কাউকেই দেখা যায় না। তিনি দীর্ঘজীবী হয়েছিলেন কবিতায় তাঁর নিজ স্বভাবকে পরিপূর্ণভাবে লালন করেই। কবিতা সৃষ্টির ব্যাপারে আবু সয়ীদ আইয়ুবের কাছ থেকে তাঁর চেতনা যে দার্শনিক নির্দেশনা পেয়েছিল, তার ইশারাতেই চিনেছিলেন পথ। বয়স বাড়লেও তাঁর বোধে শৈথিল্য ঘটেনি। জরা তাঁর শরীরকে খানিকটা অধিকার করলেও মনকে একেবারেই পারেনি। আবুল হোসেনের কবিসত্তা কালের আঘাতে বিচলিত হলেও তার প্রকাশে একধরনের স্থৈর্য কবির কবিতাকে বৈশিষ্ট্য দান করেছে। আলোকচিত্রে বা কবির সঙ্গে চাক্ষুষ সাক্ষাতে তাঁর ব্যক্তিত্বের যে পরিচয় পাওয়া গেছে, তাতে মনে হয়েছে তাঁর মুখে যেমন সর্বদা ছিল প্রসন্ন হাসি, তেমনি ভাবগাম্ভীর্যেরও চিহ্ন। এর চিহ্ন রয়েছে কবিতাতেও। কবিতা থেকে তিনি ঝরিয়ে দিতে চেয়েছেন আবেগের ফেনা। নিষ্কাশন করে দিতে চেয়েছেন ভাবালুতার রংকে। কবিতার সংগ্রামী পথে তাঁর এই বিশিষ্টতা সেই চল্লিশ দশকের যাত্রা শুরুর লগ্ন থেকেই দেখতে পাওয়া গেছে! পরিশীলনপ্রবণতাই কবিকে দিয়েছে এই ক্ষমতা। কবিতা সৃষ্টি তাঁর কাছে কেবল মুহূর্তের আবেগসঞ্জাত ব্যাপার নয়, গভীরতর উপলব্ধির সংযত ও সংহত প্রকাশও। এই সংযম ও সংহতিপ্রবণতাই আবুল হোসেনকে বিরলপ্রজ করেছে। বিভিন্ন সাক্ষাৎকারেও বলেছেন, তাঁর কবিতা কম সংখ্যায় প্রকাশিত হলেও কবিতার চর্চায় ধারাবাহিকতার ছেদ ঘটেনি।
এ খবর আমাদের রোমাঞ্চিত করতে পারে যে বাংলা ভাষার আধুনিক যুগের প্রধান কবিদের—অর্থাৎ রবীন্দ্রনাথ–নজরুল–জীবনানন্দ কিংবা জসীমউদ্দীন—এঁদের প্রত্যেকের সঙ্গেই ছিল তাঁর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিচয়; এই তথ্যও চমক জাগাতে পারে আমাদের মনে যে জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যের প্রথম সমালোচকও ছিলেন তিনিই। এই কবির প্রথম কবিতার বই নববসন্ত প্রকাশের লগ্নেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। সে কালের হিন্দু-মুসলিমনির্বিশেষে পরিচালিত বাংলা ভাষার সেরা পত্রিকাগুলোতে প্রকাশিত হচ্ছিল তাঁর কবিতা। তিনি সান্নিধ্য পেয়েছিলেন তিরিশি আধুনিক কবিতার দিকপালদের। এই সব মিলিয়ে একধরনের জটিল রসায়ন তাঁকে এগিয়ে দিয়েছে আধুনিকবাদী চৈতন্যের দিকে।
নববসন্ত (১৯৪০) দিয়েই খ্যাতির সূচনা। ওই বইয়ে অন্তর্ভুক্ত কবিতাগুলো বেরিয়েছিল সওগাত, মাসিক মোহাম্মদী, নিরুক্ত, পূর্বাশা, অরণি, দেশ, নবশক্তি, যুগান্তর, আনন্দবাজার প্রভৃতি প্রধান পত্রিকায়। সুতরাং সেকালের সাহিত্যের পাঠকদের কাছে অতিতরুণ এই কবি একেবারে অপরিচিত ছিলেন না। কবি হিসেবে তিনি কতটা চিহ্নিত হয়েছিলেন, তার পরিচয় পাওয়া যায় প্রকাশের অল্পকালের মধ্যেই তাঁর নববসন্ত বইটির ওপর লিখিত সমালোচনার সংখ্যা ও সেসব সমালোচনা-লেখকদের নাম থেকে। সমালোচনা বেরিয়েছিল মোহাম্মদ নাসিরউদ্দীনের সওগাত-এ, লিখেছিলেন তাঁর সমসাময়িক আরেক খ্যাতিমান সাহিত্যিক গোলাম কুদ্দুস; হুমায়ুন কবিরের বিখ্যাত চতুরঙ্গতে লিখেছিলেন আরেক সমসাময়িক বিখ্যাত শওকত ওসমান; আধুনিক কবিতার প্রধানতম আশ্রয় বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় লিখেছিলেন কৃতবিদ্য ইতিহাসবিদ ও রবীন্দ্রসাহিত্যের স্মরণীয় ব্যাখ্যাতা নীহাররঞ্জন রায়; কৃষক পত্রিকায় ‘নবীন কবি’ শিরোনামে লিখেছিলেন আবুল মনসুর আহমদের মতো খ্যাতিমান রাজনীতিক-সাহিত্যিক; আরেক বিশিষ্ট সাহিত্য পত্রিকা আবু সাঈদ চৌধুরী সম্পাদিত রূপায়ণ-এ লিখেছিলেন শরৎচন্দ্র ও বঙ্কিম সাহিত্যের সমালোচক অধ্যাপক সুবোধচন্দ্র সেনগুপ্ত; নিরুক্ত পত্রিকায় লিখেছিলেন রজত সেন এবং সলিমুল্লাহ হল বার্ষিকীতে সৈয়দ সাজ্জাদ হোসায়েন। সবচেয়ে শ্লাঘার ব্যাপার, বিনয়কুমার সরকারের মতো দার্শনিক-অধ্যাপক তাঁর মতো তরুণ কবির সম্পর্কেও লিখিত মন্তব্য করেছেন সে সময়। তিনি বলেছিলেন, ‘কল্পনা আছে। এই হচ্ছে বড় কথা। নববসন্তর কবিতায়ও আবুলের কল্পনাশক্তি মূর্তি পেয়েছে। তথাকথিত গদ্যকাব্য এসব নয়।...পড়বার সময় হোঁচট খেতে হয় না। আবুলের বিষয়বস্তু রকমারি।’ [আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত আবুল হোসেনের ব্যঙ্গ কবিতার ফ্ল্যাপের উদ্ধৃতি] কাজী নজরুল ইসলামের কথা আগেই উল্লিখিত হয়েছে। যদিও নজরুলের মন্তব্যে আবুল হোসেনের কবিস্বভাবকে সমর্থন করা হয়নি। কিন্তু আবুল হোসেন অনুভব করেছেন তাঁর কবিতা নজরুলের সমর্থন না পাবারই কথা। কারণ, নজরুল অমিত যৌবনের ও প্রবল আবেগোচ্ছ্বাসের কবি। বিপরীতে আবুল হোসেনের কবিতা আবেগ-সংহতির। তাই এক অর্থে নজরুলের এই অসমর্থনই কাঙ্ক্ষিত ছিল তাঁর। সুতরাং তাঁর কাছে বরং নজরুলের অপছন্দকেই প্রশংসা মনে হয়েছে। যথার্থই বুঝেছিলেন নজরুল-স্বভাবের বিপরীতেই তাঁর কবিসত্তার সাফল্য সূচিত হবে। নববসন্ত সম্পর্কে ওপরের সমালোচনা ও মন্তব্য থেকেই অনুভব করা যায়, বাংলা কবিতায় আরেকটি পালাবদলের আভাস তাঁর মধ্যে সে সময়ের সাহিত্যরসিকেরা পেয়ে গিয়েছিলেন। সে পালাবদল আধুনিকবাদিতার দিকে। বাংলার মুসলমান সমাজের কবিদের মধ্যে এই আধুনিকবাদিতার আহ্বান তিনিই শুনতে পেয়েছিলেন সবার আগে।
সমালোচকদের প্রায় সবাই বলেছেন যে চল্লিশের দশকের বাংলা কবিতার সাধারণ প্রবণতা ছিল সমাজ-রাজনীতিচেতনতা ও সমাজতান্ত্রিকতার দিকে। আবুল হোসেনের কবিতাও নিজের কালের এই ছাপমুক্ত নয়। তাঁর ‘ডি এইচ রেলওয়ে’ নামের কবিতাটি বেশ খ্যাতি অর্জন করেছিল।
নজরুলের কবিতায় প্রথম নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রকাশ চমকিত করেছিল। কিন্তু মননশীল প্রকাশভঙ্গিতে আবুল হোসেনও লিখেছিলেন নারীবাদী কবিতা ‘বাংলার মেয়ে’—যে দৃষ্টিভঙ্গিসেকালে অপ্রাপ্য ছিল বাংলা কবিতায়। আরেকটি কবিতা বিখ্যাত হয়েছিল ‘ব্যাংককে বৃষ্টি’। এই কবিতাটির মধ্য দিয়ে তাঁর কবিপরিচয়েরও বিস্তার ঘটেছিল।
অনুবাদক হিসেবেও আবুল হোসেন স্বস্বভাবী। কিছু কবিতা অনুবাদও করেছিলেন। তাঁর অনূদিত কবিতার বইয়ের নাম অন্য ক্ষেতের ফসল। এ নামকরণের মধ্যেও কবিতা অনুবাদের নতুন তাৎপর্য সৃষ্টি করতে চেয়েছেন তিনি। রুশ কবি রসুল গমজাতভের আমার জন্মভূমি বই থেকেও কিছু কবিতার অনুবাদ করেছিলেন তিনি তাঁর ভাবালুতাঝরানো ভাষ্যে। আবার ইকবালের কবিতা নামে তাঁর একটি বইয়ে ইকবালের কবিতার দার্শনিকতাকে পাওয়া যায় প্রায় নিরাবেগ ও সংহতভাষ্যে।
সাধারণভাবে যে ধরনের বাকভঙ্গি কবিতায় ব্যবহৃত হতে দেখা যায়, তা মুখের ভাষা থেকে একটু আলাদা হয়ে থাকে। ছন্দ ও অলঙ্কার এর ভঙ্গিকে সাধারণ কথা বলার ভঙ্গি থেকে আলাদা করে দেয়। সাধারণভাবে এই রকমটাই আমরা দেখি। আবুল হোসেনের বেলায় সে রকমটি বলা যাবে না। কারণ, তিনি সাধনা করেছেন মুখের কথার সাধারণ ভঙ্গিকেই কবিতার বাকভঙ্গির সামর্থ্য দিতে। তাই তাঁর কবিতায় কথা বলার ভঙ্গিতে রয়েছে সূক্ষ্ম ব্যঞ্জনা। ছন্দে কবিতা লিখলেও তাঁর বাক্য এগিয়ে চলে গদ্যের মতো। অমনোযোগী পাঠে এর অন্তর্নিহিত সৌন্দর্য থেকে বঞ্চিত হতে পারেন পাঠকেরা।
কবিতার বইয়ের নামকরণ থেকেও একটি ধারাবাহিকতা পাওয়া যায় কবিতায় ধরে রাখা তাঁর জীবনদৃষ্টির। প্রথম কবিতার বই নববসন্তর পরে (দ্বিতীয় সংস্করণ বেরিয়েছিল ১৯৭৭ সালে) দ্বিতীয় কবিতার বই বিরস সংলাপ বেরিয়েছে দীর্ঘ বিরতি দিয়ে ১৯৬৯ সালে, পরের বই যথাক্রমে হাওয়া তোমার কি দুঃসাহস (১৯৮২), এখনও সময় আছে (১৯৯৭), আর কিসের অপেক্ষা (২০০০)। এরপরে বেরিয়েছে ছোটদের কবিতার একটি বই—রাজকাহিনী (২০০৪) নামে। শেষের বইটির নামকরণও কবির জীবনযাত্রার একটি ধারাবাহিকতাকেই নির্দেশ করে—বইটির নাম তিনি রেখেছেন যাবার আগে (২০১০); আবদুল মান্নান সৈয়দ ২০০৭ সালে আবুল হোসেনের ব্যঙ্গ কবিতা নামের একটি কবিতা সংকলন সম্পাদনা করে তাঁর কবিতার আরেকটি ধারার প্রতি দৃষ্টি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আবুল হোসেন অনুমোদনও করেছিলেন সেটি।
কবিতার আঙ্গিক সংগঠনের ক্ষেত্রে তিনি পরীক্ষা করেছেন ছন্দ নিয়ে, অন্ত্যমিলে এনেছেন সূক্ষ্ম চমক, মধ্যমিল ও লুকোনো মিলে তাঁর নৈপুণ্য অন্যদের থেকে আলাদা করেছে তাঁকে। তবে বিষয়বস্তুর দিক থেকে, আবদুল মান্নান সৈয়দ ঠিকই বলেছেন, ‘সংবেদন ও অভিজ্ঞতা আবুল হোসেনের কবিতার মূলধন। এই অভিজ্ঞতাকেই অগ্রজ কবি সুধীন্দ্রনাথ দত্ত কবিতায় সর্বাধিক মূল্য দিয়েছিলেন।’ কিন্তু মান্নান সৈয়দ এটা লক্ষ করতে ভুল করেননি যে, ‘কিন্তু সুধীন্দ্রনাথের তৎসম শব্দ ব্যবহারকে আবুল হোসেন সুচেতনভাবেই পরিবর্জন করে চলেছেন চিরকাল।’
কবিপরিচয়েই তিনি বেশি গ্রহণীয় বলে এখানে আবুল হোসেনের কবিতার কথাই মূলত বলা হলো। কিন্তু তাঁর গদ্যরচনাও অকিঞ্চিৎকর নয়! বিশেষ করে তাঁর স্মৃতিকথাগুলোও পড়ে দেখা জরুরি। আমার এই ছোট ভুবন (২০০৩), আর এক ভুবন (২০০৫), কালের খাতায় (২০০৮), স্বপ্ন ভঙ্গের পালা (২০০৯), অপরাহ্ণের স্মৃতি (২০১৪)—পাঁচ খণ্ডে সমাপ্ত তাঁর স্মৃকিথার বই। কবিতার বইয়ের নামকরণে আবুল হোসেনের যেমন একটি দার্শনিক নির্দেশনা ছিল, তেমনটি ছিল আত্মজীবনীমূলক বইয়ের নামকরণেও। ইতিহাসের এমন একটা কাল তিনি অতিক্রম করেছেন, যার সাক্ষ্য রেখে গেছেন এসব বইয়ের মধ্যে। চল্লিশের দশকের যে সামাজিক-রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তাঁর বা তাঁর সমকালীন কবি-সাহিত্যিকদের বেড়ে-ওঠা, তার পরিচয় পাওয়া যাবে এই স্মৃতিকথায়। এ কবির সাহিত্য-সমালোচনামূলক গদ্যরচনারও তাৎপর্য রয়েছে। বাংলাদেশের সাহিত্যভাবনায় সেগুলোকেও বিবেচনা করে দেখা দরকার। সেগুলো পৃথক পর্যালোচনার দাবি রাখে।
আবুল হোসেন দীর্ঘজীবী হয়েছিলেন। যদিও বার্ধক্যজনিত কারণে চলাফেরা সীমিত হয়ে গিয়েছিল শেষের দিকে। ফলে সাহিত্য সমাজে তাঁর উপস্থিতি অনেক সময় অনুভব করা যেত না। কিন্তু মাঝেমধ্যেই বিশেষ উপলক্ষে তাঁর কবিতা স্থান পেত পত্রিকার কবিতাস্থানের শিরোদেশে। তরুণ লেখক-সাহিত্যিকদের সাক্ষাৎও দিতেন মাঝে মাঝেই। পত্রিকার পাতায় তাঁর সাক্ষাৎকারও ছিল কবিতাপ্রেমী পাঠকদের কাছে মহার্ঘ বস্তু। তাঁর ত্রিকালদর্শী জীবনের স্পর্শ পাওয়া যেত সেসব সাক্ষাৎকারে। রবীন্দ্র-নজরুল-জীবনানন্দ-জসীমউদ্দীন ও তিরিশের কবিদের প্রত্যক্ষ স্মৃতিবাহী এই মানুষটির অভাব নিশ্চয়ই আরও কিছুকাল অনুভূত হবে আমাদের সমাজে। এ কথাও নিশ্চয়ই স্বীকার করতে হবে যে সৃষ্টিশীলতায় জীবনব্যাপী তাঁর ধারাবাহিক নিমগ্নতার দৃষ্টান্তও উত্তরপ্রজন্মের কাছে অনুসরণীয় হতে পারে আরও বহুকাল। আবুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা।