চ্যালেঞ্জিং দি ইনজাস্টিস অব পোভার্টি: এজেন্ডা ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া—রেহমান সোবহানপ্রকাশক: সেজ পাবলিকেশন, নয়াদিল্লি, ২০১০ \ ৪৮৬ পৃষ্ঠাপ্রবৃদ্ধির ক্ষেত্রে দক্ষিণ এশিয়া হলো বিশ্বের দ্বিতীয় দ্রুততম বিকাশমান অঞ্চল। প্রথম স্থানে আছে পূর্ব এশিয়া। দক্ষিণ এশিয়ার অব্যাহত প্রবৃদ্ধির পাশাপাশি এখানকার দারিদ্র্যের হার কমছে। তবে দারিদ্র্য হ্রাসের এই হার মোট গরিব মানুষের সংখ্যা কমিয়ে আনার জন্য এখনো যথেষ্ট নয়। বিভিন্ন ধরনের দারিদ্র্যবিমোচন কর্মসূচির সঙ্গে প্রবৃদ্ধির সমন্বয় ঘটার পরও তা হয়নি। বরং গরিব মানুষের মোট সংখ্যা বেড়েছে। দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠী এখন বিশ্বের সবচেয়ে বড় গরিব জনগোষ্ঠী। দৈনিক মাথাপিছু আয় ১ দশমিক ২৫ ডলার। এই সীমারেখার নিচে এখানকার প্রায় ৬০ কোটি মানুষ বসবাস করে, যে সংখ্যাটি কিনা সাব সাহারান আফ্রিকার চেয়েও বেশি। তাহলে কেন বিকাশমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নানা ধরনের দারিদ্র্যবিমোচন কর্মসূচি সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় এখনো এ রকম প্রকট দারিদ্র্য বিরাজ করছে? অধ্যাপক রেহমান সোবহান তাঁর এই বইতে এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতে সম্ভাব্য করণীয় সম্পর্কেও পথনির্দেশনা দিয়েছেন।বহু বছর ধরে দারিদ্র্য জ্ঞানজগতে বিতর্কের একটি বিষয়। এটা এখন স্বীকৃত যে দারিদ্র্যের সমস্যা নিরসনে এককভাবে প্রবৃদ্ধির ভূমিকা অপ্রতুল। আন্তর্জাতিক সম্প্রদায় এই সত্যটি মেনে নিয়েছে। আর তাই আজকে তাদের উন্নয়ন সহযোগিতা কোনো না কোনোভাবে দারিদ্র্য হ্রাসের সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রতিককালের গৃহীত দারিদ্র্য হ্রাসের কৌশলপত্র (পিআরএসপি), সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) ইত্যাদিতেও এর প্রতিফলন ঘটেছে। কিন্তু রেহমান সোবহান বলছেন, এসব কর্মসূচির আওতায় দারিদ্র্য নিরসনে বর্ধিত হারে সম্পদের প্রবাহ ঘটানো হলেও তা কার্যকর না-ও হতে পারে। এটি ততক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত নীতিনির্ধারকেরা দারিদ্র্য সৃষ্টিকারী ও বিস্তারকারী সমস্যার কাঠামোগত উৎসগুলোতে নজর দিতে পারবেন। এটিই বইটির মূল প্রতিপাদ্য।দারিদ্র্য বিষয়ে ছয় বছর ধরে অবিরাম কাজ করার ফসল এই বই। কাজগুলো বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও নেপালের সাউথ এশিয়ান সেন্টার ফর পলিসি স্টাডিজের (সাসেপস) মাধ্যমে করা হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের দারিদ্র্য-পরিস্থিতি সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য অনেক সমীক্ষাও পরিচালনা করা হয়। আর তাই বলা যেতে পারে, বইটিতে যেসব যুক্তির অবতারণা করা হয়েছে, সেগুলো আসলে ব্যাপক গবেষণা ও নিবিড় সংলাপের ফল।বইয়ের প্রারম্ভিকায় রেহমান সোবহান বলেছেন, ‘আমাদের গবেষণার পূর্বাভাসে বিবৃত হয়েছে যে অব্যাহত দারিদ্র্য ও প্রবৃদ্ধির বৈষম্য অন্যায্য সমাজব্যবস্থা থেকে উদ্ভূত, যা অনিবার্যভাবে সম্পদহীন গরিব মানুষকে উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে।’ তিনি আরও বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত দারিদ্র্যের মূলগত কারণ কাঠামোগত অন্যায়সমূহ সংশোধন করা না যাবে, ততক্ষণ দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য অব্যাহত থাকবে।’ এরপর তিনি অধিকতর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য সম্ভাব্য করণীয় সম্পর্কে আলোকপাত করেছেন। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ারই কিছু উদাহরণ টেনেছেন তিনি।রেহমান সোবহানের কাজের কেন্দ্রে রয়েছে দারিদ্র্যকে আয়বঞ্চনার একটি পরিমাপ হিসেবে দেখার প্রবণতা থেকে সরে আসা। দারিদ্র্যকে পুনঃসংজ্ঞায়িত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে এতে। এই পুনঃসংজ্ঞায়নে দারিদ্র্যকে এমন একটি প্রক্রিয়া হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে জনগোষ্ঠীর বিপুল অংশ সমাজের উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণের কাজে সমভাবে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। আর তাই দারিদ্র্য নিরসনকে পরিমাপ করতে হলে বঞ্চিতের সুযোগকাঠামোর পরিবর্তনকে বিবেচনায় নিতে হবে। এটি খানিকটা ব্যতিক্রমী চিন্তা হলেও আবশ্যিকভাবে দক্ষিণ এশিয়ার দারিদ্র্য-পরিস্থিতির প্রকৃত ব্যাখ্যা নয়।‘কাঠামোগত অন্যায়’ বলতে এই বইয়ে সমাজের ধনী ও বঞ্চিতের মধ্যে সুযোগের অসমতাকে বোঝানো হয়েছে। এখানে ‘কাঠামোগত’ বলতে এটাই নির্দেশ করা হয়েছে যে বঞ্চনা বাজারশক্তির মিথস্ক্রিয়া নয় বরং বিদ্যমান সমাজ-কাঠামোবদ্ধ অবস্থা থেকে উদ্ভূত হয়, যা কিনা আবার বাজারশক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নির্ধারণ করে। দারিদ্র্যের এই তত্ত্বগত ধারণার পেছনে এই স্বীকৃতিই রয়েছে যে বঞ্চিতদের জন্য উন্নয়নের সম্পদ বা প্রবৃদ্ধির বিকাশ কোনোটিই দারিদ্র্যের সমস্যা দূর করতে পারবে না। রেহমান সোবহান আরও মনে করেন, দারিদ্র্যবিষয়ক আলোচনায় কাঠামোগত বিষয়টির স্বীকৃতিই যথেষ্ট নয় বরং সমাজে এই কাঠামোগত অবস্থার পেছনে যে রাজনৈতিক অর্থনীতি রয়েছে, তাকেও বিবেচনায় আনতে হবে। তিনি কাঠামোগত অন্যায়ের চারটি প্রধান দিক চিহ্নিত করেছেন: (ক) সম্পদপ্রাপ্তির ক্ষেত্রে অসমতা (খ) বাজারে অংশগ্রহণের ক্ষেত্রে অসমতা (গ) মানব উন্নয়নের ক্ষেত্রে অসমতা এবং (ঘ) অন্যায্য শাসন। প্রথম দিকটিতে আলোকপাত করতে গিয়ে লেখক বলছেন, সম্পদ ও জ্ঞানপ্রাপ্তির ক্ষেত্রে অসমতার বা বৈষম্যের শিকার হয়ে বঞ্চিত মানুষ আসলে বাজার প্রতিযোগিতায় অংশ নিতে অক্ষম হয়ে পড়ে। ঐতিহাসিক অন্যায় ও রাজনৈতিক অর্থনীতির আলোকে দেখানো হয়েছে যে কীভাবে বছরের পর বছর এ ধরনের শোষণ ও বৈষম্যমূলক কাঠামোর উদ্ভব গরিব মানুষের জমি ও প্রাতিষ্ঠানিক সম্পদপ্রাপ্তিকে বাধাগ্রস্ত করেছে।দ্বিতীয় বিষয়ে তাঁর বক্তব্য হলো, সম্পদহীন গরিবেরা বাজারের অধিকতর গতিময়তা থেকেও বঞ্চিত। কেননা, যারা সমাজের বিদ্যমান সম্পদকাঠামোর সুবিধাভোগী, তারাই বিশ্বায়নের সুবিধা পাচ্ছে। অর্থনীতিতে প্রাথমিক উৎপাদক বা মজুরিভোগী হিসেবে বঞ্চিতরা খুব খারাপভাবে বাজার শৃঙ্খলের নিম্নতম প্রান্তে অবস্থান করে তাদের পণ্য বা শ্রম বিক্রি করে থাকে। মূল্য সংযোজন প্রক্রিয়ায় বঞ্চিতদের অংশগ্রহণ করার অক্ষমতা আসলে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা থেকে উৎসারিত। বিষয়টি এ রকম যে বাজারে জায়গা করে নেওয়ার জন্য দরকষাকষির সামর্থ্য বাড়াতে হলে প্রাথমিক উৎপাদকদের একত্রিত হতে হবে, যে সামর্থ্য আসলে তাদের নেই।তৃতীয় ক্ষেত্রে লেখক যুক্তি দিচ্ছেন যে ক্রমবর্ধমান জ্ঞানভিত্তিক বিশ্বায়িত অর্থনীতিতে (যা কিনা তথ্যপ্রযুক্তির বিপ্লব পরিচালিত করছে) গুণগত শিক্ষায় অংশ নিতে না পারা বাদ পড়া বা বঞ্চিতদের পিছিয়ে থাকার আরেকটি উপাদান।আর সর্বশেষ বিষয়ে লেখকের মত হলো, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক দিকগুলো বঞ্চিতদের প্রতি সক্রিয় নয়। রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারণ ও নির্বাচনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে গরিব-বঞ্চিতদের কথা বা তাদের চিন্তা-ভাবনা বিবেচনায় নেওয়া হয় না। লেখক বলছেন, এভাবে বঞ্চিতদের বিষয়ে যথাযথ রাজনৈতিক সাড়া দেওয়ার ঘাটতি আসলে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক বাজার ব্যর্থতার একটি রূপ। এটি একই সঙ্গে প্রাতিষ্ঠানিক ব্যর্থতারও প্রতিফলন বলে লেখক মনে করেন।এই চারটি বিষয়ে বিস্তারিত আলোচনার পর রেহমান সোবহান এসব অন্যায় বা অন্যায্যতা কীভাবে সংশোধন করা যায়, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। সাধারণভাবে যে পরামর্শটি দেওয়া হয়েছে, সেটি হলো: গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও বাজার অর্থনীতিতে অধিকতর সমতার ভিত্তিতে অংশগ্রহণের ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে বঞ্চিতদের ক্ষমতায়ন করা। এর উদ্দেশ্য হলো, বঞ্চিতদের মজুরিভোগী ও ভাগচাষির (প্রজার) অবস্থা থেকে উৎপাদনশীল সম্পদের মালিক হিসেবে উন্নীত করা। এ জন্য তাদের সামর্থ্য বাড়াতে তাদের জন্য বিনিয়োগ করতে হবে। লেখক বলছেন, সম্পদ ও বাজারে গণতান্ত্রিকভাবে অংশগ্রহণের বিষয়টিকে সমতার ভিত্তিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির দ্বারা সমর্থিত হতে হবে।লেখক বঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য কয়েকটি নীতি-পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছেন। এগুলো হলো: (ক) উৎপাদনশীল সম্পদের ওপর বঞ্চিতদের মালিকানা সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা (খ) বাজারে প্রতিযোগিতা করতে বঞ্চিতদের সক্ষমতা বৃদ্ধি করা (গ) বঞ্চিতদের একত্রে কাজ করার জন্য প্রতিষ্ঠান বিনির্মাণ (ঘ) গুণগত শিক্ষাপ্রাপ্তির সুযোগ প্রদান (ঙ) বঞ্চিতদের জন্য বাজেটে নীতি-নির্দেশনা রাখা এবং (চ) তাদের ঋণ ও সঞ্চয়ের সুযোগ দেওয়ার জন্য আর্থিক নীতির পুনর্বিন্যাস।এভাবে লাখ লাখ বাদ পড়া বা বঞ্চিত মানুষের জন্য সম্পদ ও দক্ষতা বিনিয়োগ করে তাদের উৎপাদনশীলতার সম্ভাবনাকে অবমুক্ত করার মাধ্যমে দক্ষিণ এশিয়াজুড়ে প্রবৃদ্ধির প্রক্রিয়াকে উদ্দীপ্ত ও টেকসই করা যাবে বলে লেখক যুক্তি দিয়েছেন। এটা হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রক্রিয়া, যার পরামর্শ তিনি দিচ্ছেন। তবে তিনি এ-ও স্বীকার করছেন, কাঠামোগত অন্যায্যতা শোধরানোর জন্য অনেক রাজনৈতিক অর্থনৈতিক বাধা রয়েছে। এ ধরনের নীতি-পরামর্শের সঙ্গে নয়া সমাজতান্ত্রিক চিন্তার খানিকটা অনুরণন দেখা যায়।লেখক অবশ্য এটাও বলেছেন, যেহেতু কাজের পরিসরটা অনেক বড়, সেহেতু গবেষণার কাজটি কার্যত এখনো চলছে। আর তাকে সমৃদ্ধ করতে হবে পেশাজীবী, নীতি-নির্ধারক ও রাজনৈতিক পর্যায়ে নিয়মিত সংলাপের মধ্য দিয়ে। তিনি এ-ও বলেছেন যে বৈষম্যমূলক বিশ্বায়নের অন্যায্যতার বিষয়টি এই বইয়ে আসেনি। আসলে এখানে লেখকের কিছু যুক্তি বিস্তারিতভাবে পরীক্ষার প্রয়োজন রয়েছে। বিশ্বায়নের বর্তমান প্রবণতায় বঞ্চিতদের মূলধারায় নিয়ে আসা, বাজারে অংশগ্রহণের অসমতার বিরুদ্ধে সম্মিলিত কার্যক্রম ইত্যাদি হয়তো শেষ পর্যন্ত খুব কঠিন বলে প্রমাণিত হবে।বিশ্বায়িত পৃথিবীতে পুঁজি অত্যন্ত অস্থির, কাজের অবস্থা অত্যন্ত নাজুক, নিয়োগদাতারা অস্বচ্ছ পশ্চাদভূমিতে অদৃশ্য হয়ে যায়। অনানুষ্ঠানিক কাজ বিশ্বায়নের চলমান ঢেউয়েরই প্রতিফলন। শ্রীলঙ্কার কথাই ধরা যাক। তিন দশকের উদারীকরণের পর আজকে শ্রীলঙ্কার মোট শ্রমশক্তির ৬২ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তদুপরি, সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদনব্যবস্থা শিল্প থেকে সেই সব প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে, যারা মূলত অন্যের উৎপাদিত পণ্য বেচাকেনা করে থাকে। উৎপাদন শৃঙ্খলে প্রধান প্রতিষ্ঠানের সঙ্গে জোগানদার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পর্কের ক্ষেত্রে প্রধান প্রতিষ্ঠান এখন আর কর্মসংস্থান ও কাজের পরিবেশের বিষয়ে দায়বদ্ধ নয়। শুধু উৎপাদন নয়, শ্রমও এখন বাইরে থেকে আসছে। আর তাই সনাতন ও সুপ্রতিষ্ঠিত আমদানি-বিকল্প খাতের ক্ষেত্রেও সম্ভব (লেখক উদাহরণ দিয়েছেন ভারতের আমূল বা শ্রীলঙ্কার কারগিলের) উৎপাদন-প্রক্রিয়ায় মূল হয়ে ওঠা সম্ভব। উৎপাদন-প্রক্রিয়ায় এই মূল হয়ে উঠতে গেলে বিদেশি বিনিয়োগে পরিচালিত ও বহুজাতিক কোম্পানি-নিয়ন্ত্রিত রপ্তানিমুখী শিল্প হতে হবে, এমনটি নয়। এ বিষয়ে অর্থাৎ বঞ্চিতদের (প্রান্তিক) ক্ষমতায়নের জন্য উৎপাদন এলাকা চিহ্নিতকরণে আরও গবেষণার প্রয়োজন।সম্মিলিতভাবে কাজ করাকে উৎসাহিত করতে প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ে আলোকপাত করতে গিয়ে লেখক এমপ্লয়ি শেয়ার ওনারশিপ প্রোগ্রামস (ইএসওপি) নিয়ে কথা বলেছেন। তবে সবচেয়ে বেশি গরিব শ্রমজীবী নিয়োজিত আছে যে অপ্রাতিষ্ঠানিক খাতে, সেখানে এই ইএসওপি কতটা কার্যকর হবে, তা পরিষ্কার নয়। আর ইএসওপি স্থাপনের দায়িত্ব কে নেবে, সেটাই হলো মৌলিক প্রশ্ন।বইটিতে এমন পরামর্শও দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানে শ্রমিকের মালিকানার অংশ সম্প্রসারণের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখতে হবে। তবে বহুজাতিক কোম্পানিগুলোর আন্তর্জাতিক উৎপাদন এখন মূল্য সংযোজন-প্রক্রিয়াকে ধাপে ধাপে জোড়া দেওয়া আর শ্রমিকদের বিচ্ছিন্ন করে রাখার মধ্য দিয়ে চলছে। তা ছাড়া বিদেশি বিনিয়োগের পছন্দ হলো শিথিল শ্রম আইন। আর তাই আন্তর্জাতিক সম্প্রদায় শ্রমিকদের মালিকানার বিষয়টি দেখবে, এমনটা ভাবা কঠিন। কারণ, তাদের ওপর বহুজাতিক কোম্পানিগুলোর যথেষ্ট প্রভাব রয়েছে।এ রকম নানা সীমাবদ্ধতা সত্ত্বেও কাঠামোগত অন্যায্যতার যুক্তিটি গ্রহণযোগ্য ও তাৎপর্যপূর্ণ। আর তাই আগে বা পরে যখনই হোক না কেন, পিআরএসপি বা এমডিজির মতো দারিদ্র্যবিমোচনের জন্য গৃহীত সব কর্মসূচিতে এ বিষয়টি স্থান পাবে বলে মনে করি।এই বই পড়ার মাধ্যমে অনেক কিছু জানা ও শেখা যাবে। যখন দারিদ্র্যবিমোচন বিষয়ে দুটি স্বতন্ত্র দক্ষিণ এশীয় কমিশনের প্রতিবেদন আছে এবং যখন ১৩তম সার্ক ঘোষণা অনুসারে সদস্য দেশগুলো ২০১৫ সালের মধ্যে এসডিজি (সার্ক ডেভেলপমেন্ট গোলস, এমডিজির অতিরিক্ত) অর্জনের চেষ্টা চালাচ্ছে, তখন এই বই দক্ষিণ এশিয়ার দারিদ্র্য বিষয়ে নতুন বিতর্কের সূচনা করবে এবং চিন্তার খোরাক দেবে। গরিব মানুষকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্পদের মাধ্যমে মূলধারায় নিয়ে আসার বিষয়ে এটি একটি অনবদ্য কাজ।সর্বোপরি বইটিতে অধ্যাপক রেহমান সোবহানের সারা জীবনের চিন্তা-চেতনা ও কাজের চমৎকার সন্নিবেশ লক্ষ করা যায়। নিজের গভীর পাণ্ডিত্যের সঙ্গে তিনি এতে তাঁর ব্যাপক বিশ্লেষণাত্মক ক্ষমতার সমন্বয় ঘটিয়েছেন। তুলে এনেছেন দক্ষিণ এশিয়া অঞ্চলের দারিদ্র্যের কিছু গুরুত্বপূর্ণ উপাদান। যাঁরা এ বিষয়ে আগ্রহী বা চিন্তা করেন, তাঁদের সবার জন্য এটি অবশ্য পাঠ্য একটি বই। [১৬ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারে বইটির প্রকাশনা উৎসবে ড. সমন কেলেগামার দেওয়া বক্তৃতার ভিত্তিতে বই আলোচনাটি প্রস্তুত করা হয়েছে। সমন কেলেগামা কলম্বোর ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের (আইপিএস) নির্বাহী পরিচালক ও সাউথ এশিয়া ইকোনমিক জার্নালের সম্পাদক। আলোচনাটি মূল ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করেছেন আসজাদুল কিবরিয়া]