দক্ষিণ সুদানের নায়ক
পৃথিবীর মানচিত্রে যুক্ত হয়েছে নতুন একটি দেশ। যার নাম দক্ষিণ সুদান। অবসান হয়েছে দুই দশকের রক্তক্ষয়ী যুদ্ধের। একুশ শতকের প্রথম গণহত্যায় প্রাণ দিয়েছে দুই মিলিয়ন মানুষ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে স্বাধীন হয়েছে দক্ষিণ সুদান, যাতে সবচেয়ে সাহসী ও বীরোচিত ভূমিকা পালন করেছেন জর্জ ক্লুনি। হলিউডের এই তারকা রুপালি পর্দার বাইরেও হয়েছেন অন্য এক নায়ক। দক্ষিণ সুদানের স্বাধীনতায় পালন করেছেন নেপথ্য কান্ডারির ভূমিকা। সুদানের ঐতিহাসিক গণভোটের পেছনে জর্জ ক্লুনি রেখেছেন অগ্রণী ভূমিকা। ৯৮ দশমিক ৮ শতাংশ মানুষই ভোট দিয়েছে স্বাধীনতার পক্ষে। নিজের তারকাখ্যাতি ব্যবহার করে, দক্ষিণ সুদানের মানুষের পাশে থেকে, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের ঘুম ভাঙিয়েছেন। অবশ্য প্রচারমাধ্যম তাঁর পাশে ছিল। সাংবাদিক বাবা নিকের সঙ্গে বেশ কয়েক বছর আগে ক্লুনি প্রথম পা রাখেন উত্তর আফ্রিকার ঝঞ্ঝাবিক্ষুব্ধ দেশ সুদানে। ক্ষুধা, দারিদ্র্য, চিকিৎসা ও শিক্ষার অভাব, সর্বোপরি রক্তক্ষয়ী যুদ্ধ তাঁকে গভীরভাবে বিচলিত করে। জানতেন, তারকাদের খ্যাতি অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারে। প্রাথমিক অবস্থায় টাকাপয়সা দিলেন। উদ্বাস্তুদের জন্য কূপ খনন, ঘর বানানো, কমিউনিটি সেন্টারের গোড়াপত্তনও করলেন। কিন্তু হিতে বিপরীত হলো। উত্তরের সন্ত্রাসীরা লুটপাট চালাল সাহায্যপ্রাপ্তদের ওপর; সবচেয়ে ভয়াবহ ব্যাপার, মানুষও খুন করল তারা নির্দ্বিধায়। গণহত্যার অন্যতম হোতা উত্তরের রাজধানী খারতউমের ইসলামিস্ট সরকারের প্রধান ওমর-আল-বশির ক্লুনিকে চিহ্নিত করল উটকো ঝামেলা হিসেবে। সারা বিশ্বের প্রচারমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাল, ‘এই উটকো মানুষটি শান্তির জন্য কিছুই করতে পারবে না।’ তবে হতাশ হতে হলো বশিরকে। বিশ্বের প্রচারমাধ্যমগুলো ক্লুনির পাশে দাঁড়াল, তুমুল লেখালেখি হলো দক্ষিণ সুদানের স্বাধীনতার পক্ষে। বলা বাহুল্য, সেসব হলো জর্জ ক্লুনির সূত্র ধরে। ক্লুনি গেছেন দক্ষিণ সুদানে, দুনিয়ার বাঘা বাঘা সাংবাদিকও গেছেন তাঁর পেছনে পেছনে। স্বাভাবিকভাবেই মিডিয়াতে খবর হয়েছে—জর্জ ক্লুনি সুদানে। কেন? সুদানের দক্ষিণাঞ্চলের মানুষদের পাশে দাঁড়াতে। তাদের চাই স্বাধীনতা।কেবল তারকাখ্যাতিই নয়, ব্যবহার করেছিলেন স্যাটসেনটিনেল ডট ওআরজি উপগ্রহ, যা দিয়ে দেখা গেল উত্তরের সেনাবাহিনীর কার্যকলাপ। কী করে তারা সংগঠিত হচ্ছে এবং কখন কোথায় আক্রমণ চালাচ্ছে। বেরিয়ে এল সব তথ্য। ক্লুনি বললেন, ‘জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি চুক্তিবদ্ধ নই, আমার কোনো সীমাবদ্ধতাও নেই। আমি হলাম ৭৭০ কিলোমিটার ওপরে থাকা একটা ক্যামেরা অর্থাৎ উপগ্রহের মালিক! আমি হলাম গণহত্যাবিরোধী পাপারাজ্জি!’সুদানের এই দুর্বিষহ পরিস্থিতির কথা ক্লুনি তুলেছিলেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সিনেট এবং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে। ওই পথ ধরেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা হয় ক্লুনির। টনক নড়ে প্রেসিডেন্টের। ওভাল অফিসে দ্বিতীয়বার বৈঠকে বসার পরপরই গত বছরের অক্টোবরে সুদানে বিশেষ দূত পাঠান ওবামা। মাথা ঘামাতে শুরু করেন সুদান নিয়ে। এর মাঝে দক্ষিণের কিছু মিত্র যাযাবর উপজাতি মাথা গরম করে ফেলে। স্বাধীনতাযুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে হঠাৎ করেই, দক্ষিণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। ক্লুনি দিব্যদৃষ্টিতে দেখলেন এর ভবিষ্যৎ। বসলেন আলোচনায়, বোঝালেন সংঘাত ভালো কিছু বয়ে আনবে না। পরিস্থিতি পাল্টাতে শুরু করল গত বছরের অক্টোবরের শেষের দিকে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং সুদানের সবচেয়ে বড় তেল বিনিয়োগকারী দেশ চীন সম্মতি জানাল গণভোটের। ক্লুনি সক্রিয় কররেন বিশ্বের প্রচারমাধ্যমকে। অক্টোবর থেকে জানুয়ারিতে প্রকাশিত হলো সুদান গণভোটবিষয়ক ৯৬টি খবর। ওই সময় ৯৫ হাজার মানুষ ই-মেইল পাঠাল হোয়াইট হাউসে, একটাই চাওয়া—দক্ষিণ সুদান চাই!সেই চাওয়া এবং স্বাধীনতার পক্ষে ৯৮ দশমিক ৮ শতাংশ ভোট দক্ষিণ সুদানকে স্বাধীনতা এনে দিল। ক্লুনি বললেন, ‘এখন আমার কাজ হলো, যেসব মানুষ স্ত্রী-সন্তান ও নিজের জীবন নিয়ে শঙ্কিত, তাদের পাশে দাঁড়ানো। এমন অনেকে আছে যে চাইছে, একটা পাহাড়ের ওপরে উঠে চিৎকার করে কিছু বলবে, কিন্তু তার কোনো পাহাড় কিংবা মাইক নেই। তখন সে এমন একজনকে খোঁজে, যার একটি মাইক আছে, পাহাড় আছে। আমার কাছে কেউ এসে যখন জিজ্ঞেস করে, তুমি কি সেই লোক? আমি বলি, হ্যাঁ!’সূত্র: রিডার্স ডাইজেস্ট