দলবদ্ধতার চিত্ররূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাপানি পরিবার’, শিল্পী: শেখ আফজাল
‘জাপানি পরিবার’, শিল্পী: শেখ আফজাল

‘ইম্পেরশন’ নামে ঢাকায় চারুশিল্পীদের নতুন একটি দল প্রতিষ্ঠা পেয়েছে। নামটি দিয়েছেন শিল্পী আবুল বার্ক আলভী। এই দলটির প্রথম প্রদর্শনী এখন চলছে গ্যালারি চিত্রকে।
নয় সদস্যের এই শিল্পী দলে আছেন শামীমা শারমিন, মোহাম্মদ আলমগীর, শাম্মী ইয়াসমিন, শাহিদা আকতার, তাসলিমা জাহান, শামীম আহমেদ, হোসনা বানু, রোখসানা সাঈদা ও ইমরান হোসেন। নানা মাধ্যমে আঁকা-গড়া তাঁদের একাধিক শিল্পকর্মের সঙ্গে এখানে আরও স্থান পেয়েছে সমকালীন বিশিষ্ট ছয়জন শিল্পী—রফিকুন নবী, আবুল বার্ক আলভী, ফরিদা জামান, নিসার হোসেন, শেখ আফজাল ও মো. মনিরুজ্জামানের চিত্রকর্মও। উপরিউক্ত ছয়জন এ প্রদর্শনীর অতিথি শিল্পী।
‘ইম্পেরশন’-এর শিল্পীরা নানা বয়সের। তাঁরা সত্তরের শেষার্ধ্ব থেকে নব্বই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। চারুশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন তাঁদের কেউ কেউ।
শামীমা শারমিন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের নকশা কেন্দ্রে সহকারী মুখ্য নকশাবিদ। এ প্রদর্শনীতে তাঁর পাঁচটি চিত্রকর্ম স্থান পেয়েছে। এর দুটি ছাপচিত্র, একটি উড ইন্টাগ্লিও এবং অন্যটি কলোগ্রাফ মাধ্যমের কাজ। বাকি তিনটি চিত্র অ্যাক্রিলিক রঙে আঁকা। উড ইন্টাগ্লিও মাধ্যমের ছাপচিত্র ‘অন্ধকারে মুখাবয়ব’-এ আমরা দেখতে পাই লালচে-কালচে প্রায়ান্ধকারে বিষণ্ন এক নারীর ছবি, চলমান সময়ের নানা অসংগতি নিয়ে উদ্বিগ্নতার ছাপ তার চোখে-মুখে। অবয়ব নিয়ে কাজের পাশাপাশি নিসর্গ নিয়েও একাধিক কাজ করেছেন শামীমা।
মোহাম্মদ আলমগীর অনেকটা ইম্পেরশনিস্ট শিল্পীদের মতো আঁকেন রমনা উদ্যানের ভূ-দৃশ্য, পুরোনো ঢাকা ও খেয়াঘাটের ছবি। ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে স্বচ্ছন্দ তুলি চালনায় তাঁর ছবি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। খেয়াঘাটের দৃশ্যটিতে ফুটে উঠেছে নদীর দু-পাড়ের জনজীবন ও প্রকৃতির সরল-সাবলীল চিত্র। পেশাজীবনে এ শিল্পী বাংলাদেশ টেলিভিশনে মুখ্য শিল্পনির্দেশক।
শাম্মী ইয়াসমিন ছবি আঁকেন প্রাচ্যরীতিতে। জলরঙে প্রাচ্য ঘরানার ধোঁয়া পদ্ধতিতে তিনি এঁকেছেন পায়রা হাতে নারী ও নারী অবয়ব নিয়ে নানান ছবি। সুসজ্জিত সালংকারা নারীর হাতে উপবিষ্ট পায়রা যেন সুখ ও শান্তির প্রতীক হয়ে উঠেছে। শাম্মী পেশায় নকশা কেন্দ্রের ঊর্ধ্বতন নকশাবিদ।
শাহিদা আকতারও নকশা কেন্দ্রের একজন নকশাবিদ। মিশ্র মাধ্যমে তিনি এঁকেছেন আকাশ ও নিসর্গের ছন্দ। বর্ণলেপনে গতিময়তা তাঁর কাজে এনেছে ছন্দ।
তাসলিমা জাহান জাপানে ব্রোঞ্জ কাস্টিং ভাস্কর্যে উচ্চতর পাঠ নিয়েছেন। তাঁর দুটি ভাস্কর্যের শিরোনাম ‘কাসাহি ১ ও ২’। এতে দুটি জাপানি অবয়ব তুলে ধরেছেন তিনি। তাসলিমা শিশুদের চিত্রাঙ্কন নিয়ে কাজ করছেন।
শামীম আহমেদ মূলত মৃৎশিল্পী। এখন ছবি আঁকছেন ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে। প্রদর্শনীর পাঁচটি ছবিতে তিনি এঁকেছেন মাছ ও মৎস্যজীবীর অবয়ব। স্বপ্ন ও বাস্তবতার অনুরণন পাওয়া যায় তাঁর চিত্রকর্মে।
নিসর্গ ও নিসর্গের মানুষের ছবি সহজ-সরল ভাবালুতায় এঁকেছেন হোসনা বানু। পুরোনো ও ক্ষীয়মাণ বর্ণের ভেতর থেকে জীবনের উচ্ছ্বাসের মতো সবুজ উঠে এসেছে তাঁর চিত্রপটে।
শৈশব স্মৃতি নিয়ে দৃষ্টিনন্দন ছবি এঁকেছেন রোখসানা সাঈদা। যেন কুয়াশাচ্ছন্ন ভোরে কিংবা শীতের বিকেলে মাঠে খেলারত কয়েকটি শিশুর ছবির মাধ্যমে এ শিল্পী তুলে ধরেছেন নিজের শৈশব। এ দলের সবচেয়ে বয়ঃকনিষ্ঠ যে আঁকিয়ে, তিনি ইমরান হোসেন। ভালো লাগল তাঁর দুটি ভাস্কর্যও। একটি ভাস্কর্যে কোনো এক কন্যাশিশুর ফ্রক ও জুতা শিল্পী গড়েছেন রাংতা কাগজ দিয়ে। সাধারণ কিছু দিয়ে যে অসাধারণ রূপ সৃজন সম্ভব, তারই আরেকটি নমুনা ইমরানের এই কাজ।
প্রদর্শনীর অতিথি শিল্পীদের মধ্যে জলরঙে রফিকুন নবী এঁকেছেন নদীকূলে জেলেদের জীবন-ছবি। আবুল বার্ক আলভীর চিত্রে আছে জমি বিভাজনের গঠন। ফরিদা জামান এঁকেছেন নিসর্গ।
‘শিরোনামহীন’ শিরোনামে নিসার হোসেনের ছবিতে পাওয়া যায় সাম্রাজ্যবাদের অবস্থান। নিজস্ব স্বকীয়তায় জাপানি এক পরিবারের ছবি দৃষ্টিনন্দনভাবে মূর্ত হয়েছে শেখ আফজালের ক্যানভাসে। আর মো. মনিরুজ্জামান জাগরণের ছবি এঁকেছেন ইমেজের ওপর বহু রেখার আস্তরণ দিয়ে। সব মিলিয়ে বিভিন্ন মাধ্যমে করা এ প্রদর্শনীর কাজগুলো মনে রাখার মতো। ৪ ডিসেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।