দহনকালের কাব্য
সংবেদনশীল শিল্পীর মানসভূমে সময়ের দহন ও আশা-নিরাশা উঠে আসে। আত্মার আর্তি আধুনিক শিল্পকলায় সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে। বিপ্লব গোস্বামী সময়কে ধারণ করে ছবি এঁকেছেন। ১৭টি কাজে এক বৈরী সময়ের ঘূর্ণন স্পষ্ট করে দেখান। শিল্পে বিপণন কথাটি আপেক্ষিক। বিষয় আর নন্দনবোধের সম্মিলনে বিপ্লব গোস্বামী তৈরি করেন দ্রোহের ভাষা। এ ভাষায় আগুন আছে। লালরঙা আগুনের উত্তাপ ক্যানভাসের বাইরে দর্শকের কাছে পৌঁছায়। দৃষ্টিসীমার বাইরে এসে আরেকটি ক্যানভাসে মনোযোগ স্থাপন করে। অলংকার, ব্যঞ্জনা, রসবর্জিত চিত্রনির্মাণে বিপ্লব গোস্বামী নিজেকে স্থির করেছেন। দুর্বোধ্য ভাষা তৈরির চেষ্টা না করেই ১৭টি ক্যানভাস একটি ভাষা উপহার দেয়। নগরে পা ফেলতেই বিপ্লব বুঝে যান লড়াই শুরু। জল, হাওয়ায় ছিন্নভিন্ন হয়েছে মায়া। মমতার হাতছানি নেই। গ্রামীণ জনপদের সবুজ এখানে নেই। নড়াইলের শিশুস্বর্গে হাতেখড়ি নেন চিত্রকলায়। খুলনায় চিত্রকলা শিক্ষার আরেকটি ধাপ পেরিয়ে চলে আসেন মহানগরে। তারপর কলকাতায়। সময় গড়াতে গড়াতে পরিবর্তন আসে শিল্পীর সৃষ্টিতে। সুলতানের বলিষ্ঠ দেহের মানুষ আর প্রকৃতির মায়া বিপ্লবের ক্যানভাসে স্থান পায়নি।নিসর্গের জ্যামিতি তাঁর রঙের ব্যবহারে স্পষ্ট হয়। জ্যামিতির উপস্থাপনের সঙ্গে মানবদেহের ভঙ্গি, উত্থান, আর্তি, যন্ত্রণা ভেঙে দেন রঙের বিচ্ছুরণে। কৌণিক আকৃতির ভেদাভেদ একটি রঙের তলকে ছাড়িয়ে আরেকটি তলে ছড়িয়েছে। মানুষের আকৃতি অবস্থান নিয়েছে কৌণিক ভঙ্গিতে। তাঁর কাজে অনুসরণ বা অনুকরণের খোঁজ দেয় না। কিন্তু তিনি নিজেই জানান, পিকাসো, ক্যান্দিনস্কি, ব্র্যাক ও রেমব্রান্ডের কাজের প্রতি একরকম মমতা থাকলেও তাঁর ক্যানভাসে সে রকম ছায়া নেই। বিপ্লবের চিন্তা ও নিরীক্ষায় স্বকীয়তা স্পষ্ট। স্বাধীন ও বিশুদ্ধ সত্তা নির্মাণকে প্রাধান্য দিয়ে একটি ভাষায় দর্শকদের জানাতে চান শিল্পের সারমর্ম। রং ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি রং তিনি বেছে নেন। লাল, ধূসর, আলট্রামেরিন, বান্ট সিয়েনা ও কালো তাঁর ক্যানভাসে বারবার উঠে আসে। লালের তীব্রতাকে সামঞ্জস্যপূর্ণ ব্যবহারে ক্যানভাস ভারী দেখায় না। ধূসর রং ও লালের ব্যবহার নিয়ে শিল্পী মত দেন এভাবে—সময়টা এ রকমই, অন্ধকার আর রক্তবর্ণা লাল মানুষের দিনপঞ্জির অংশ। এসবই সত্য। সবাই এই সত্য লুকিয়ে পথ চলে। ছবি সত্য বলে দেয়। দহনের কথাগুলো ক্যানভাসে স্পষ্ট।‘গ্রিফ অব টাইম-৪’ ছবিতে আলট্রামেরিন ব্লুর প্রাধান্যে স্পষ্ট হয়ে ধরা দেয় বেদনার আর্তি। আড়াআড়ি ক্যানভাসটিতে মানুষের উড্ডীন হাতের উপস্থিতি বোঝা যায়। এক কেন্দ্রে ছোটা মানুষগুলোর গন্তব্য ঊর্ধ্বে। অভ্যন্তরে যাতনা অনুভব করে মানুষ। সময়কে পার করে দেয় কোনোভাবে। হাঁটু গেড়ে, হামাগুড়ি দিয়ে পার হয় খুনরঙা লাল, ধূসর রঙের ছায়া। বিপ্লব গোস্বামীর প্রতিটি কাজে ধারাবাহিক আচরণ একটি ভাষা তৈরি করে দেয়। জ্যামিতির চলাচলের জন্য কখনো ছবিগুলো দৃষ্টিতে স্থিরতা দেয় না। বিষয় নির্মাণে দৃঢ়তা থাকলেও রং ও আকৃতির ব্যবহারে শিল্পীর মনোযোগ স্পষ্ট নয়। এককেন্দ্রের দিকে গিয়ে সব বিষয়, যেমন মানুষও আকৃতির একটি শক্তি তৈরি করে। বিপ্লব গোস্বামী সময়ের বৃত্তান্ত স্পষ্ট করে বলে যান ক্যানভাসে, যা আধুনিক শিল্পভাষায় বিমূর্ত বা অর্ধবিমূর্ত বলা চলে। দর্শকের শিল্প উপভোগের জায়গায় বিপ্লব সফল। শিল্পকর্মের সংখ্যায় পরিমিতি দেখিয়ে তিনি দর্শকদের স্বস্তি দিয়েছেন। দহনকালের কাব্য রচনায় যে ভাষা ব্যবহার করেন শিল্পী, তার সঙ্গে যুক্ত করবেন নতুন কোনো সৃষ্টিকৌশল। ঢাকা আর্ট সেন্টারে ১৭ মে শুরু হওয়া প্রদর্শনী শেষ হয় ২৮ মে।