
কৃষ্ণা চট্টোপাধ্যায় বড় হয়েছেন নদীর জল আর হাওয়ায়-প্রাকৃতিক পরিবেশে। তবে প্রকৃতির সবুজ তাঁর ছবিতে একেবারেই নেই। শিল্পীর এবারের প্রদর্শনীটি যেন মানবদেহের আহাজারি আর শান্ত-শীতল প্রকৃতির মধ্যে যে বিষণ্ন আবহ থাকে, সেই বিষাদে ভরা।
শৈশবে ভিটেহারা তারপর মুক্তিযুদ্ধে হানাদার-দোসরদের অত্যাচার—এসব ভীষণভাবে গেঁথে আছে কৃষ্ণার মনে। উপরন্তু যুদ্ধোত্তর সময়ে মানুষের আহাজারি আর বিপর্যয়ও মাথা থেকে তাড়াতে পারেননি তিনি। অন্তত তাঁর ছবিগুলো তো সে কথাই বলে।
কৃষ্ণার ছবিগুলো ঠিক মিনিয়েচার নয়। জুম করে দেখলে এখানে ঠিকই খুঁজে পাওয়া যায় মানুষের দেহে লেপ্টে থাকা অত্যাচারের দাগ। দেহের ওপর দেহের অবয়ব ও মুখের ওপর মুখ এঁকে স্মৃতিতে থাকা বীভৎস মুহূর্তকে নতুন করে সৃষ্টি করেছেন শিল্পী।
আবার ‘ইনফ্লামেশন’ শিরোনামের ছবিগুলোর কাছে গেলে দেখা যায়, হানাদার বাহিনীর চারপাশ ঘিরে বসিয়ে রাখা বিবস্ত্র নারী মুখগুলো অসহায়। আহাজারি করছে আর্তনাদে কুঁকড়ে যাওয়া ফিগারগুলো।
গাছের সঙ্গে বেঁধে রাখা অন্তঃসত্ত্বা নারীর অবস্থাকে শিল্পী ধারণ করে রেখেছেন সযত্নে। বলার বিষয় হলো, কৃষ্ণার রেখার জোরে স্বাচ্ছন্দ্যেই তৈরি হয়ে যায় এক রকম কিউবিক ফর্ম। আর কম্পোজিশন বা রচনার ক্ষেত্রে তিনি খেয়াল রাখেন ত্রিভুজাকৃতির সজ্জা। দৃষ্টির কেন্দ্রে সৃষ্টি হয় ক্যানভাসের কেন্দ্রবিন্দু। কাগজ বা ক্যানভাস, যা কিছুতে কৃষ্ণা এঁকেছেন, অক্ষুণ্ন রেখেছেন তাঁর নির্দিষ্ট রচনারীতি।
২০১৩ সালে করা ‘টিউন অব নেচার’ নামের ছবিতে ফুটে উঠেছে জলের ধোঁয়ায় গড়ে ওঠা নীল আকাশের বেদনার রূপ।
তবে কৃষ্ণার ছবিতে কি কেবলই আছে দহনকালের কথা? না, দহনকালের স্মৃতির পাশে আনন্দঘন রূপ সৃষ্টি করে আশার আলোও রেখেছেন তিনি। লোকায়ত দর্শনকে অবলম্বন করে এঁকেছেন ‘ব্রতচারী’ নামে ছবি। এ ছবিগুলো যেন সাম্য আর সৌম্যের কথা বলে। খুলতে চায় মানুষের জন্য মুক্তির দুয়ার।
শেষ একটি কথা বলি: প্রদর্শনীতে এ চিত্রকরের আশির দশকে আঁকা জলরঙের কিছু ফিগারও স্থান পেয়েছে। এতে প্রদর্শনীটির চরিত্র ও মান খানিকটা ক্ষুণ্ন হয়েছে বলেই মনে হয়। আসলে কাজের ধারাবাহিকতার উপস্থিতি খুব কি প্রয়োজন নতুন প্রদর্শনীর ক্ষেত্রে?
শিল্পাঙ্গনে ১৪ মার্চ শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয়েছে ২৮ মার্চ।