দশ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ব এভিনিউ থেকে সরাসরি তাকালে অনায়াসেই চোখে আসে টুইন টাওয়ার। আকাশচুম্বী দুই ভবন, যেন উদ্ধত ও দুর্বিনীত, ম্যানহাটনের সব আকাশছোঁয়া ভবনকে পেছনে ফেলে ছুটছে ওপরে, আরও ওপরে। ১১ সেপ্টেম্বর যখন প্রথম ভবনটি আক্রান্ত হয়, আমি তখনো অফিসে এসে পৌঁছাইনি। এসে দেখি অফিসের প্রধান ফটক বন্ধ, রাস্তায় জটলা। চোখ পড়ল শহরতলির দিকে, ধোঁয়ায় ধোঁয়াক্কার। কয়েক মুহূর্ত পর সন্ত্রাসী বিমানটি আছড়ে পড়ল দ্বিতীয় টাওয়ারের ওপর।দশ বছর পর সেই দৃশ্য মনে করার চেষ্টা করলাম। আক্রান্ত ভবন দুটি নয়, সবচেয়ে প্রবলভাবে যা মনে এল, তা শহর ত্যাগের দৃশ্য। কী হয়েছে তা বুঝে ওঠার আগেই শহর ছাড়ার নির্দেশ দেওয়া হলো। আন্ডারগ্রাউন্ডে ট্রেন বন্ধ, বাস বন্ধ, এমনকি শহর থেকে সব ট্যাক্সিও উধাও। হাজার হাজার মানুষ হেঁটে ঘরে ফিরছে। ঠিক ভীতি নয়, কিন্তু একটি অনিশ্চিত উদ্বেগ আমাদের মনে। কেউ কাউকে চিনি না, কারও সঙ্গে কোনো কথা নেই। নিঃশব্দে, পাশাপাশি দুই সারি করে এক সীমাহীন মানবস্রোত, কুইনসবরো ব্রিজের ওপর-নিচ দুই স্তর ধরে সবাই আমরা ঘরে ফিরছি। ধারেকাছে যাদের বাড়ি অথবা রাস্তার পাশের ছোট দোকানি, তারা হাতে হাতে পানির বোতল অথবা বিস্কুটের প্যাকেট বাড়িয়ে দিচ্ছে। দেখছি বয়সের ভারে আনত যারা—সম্পূর্ণ অচেনা, কেউ কেউ ভিন্নভাষী—তাদের দিকে সাহায্য ও সমর্থনের হাত। যেন বন্ধু, যেন ভাই।অন্য আরেকটি দৃশ্য আমার মনে স্থায়ী হয়ে আছে। সপ্তাহ খানেক পর ইউনিয়ন স্কয়ারে আমরা কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছিলাম। হাতে জ্বলন্ত মোমবাতি, কারও কারও হাতে ফুল বা মার্কিন পতাকা। এখানে-সেখানে বহিরাগত, বিশেষত মুসলমানদের ওপর হামলার খবর আমরা শুনেছিলাম। ফলে কিছুটা ভীত হয়তো আমরা হয়েছিলাম। কিন্তু ভীতি নয়, আমেরিকার সঙ্গে প্রকৃত সংহতি বোধ থেকেই আমরা স্বতঃস্ফূর্তভাবে সেদিন একত্র হয়েছিলাম। মনে পড়ছে, একটি ছোট্ট মেয়ে, হাতে মোমবাতি নিয়ে তা ধরে রাখার প্রাণান্ত চেষ্টা করছিল। সামান্য বাতাসে বারবার নিভে যাচ্ছিল। একটি শ্বেতকায় মার্কিন কিশোরী হঠাৎ কোত্থেকে ছুটে এসে মেয়েটির দুই হাতের পাতা ভাঁজ করে ধরে খুব মৃদুস্বরে বলল, ‘এইভাবে ধরো, কেমন!’ আমাদের কেউ একজন মার্কিন পতাকাটি উল্টো করে ধরেছিল। এক কৃষ্ণকায় যুবক পেছন থেকে এসে কোনো কথা না বলে সে পতাকা সোজা করে দিয়ে গেল। একটি আলজেরীয় যুবক আমার পাশে এসে দাঁড়াল। বলল, ‘তোমার কাছে বাড়তি মোমবাতি আছে?’ কেউ একজন তাকে একটি মোমবাতি এগিয়ে দিলে সহাস্যে তা জ্বালিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে পড়ল। মনে আছে, আমরা সবাই সে সময় গান ধরেছিলাম, ‘উই শ্যাল ওভারকাম’।এখন সে ঘটনার ১০ বছর পর, সংহতির সেই স্মৃতি কিছুটা মলিন হয়ে এসেছে, কিন্তু একদম হারিয়ে যায়নি। বস্তুত, নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল আমেরিকাকে দুর্বল করা। বাস্তবে ঘটেছিল উল্টো, সে ভেতরে-বাইরে আরও সংহত হয়েছিল। সে সময় একটি ফরাসি পত্রিকা লিখেছিল, ‘আজ আমরা সবাই আমেরিকান।’ কথাটা একদম মিথ্যা ছিল না। কিন্তু দুই বছর ঘুরতে না ঘুরতেই এই দৃশ্য বদলে যায়। সন্ত্রাসী হামলাকে যুক্তি হিসেবে হাজির করে বুশ প্রশাসন ইরাকের ওপর যে হামলা চালায়, তার ফলে সংহতি চেতনা বদলে দাঁড়াল প্রতিবাদে। শুধু দেশের বাইরে নয়, আমেরিকার ভেতরেও সে প্রতিবাদের ধ্বনি শোনা গেল। সেই প্রতিবাদের একটি স্পষ্ট ফল হিসেবেই ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বারাক ওবামা, আমেরিকার প্রথম কৃষ্ণকায় রাষ্ট্রপ্রধান।এ কথার অর্থ অবশ্য এই নয় যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ একটি অর্থহীন অথবা বানানো ঘটনা ছিল। ওসামা বিন লাদেন কোনো সাম্রাজ্যবাদী চক্রান্ত নয়, আল-কায়েদাও বুশ প্রশাসনের কষ্ট-কল্পনা নয়। কাবুলে তালেবানি সমর্থনে ওসামা বিন লাদেন ও তাঁর আল-কায়েদা বাহিনী বিশ্বজুড়ে ইসলামি শাসন প্রতিষ্ঠার এক অলীক স্বপ্ন ফেঁদে বসেছিল। আমেরিকার ওপর আত্মঘাতী হামলা সে চক্রান্তেরই অংশ। টুইন টাওয়ারের ঘটনা ইসলামি সন্ত্রাসীদের সবচেয়ে চোখ ধাঁধানো হামলা হয়তো ছিল, কিন্তু আমেরিকা অথবা পশ্চিমা সভ্যতার ওপর তা বড়জোর আঁচড় কাটতে সক্ষম হয়। বস্তুত, ইসলামি সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার হলো তৃতীয় বিশ্বের ক্ষুদ্র ও দুর্বল মুসলিম দেশগুলো। যেমন আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ। আফগানিস্তানে তালেবানি শাসন সফল হলে সে দেশটি পরিণত হতো আধুনিকতা-বর্জিত একটি মধ্যযুগীয় ধর্মরাজ্যে। বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার সে হতো মধ্যমণি। ধর্মের নামে সন্ত্রাস যে কী প্রবল ও নিষ্ঠুর হতে পারে, তার সাক্ষী আজকের পাকিস্তান। প্রায় প্রতিদিনই সেখানে সন্ত্রাসী হামলায় নিহত হচ্ছে নিরীহ স্কুলছাত্র, পুলিশকর্মী, মসজিদে প্রার্থনারত শিয়া মুসলমান। বাংলাদেশেও চেষ্টা হয়েছিল সন্ত্রাসী অরাজকতা প্রতিষ্ঠার। আমাদের সৌভাগ্য, সরকারের ভেতরে এক অংশের সমর্থন সত্ত্বেও সে চেষ্টা সফল হয়নি। এখন ১০ বছর পর, ইসলামি সন্ত্রাস সম্পূর্ণ পর্যুদস্ত না হলেও তার বিষদাঁত উপড়ে গেছে। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানি আতিথেয়তা সত্ত্বেও মৃত। সন্ত্রাসী হামলার ক্ষমতা হয়তো আল-কায়েদার রয়েছে—স্পেন বা ইংল্যান্ডে বোমা হামলা তার প্রমাণ—কিন্তু আরেকটি নাইন-ইলেভেন ঘটানোয় সে সক্ষম, এ কথার কোনো প্রমাণ নেই। ইসলামি সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত এসেছে আরব ও ইসলামি দেশগুলো থেকেই। এক অভাবনীয় ‘আরব বসন্ত’ উড়ে নিয়ে গেছে একের পর এক একনায়কতন্ত্র। ইসলামি চূড়ান্তবাদীদের অন্যতম লক্ষ্য ছিল নিজ নিজ দেশে মধ্যযুগীয় খেলাফত, কিন্তু আরব নাগরিকেরা ইসলামি শাসনের বদলে বেছে নিয়েছে বহুদলীয় গণতন্ত্র। কোনো কোনো মার্কিন ভাষ্যকার এমন দাবি করেছেন, আমেরিকার নেতৃত্বে পরিচালিত তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ফলেই এই বিপ্লবী পরিবর্তন। কিন্তু কথাটা ভিত্তিহীন। সিদ্ধান্ত যদি আমেরিকার নিয়ন্ত্রণে থাকত, তাহলে তারা গণতন্ত্রের বদলে নিজের পছন্দমাফিক স্বৈরাচারী একনায়কদেরই ক্ষমতায় রেখে দিত। তিউনিসিয়ার বেন আলী অথবা মিসরের মোবারক তো আমেরিকার ধরে রাখা ছাতার নিচেই বছরের পর বছর দেশ চালিয়েছেন।বিশ্বজোড়া অব্যাহত যুদ্ধ ও ধনতন্ত্রের ‘সংকট চক্রাবর্তে’ আমেরিকা এখন তার পূর্বের ছায়া মাত্র। ১৪ ট্রিলিয়ন ঋণের বোঝায়, প্রলম্বিত অর্থনৈতিক সংকটের ভারে ও অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় সে এখন আনত, আহত, ক্লান্ত। সন্দেহ নেই যে আমেরিকা এখনো বিশ্বের শেষ পরাশক্তি, কিন্তু সে নখরবিহীন। ফরিদ জাকারিয়ার (টাইম সাময়িকী সম্পাদক) কথা ধার করে বলা যায়, আমেরিকার সাম্রাজ্য এখন গতকালের ইতিহাস। চীন অথবা উপসাগরের আরব দেশগুলোর করুণা ভিন্ন টিকে থাকা তার পক্ষে এখন কঠিন। এমনকি দারিদ্র্যাক্রান্ত ভারতের কাছেও তাকে হাত পাততে হয় বাণিজ্যিক আনুকূল্যের জন্য।প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার নির্বাচনের ফলে আমেরিকায় অভাবনীয় রাজনৈতিক মেরুকরণ ঘটেছে, উত্থান ঘটেছে এ দেশের দক্ষিণপন্থী শক্তিগুলোর। শ্বেত সভ্যতা তার রাজনৈতিক প্রভুত্ব নিয়ে উদ্বিগ্ন, ভীত। এই ভীতির ওপর ভর করেই রিপাবলিকান পার্টির নেতৃত্ব সর্বতো চেষ্টায় নিয়োজিত ওবামার সব সিদ্ধান্তের বিরোধিতায়, এমনকি তা যদি দেশের সাধারণ স্বার্থের পরিপন্থী হয় তবুও। ওসামা বিন লাদেনের সন্ত্রাসী হামলা আমেরিকাকে কাবু করতে পারেনি। আমেরিকা এখন নিজের আঁচড়েই কাবু হয়ে পড়েছে।ওবামা-বিরোধিতায় রিপাবলিকান দলের একটি প্রধান অস্ত্র অভিবাসন ও বহিরাগত বিরোধিতা। দেশের দক্ষিণ ও পশ্চিমের অঙ্গ রাজ্যগুলোতে বহিরাগত নিয়ন্ত্রণের নামে কঠোর ও প্রবল বৈষম্যমূলক আইন প্রণয়ন করা হয়েছে। দেশের ভেতরে ইসলাম-বিরোধিতাও চাঙা হয়েছে। কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রধান কংগ্রেসম্যান পিটার কিং এ পর্যন্ত তিনটি শুনানির ব্যবস্থা করেছেন, যার বিষয় আমেরিকার অভ্যন্তরে ইসলামি চূড়ান্তবাদীদের কার্যকলাপ। এই ‘পেত্নী-খোঁজ’-এর ফলে আমেরিকা অধিক সুরক্ষিত হচ্ছে—এ কথার কোনো প্রমাণ নেই, কিন্তু দেশের অভ্যন্তরে ইসলাম-বিরোধিতায় তা মদদ দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। সম্প্রতি গ্যালপ (যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট—যা সংবাদ ছাড়াও নিয়মিত প্রকাশ করে মার্কিন সরকারকে নিয়ে নাগরিক মতামত, জরিপ ও নানা গবেষণা) নেওয়া এক জরিপে দেখা গেছে, আমেরিকার ৫৬ শতাংশ প্রটেস্টান নাগরিক মনে করে মার্কিন মুসলমানরা আমেরিকার প্রতি অনুগত নয়। বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও আমেরিকার প্রায় এক ডজন অঙ্গরাজ্য ইসলামি শরিয়া আইন নিষিদ্ধ করার লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সাবেক স্পিকার ন্যুট গিংগ্রিচের মতো লোক প্রকাশ্যে বলছেন, শরিয়ার কারণে আমেরিকার নিরাপত্তা হুমকির মুখে। বলাই বাহুল্য, আমেরিকার কোথাও শরিয়া আইন কার্যকর নয়। কোনো ইসলামি সম্প্রদায়ের ভেতর বিয়ে ও পারিবারিক সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রচলিত ইসলামি আচার ও আইনের ব্যবহার রয়েছে, কিন্তু তাকে আমেরিকার জন্য হুমকি ভাবা অতি-উর্বর কল্পনা ছাড়া আর কিছুই নয়।১০ বছর আগে, কুইনসবরো ব্রিজের ওপর দিয়ে নীরব পদযাত্রায় অংশ নিয়ে আমেরিকার ভবিষ্যৎ নিয়ে আশান্বিত হয়েছিলাম। এখন সে আশার স্থান দখল করে নিচ্ছে অনিশ্চিত এক উদ্বেগ।৩ সেপ্টেম্বর ২০১১, নিউইয়র্ক