থ্রি-ডি টিভি বাজারে
গত জানুয়ারিতেই ঘোষণাটা এসেছিল, লাস ভেগাসের কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে থ্রি-ডি টিভি আসছে শিগগিরই। পরবর্তীতে অ্যাভাটার সিনেমার তুমুল সাফল্যের পর সেই কাজটি আরও গতি পেয়েছে কেবল। বাস্তবতা হলো থ্রি-ডি টিভি এখন বাজারে। বাংলাদেশের ক্রেতারা হয়তো এই টিভি এখনই কিনতে পারবে না, আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। তবে পশ্চিমা দুনিয়ায় দোকানে দোকানে এখন শোভা পাচ্ছে থ্রি-ডি টিভি।ইউরোপের বাজারে গত শুক্রবার স্যামসাং এনেছে তাদের UE40C700 মডেলের টিভি, ৪৭ ইঞ্চির এই টিভির দাম পড়বে ১৭৯৯ ডলার, বাংলাদেশি টাকায় ১২,৪১৩ টাকার মতো, তবে এর সঙ্গে এখন ক্রেতাকে খরচ করতে হবে আরও ২০০ ডলার বা ১৩৬০০ টাকা, একটা বিশেষ কেব্ল ও বিশেষ ধরনের চশমার জন্য। তবে জুনের আগে এই টিভির মালিকেরা থ্রি-ডির পুরো কারিশমা দেখতে পাবেন না, স্কাই টিভির থ্রি-ডি চ্যানেল চালু হবে জুনের শেষ দিকে।UE40C700, থ্রি-ডি সম্প্রচার এখনই শুরু না হলেও স্যামসাংয়ের এই নতুন হার্ডওয়্যারের দর্শক ঠিকই দেখতে পাবে ব্লু-রে ফিল্মের পূর্ণ এফেক্ট। কিছু কিছু বিক্রেতা প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য সেটের সঙ্গে দিচ্ছে মনস্টার ভারসাস এলিয়েন মুভি।ওয়াইড স্ক্রিন আর হাই ডেফিনেশন টিভির পর থ্রি-ডি টিভি এক নতুন সংযোজন। তবে মিডিয়া বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, এই টিভি ইউরোপ, আমেরিকা ও জাপানের ঘরে ঘরে পৌঁছাতে আরও সময় লাগবে। এর প্রধান কারণ মূল্য। যাঁরা বিশাল স্ক্রিনের টিভি দেখতে চান, অর্থ নিয়ে ভাবতে চান না, হাই ডেফের পরিবর্তে থ্রি-ডি নিঃসন্দেহে ভালো বিকল্প। কিন্তু অন্য যাঁরা টিভির জন্য ৩০-৪০ হাজার টাকার বেশি খরচ করতে আগ্রহী নন, তাঁদের সাধ্যের মধ্যে দাম আসতে আরও অপেক্ষা করতে হবে। তবে চীনা প্রযুক্তি এই প্রত্যাশা খুব বেশি দীর্ঘায়িত হতে দেবে না।সারা বিশ্বের জন্য জুনে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল থ্রি-ডি ফরম্যাটে প্রচারের পরিকল্পনা নিয়েছে এসবিএস। পরিকল্পনা মতে, অন্তত ২৫টি ম্যাচ তারা দেখানোর চেষ্টা করবে থ্রি-ডিতে।ইএসপিএনের ঘোষণা অনুযায়ী তারাও দ্রুত নামছে থ্রি-ডি সম্প্রচারে। ডিসকভারি চ্যানেল সনি ও আইম্যাক্সের সহযোগিতায় থ্রি-ডি সম্প্রচারে যাবে ২০১১ সালে।ইএসপিএনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে তারা ৮৫টি স্পোর্টিং ইভেন্ট সরাসরি থ্রি-ডি ফরম্যাটে সম্প্রচার করবে, আর এর সূচনা হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের প্রথম দিনের দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকোর ম্যাচ দিয়েই।ফিলিপস আনছে ৪২ ইঞ্চির ফ্ল্যাট প্যানেল থ্রি-ডি টিভি।