আজ যখন জীবনের শেষ বাঁকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকাই, দেখি, জীবনটাকে যেন বা উড়ো হাওয়ার মতো পার করে দিয়েছি। চৈত্রের খরতাপে শিমুল তুলো যেভাবে ওড়ে, আমার জীবনটাও অনেকটা সেই রকম। সুস্থির হওয়ার মতো কোনো সুযোগ আমার জীবনে কখনো ঘটেনি। ফলে আমার কবিতা ও অন্য লেখাপত্রেও নিশ্চিত তার ছাপ রয়ে গেছে।আমাদের বাড়িতে একরকম পাঠ-আবহ ছিল, মা নিজেও কবিতা লিখতেন। ফলে পড়াশোনার অভ্যাস জন্মেছিল শৈশবেই। আর আমি নিজে যখন কবিতা লিখতে শুরু করলাম, সেটিও এক আত্মপরিচয়ের সংকট থেকে। ষাটের দশকের সেই সময় বাস্তবিক অর্থে ছিল উত্তাল। ভারত-পাকিস্তানের উত্তপ্ত সম্পর্ক। এর মধ্যেই আমি অনেকটা ভাসতে ভাসতে কলকাতায় অভিবাসী হলাম। তো, তখন সেই অবস্থায় এক আত্মপরিচয়ের সংকট আমাকে জেঁকে ধরল। লিখতে শুরু করলাম। মূলত কবিতা। যদিও গদ্য লেখার ইচ্ছা ছিল, কিন্তু গদ্য লেখার মতো স্থিরতা তখন আমার ছিল না। এভাবেই ১৯৬৫ সালে কলকাতা থেকে প্রথম কবিতার বই বেরোল—নিষাদ প্রদোষে। অবশ্য এর আগে পূর্ববঙ্গ থেকে সূর্য করোজ্জ্বল বনভূমি নামে একটি ভ্রমণকাহিনি বেরিয়েছিল আমার। এটিই ছাপার অক্ষরে আমার প্রথম বই। মজার বিষয় হলো, প্রথম দুটি বইয়ের কোনো কপিই আমার কাছে এখন আর নেই!জীবনের পথে হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হয় অল্প অল্প করে অনেক কবিতাই তো লেখা হলো; কিন্তু এখন পর্যন্ত কবিতাগুলোকে একসঙ্গে গুছিয়ে একত্র করা হলো না। তাই আমার অনেক কবিতার মধ্য থেকে একটি নির্বাচিত কবিতাসম্ভার প্রকাশের ইচ্ছে আছে এবার। কবিতাসম্ভার গোছের নাম হলেও প্রকৃতপক্ষে এটি সংকলনের চেহারা পাবে। ১৯৭০ সালে কলকাতা থেকে প্রকাশিত বেলাল চৌধুরীর কবিতা, বাংলাদেশ থেকে বের হওয়া আত্ম প্রতিকৃতি, স্থির জীবন, নিসর্গ, জলবিষুবের পূর্ণিমা, যাবজ্জীবন সশ্রম উল্লাসে এবং যে ধ্বনি চৈত্রে, শিমুলে—এসব কাব্যগ্রন্থ ছাড়াও এ বছর প্রকাশিত বিদায়ী চুমুক-এর কবিতা থাকবে এতে। এ ছাড়া একদম সাম্প্রতিক কিছু কবিতাও সংযুক্ত হতে পারে। কবিতা ছাড়া মাঝেমধ্যে গদ্যও লেখা হয়েছে দু-চার কলম। এ বছরই আমার স্মৃতিকথা গ্রন্থ নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায় বের হয়েছে। সেই সময় খানিকটা তাড়া-তাগাদার কারণে অনেক স্মৃতিই অলিপিবদ্ধ অবস্থায় থেকে গেছে। এবার তাই এই বইটিও ঠিকঠাকভাবে বিন্যস্ত করে বের হবে আবার। ফলে কবিতা ও গদ্যের যুগল মন্থনে শব্দ, বাক্য আর লেখার সরঞ্জাম সঙ্গে নিয়ে যেন এখন দাঁড়িয়ে আছি জীবনের শেষ বেলায়।অনুলিখন: নির্লিপ্ত নয়ন