যা হবার না, শেষপর্যন্ত তাই হলো!
আমিও ফেসবুক লাইভের জন্য মনোনীত হলাম।
এ এক মনোনয়নই। কেউ না কেউ, আজকাল, কাউকে না কাউকে, এমন মনোনয়ন দিয়ে দিচ্ছেন। তারা আগ্রহে অনাগ্রহে লাইভে বসছেন। কথা বলছেন, গান শোনাচ্ছেন, গালাগাল দিচ্ছেন বা এই সব কিছুই না করে শুধুই ড্যাবড্যাব চোখে তাকিয়ে থাকছেন।
করোনা আমাদের শুধু জ্বর-সর্দি-কাশি আর শ্বাসকষ্ট না, ফেসবুক লাইভও দিয়েছে।
ইনবক্সে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আমার শ্বাস ভারী হয়ে এল আনন্দে। বললাম, পাইলাম, আমি ইহাকে পাইলাম!
কিন্তু জানতাম না এই পাওয়া এত দুস্কর হয়ে উঠবে। জানতাম না, সব পাওয়া আসলে পাওয়াও হয়ে ওঠে না।
লাইভের ব্যাপারটা প্রথমেই হিমেলকে বললাম।হিমেল বন্ধু মানুষ। নিয়মিত লাইভ করে। লাইভে তার বিষয়বস্তু খুবই নজরকাড়া হয়। শেষবার লাইভ করল গরুর শিঙের ওপর। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসে গরুর শিং নিয়ে তাদের অভিজ্ঞতার কথা বলে গেছেন। বেশির ভাগই তাড়া খাওয়ার গল্প। এই গল্প মানুষ নাকি হা করে শুনেছে।
আমি বললাম, 'বন্ধু, লাইভে আসছি তো।'
হিমেল বলল, 'খুবই ভালো করছিস। অভিনন্দন।'
'আরে আগে শুনবি তো কিসের ওপর লাইভ…'
'লাইভ কিসের ওপর সেটা কিন্তু বিবেচনা না বন্ধু, লাইভ কীভাবে করতেছ সেইটাই বিবেচনা!'
'কীভাবে করব মানে…বসে বসে করব।'
'আরে গাধা! বসাটাও ইস্যু না…কিন্তু কথা এমনভাবে বলতে হবে যেন মনে হয় তুই যা বলছিস তা খুবই গুরুত্বপূর্ণ!'
'আচ্ছা। আচ্ছা। এইটা তো ভেবে দেখিনি।'
'তুই কোনোদিনই কোনো কিছু ভেবে দেখিস না। এখন যা বলছি শোন...'
'হ্যাঁ বল...
হিমেল গড়গড় করে অনেক কিছু বলে গেল। তার সবটার যে মর্ম উদ্ধারে সমর্থ হলাম তা না।
হিমেল বলল, 'ধর, তুই দাঁতের পোকা নিয়ে লাইভে কথা বলবি...''দাঁতের পোকা নিয়ে কেন কথা বলব?'
'কেন? দাঁতের পোকা খারাপ কী? প্রায় সব মানুষের দাঁত আছে। আর দাঁত যখন আছে তখন তার পোকাও আছে..'
'আচ্ছা বল...'
'তো প্রথমেই তোকে ফেসবুক লাইভে এটা স্টাবলিশ করতে হবে যে দাঁতের পোকা আসলে একটা জাতীয় সমস্যা।এই সমস্যার জন্যই দেশ এগিয়ে যেতে পারছে না।'
'এতে কী হবে?'
'এতে তুই দেশ সচেতন রাজনীতি বোদ্ধাদের মনোযোগ পাবি। তারা বেশ গুছিয়ে তোর লাইভের সামনে বসবে। জানতে চাইবে দেশ যে এগোচ্ছে না এটা আসলে কোন পোকার কারণে...'
'আচ্ছা আচ্ছা।'
'এবার দ্বিতীয় ধাপ। এবার তোর কাজ হবে। দাঁতের পোকা নিয়ে জনমানুষের মধ্যে একটা ভীতি ছড়িয়ে দেওয়া...'
'এটা কীভাবে সম্ভব? দাঁতের পোকা নিয়ে সবাই জানে। জানে যে এটা খুব ভীতিকর কিছু না... মানে ব্যথা হয়...'
'ভীতিকর না বলছিস? ধর, তোর দাঁতে পোকা হলো, সেই পোকাটা যদি বিয়ে করে বসে?'
'মানে?'
'একটা পোকা আরেকটা পোকা বিয়ে করলে কী হবে?'
'ডিভোর্স?'
'না। তাদের বাচ্চা হবে। হাজার হাজার লাখ লাখ বাচ্চা। সেই বাচ্চারা কী করবে?'
'বিয়ে করবে?'
'বাল্যবিবাহের মামলায় জেলে ঢুকতে চাস নাকি তুই, অ্যা? আইন-কানুন দেশে এখন শক্ত, ফেসবুকে আরও শক্ত। ফেসবুকে খবরদার বেআইনি কিছু করতে যাবি না। বুঝলি?'
'তাহলে বাচ্চারা কী করবে?'
'খেলা করবে। কোথায় খেলা করবে? দাঁতের ভেতর… খেলা করতে করতে দাঁতগুলোকে ক্ষয় করে ফেলবে...ক্ষয় হতে হতে এক সময় দাঁতুগুলো পুটুস...'
'ভেঙে যাবে?'
ফেসবুক লাইভে বসব। মোবাইল, ল্যাপটপ সব ঠিক করে রেখেছি। যে কোনো সময়ই কল চলে আসবে। রুনা আমাকে জুতা পর্যন্ত পরিয়েছে। হিমেল এরই মধ্যে তিনবার ফোন দিয়েছে। কী কী বলতে হবে বারবার মনেও করিয়ে দিয়েছে। এর মধ্যে সঞ্চালক লিংক টিংক পাঠিয়ে একটা ব্যবস্থা তৈরি করলেন। ফোন দিলেন, 'আপনি তৈরি তো?'
'আর যদি ভেঙেই যায়, তাহলে মানুষের কী হবে?'
'কী হবে?'
'তখন তারা আর বিয়ে করতে পারবে না। দাঁত নাই এই রকম মানুষের সাথে কেউ বিয়ে করবে?'
'এইগুলো বলব লাইভে?'
'বলবি না? এইগুলো না বললে মানুষ তোর কথা শুনবে কেন? মানুষকে বোঝাতে হবে তুই তাদের সমস্যার কথা বলছিস। আচ্ছা, এমনিতে তোর সাবজেক্ট কি লাইভের?'
'আমার তো…'
'বাদ দে। সাবজেক্ট যাই হোক, বলবি দাঁতের পোকার মতো করে, বুঝলি?'
'হুম।'
দুই
লাইভের কথা রুনাকে বলতেই রুনা হঠাৎই উত্তেজিত হয়ে পড়ল।
রুনা আমার স্ত্রী। আমার যে কোনো বিষয়েই সে উত্তেজিত হয়ে পড়ে। সে ধরেই নেয় আমি ব্যাপারটা আমি ঠিকমতো সামলাতে পারব না। অবশ্য আমিও তাকে কোনোদিন ভুল প্রমাণ করতে পারিনি। উত্তেজনা আর উদ্বেগ নিয়ে রুনা চোখ পিটপিট করতে শুরু করল। বলল, 'লাইভ কখন, কয়টায়?'
'আগামীকাল সন্ধ্যায়। সাতটায়।'
'সাতটায়? মাথা খারাপ তোমার।সাতটায় তোমার লাইভ কে দেখবে?'
'সাতটায় কী সমস্যা?'
'সাতটায় তো সবাই সিরিয়াল দেখবে। আমি নিজেই দেখব। লাইভের সময় পাল্টাও।'
'আরে সময় তো আমার হাতে না।'
'সময়ের জন্যই তোমার লাইভ হিট হবে না, বুঝলে?'
'আচ্ছা। লাইভ কীভাবে হিট হয়?'
'আরে বেশি লোক দেখা, বেশি কমেন্ট আসা, বেশি রিঅ্যাক্ট পাওয়া…বোঝো না এইগুলো তুমি?'
'না মানে ঠিক আছে। আমার ধারণা, আমার লাইভ এমনিতেই কেউ দেখবে না। যে সময়েই হোক না কেন…'
'দেখবে না মানে? আমি দেখানোর ব্যবস্থা করব।'
আমি ভড়কে গেলাম। রুনা যখন কোনো কিছুর 'ব্যবস্থা করব' বলে শুরু করে সেই জিনিসটা আর কখনো শেষ হয় না। আমি ভয়ে ভয়ে বললাম, 'তুমি কী করবে?'
রুনা প্রথমেই আমাকে টেনে নিয়ে গেল আয়নার সামনে—'দেখো, নিজের চেহারাটা দেখো।'
'সকালেই দেখছি তো!'
'তোমাকে দেখতে বয়স্ক বান্দরের মতো লাগছে।'
'বয়স তো হয়েছেই একটু না।'
'তাই বলে বান্দরের মতো লাগবে?'
'মানুষ তো নাকি বান্দর থেকেই আসছে।'
'কথা বন্ধ। ফেসবুক লাইভে তোমাকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে।'
'হুম। হিমেল বলছিল, দাঁতের পোকার কথা...'
'তুমি এবং তোমার বন্ধু, সবগুলোই একেকটা খ্যাত, বুঝলে? দাঁতের পোকা দিয়ে ফেসুবক লাইভে লোক জমাবে? তুমি কি কারওয়ান বাজারের ক্যানভাসার?'
'তাহলে কী করব?'
রুনা হাসলো। তারপর রুনা যা আরম্ভ করল তা ঠিক কহতব্য নয়।
রুনা গত সপ্তাহেই একটা ট্রিমার আনিয়েছিল অনলাইন শপ থেকে। পরীক্ষা করার মানুষ পাচ্ছিল না। আমাকে গিনিপিগ করে বসিয়ে দিলো বারান্দায়। একবার এই কানে টান তো একবার ওই কানে টান দিয়ে চুল আমার উড়িয়ে দিল দুই দিকে। আমাকে ছিলে মুরগির মতো দেখাতে লাগল। আমি কিছু বললাম না তবু, যদি আরও কিছু করে বসে!
কিন্তু না বললে কী হবে, রুনা আরও কিছুই করল!
আমাকে চোখ বন্ধ করে শুইয়ে মুখের ওপর কোনো একটা ক্রিম ঘষতে থাকল। আমি ভাবলাম, ক্রিমের কারণে হয়তো আমি বান্দর থেকে মানুষে ফিরব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চামড়ায় টান মারা শুরু করলে চোখ খুললাম। যা দেখলাম তা দেখার যোগ্য না! দেখি যে আমার মুখটায় যেন গোল একটা কালো মাস্ক। একটু কায়দা করে লাগালেই কৃষ হয়ে যেতাম!
'এইটা কী?'
'ফেসমাস্ক। বাঁশের চারকোল দিয়ে তৈরি। একঘণ্টা চুপ করে বসে থাকো।'
আমি বসে থাকলাম। করোনায় কতই তো মাস্ক ব্যবহার করলাম কিন্তু এর চাইতে ভয়াবহ মাস্ক আমি দেখিনি। একঘণ্টা পর রুনা সেই মাস্ক তুলতে শুরু করল। মনে হচ্ছে মুখের চামড়াসহ উঠে আসবে। রুনা আমার মুখটা ধুইয়ে দিয়ে বলল, 'দেখো, সুন্দর লাগছে না তোমাকে?'
আমি বললাম, 'আমার মুখে যে জিনিস লাগিয়েছিলে., তাতে এখন যেমনই লাগুক না কেন আমাকে সুন্দরই লাগবে আসলে!'
'ধুর, তুমি আসলে কিছু বোঝোই না! মুখের সব দাগ ডার্ক সার্কেল--সব ভালো হয়ে গেছে…!'
এরপরই রুনা আমার মুখে ভিটামিন ই দিয়ে তৈরি কিছু একটা আমার মুখে ডলতে লাগল। বলল, 'এখন তুমি ফেসবুক লাইভে যাওয়ার যোগ্য হয়েছ।তোমাকে দেখলেই লোকে থমকে যাবে। লাইভে আটকে যাবে!'
আমি গালজুড়ে তীব্র ব্যথা নিয়ে ঘুমিয়ে পড়লাম।
তিন
সন্ধ্যা সাতটা।
ফেসবুক লাইভে বসব। মোবাইল, ল্যাপটপ সব ঠিক করে রেখেছি। যে কোনো সময়ই কল চলে আসবে। রুনা আমাকে জুতা পর্যন্ত পরিয়েছে। হিমেল এরই মধ্যে তিনবার ফোন দিয়েছে। কী কী বলতে হবে বারবার মনেও করিয়ে দিয়েছে।
এর মধ্যে সঞ্চালক লিংক টিংক পাঠিয়ে একটা ব্যবস্থা তৈরি করলেন। ফোন দিলেন, 'আপনি তৈরি তো?'
তা আমি তো কাল থেকেই তৈরি! বললাম, 'হ্যাঁ। দাঁতের পোকাবিষয়ক বলা তো...'
'না না। তা কেন? আমরা তো পুকুর চুরি নিয়ে আলোচনা করব!'
'হ্যাঁ হ্যাঁ, তাই তো। মনে আছে মনে আছে।'
আর মিনিট পাঁচেকের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমার সাথে আরও দুজন আছেন। তারাই বলছেন। পুকুর চুরি বিষয়ে তাদের জ্ঞান অত্যন্ত জোরালো। আমি কিছু বলার সুযোগই পাচ্ছি না। রুনা চিরকুট দিয়ে গেল। লেখা, কথা বলছ না কেন?
ফলে বলা শুরু করলাম। বললাম, পুকুর চুরিটা হলো অনেকটা সামাজিক ব্যাধি। সমাজের ব্যাধি ধীরে ধীরে মানুষকেও আচ্ছন্ন করে। আমি কি ভুল কিছু বললাম?সঞ্চালক বলল, 'না না। সে তো ঠিকই আছে।''ভুল কিছু বললে ধরিয়ে দেবেন প্লিজ। সবাইকে নিজের শরীরের দিকে নজর দিতে হবে। বিশেষত দাঁতের দিকে।'
'দাঁত?'
'বত্রিশটা করে থাকার কথা। অথচ সবারই কিছু না কিছু কম। বাঘের মতো দাঁতও যদি বিপন্ন হয়ে যায় তাহলে কামড়াবেন কী করে?'
'কামড়াব?'
'কামড়াবেন না? না কামড়ালে খাবেন কী করে?'
'খাব?'
'খাবেন না? না খেলে বাঁচবেন কী করে?'
অন্য দুইজন বলে উঠল—ঠিক ঠিক! খাওয়াটাই তো মুখ্য!
সঞ্চালকও ভাবলেন একটু। বললেন, 'তা তো ঠিকই!'
আমি বললাম, 'যদি খাওয়াটা মূখ্য হয়, তাহলে পোকাটা কী?'
'কোন পোকা?'
'দাঁতের পোকা। দাঁতের পোকা থেকে বাঁচতে হবে না? আগেই তো বললাম দাঁতই যদি না থাকে তাহলে তো…'
'আমরা তো আসলে পুকুর চুরির কথা বলছিলাম…'
'শোনেন, যদি আপনার দাঁতে পোকা থাকে তাহলে দাঁত থাকবে না। দাঁত না থাকলে খাওয়া থাকবে না। খাওয়া না থাকলে পুকুর কি ডোবা চুরিও থাকবে না!'
'আচ্ছা। আচ্ছা।'
'পুকুরচুরি তখনই বন্ধ হবে যখন আপনি দাঁতের পোকা শেষ করতে পারবেন!'
সঞ্চালক এবং অন্য দুজন বক্তা ঝিম মেরে তাকিয়ে থাকল আমার দিকে। দেখলাম একজন, মাত্র একজন আমাদের লাইভ দেখছে। সেও ওই আমার বউ রুনা। রুনা টেক্স পাঠাল—তোমাকে দেখতে যে কী কিউট লাগছে বলে বোঝানো যাবে না! আমার বাঁশের চারকোল থেরাপি কাজে লেগেছে, বুঝলা?
আমি খুশি হলাম। আরো খুশি হতাম হিমেল যদি আমার লাইভটা দেখত। বেচারা জানতেই পারল না তার দাঁতের পোকাকে আমি পুকুরচুরির সাথে কীভাবে মিশিয়ে দিয়েছি! আসলে ফেসবুক লাইভে পুকুরচুরিও যা, দাঁতের পোকাও তো আসলে তা-ই!
অন্য আলোতে লেখা পাঠানোর ঠিকানা [email protected]