পেশোয়ার এক্সপ্রেস—কৃষণ চন্দর \ অনুবাদ: জাফর আলম \ প্রকাশক: প্রথমা প্রকাশন \ প্রকাশকাল: ২০১০ \ প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী \ মূল্য: এক শ দশ টাকাব্রিটিশের চরম সাম্প্রদায়িক ও প্রতিশোধাত্মক ভেদনীতি অনুসরণেরই চূড়ান্ত পরিণতি ছিল ১৯৪৭ সালের ভারত উপমহাদেশের বিভক্তি—ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র সৃষ্টির রক্তাক্ত উ ৎ স। কেউ কেউ অবশ্য ত ৎ কালীন অবিভক্ত ভারতে আকালিদের ‘শহিদি দল’, হিন্দু সম্প্রদায়ের ‘রাষ্ট্রীয় সেবা সংঘ’ এবং মুসলমানদের ‘মুসলিম ন্যাশনাল গার্ড’-এর পাশাপাশি কংগ্রেস ও মুসলিম লীগের একাংশের চরম উগ্র ও জাতিবৈর ত ৎ পরতাকে এ জন্য দায়ী করে থাকেন। তাঁদের অভিমত, ব্রিটিশ রাজ এ ক্ষেত্রে কেবল ইন্ধনদাতার ভূমিকা পালন করেছে। অবশ্য এ নিয়ে তর্ক-বিতর্কের অন্ত নেই। ১৯৪৬-৪৭-এর দাঙ্গার নির্মোহ ইতিহাস রচনা ও বিচার-বিশ্লেষণের প্রয়াস খুবই সাম্প্রতিক ঘটনা। কিন্তু ইতিহাস ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণগত বিবরণের পাশাপাশি উল্লিখিত মহা দাঙ্গার রক্তাক্ত ঘটনাধৃত যেসব বিবরণ আমরা কথাসাহিত্যের সূত্রে পেয়ে থাকি, তাকে বাদ দিয়ে কি এই ঐতিহাসিক অধ্যায়ের সম্পূর্ণতার দাবি করা যাবে? যাবে না। যাবে না বলেই এখনো সমান আগ্রহে আমরা পাঠ করে থাকি এ প্রসঙ্গিত ইতিহাস, সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষণের পাশাপাশি উপন্যাস, ছোটগল্প ও রিপোর্টাজ-জাতীয় রচনা।পেশোয়ার এক্সপ্রেস সর্বভারতীয় বিখ্যাত লেখক কৃষণ চন্দরের তেমনি একটা সাহিত্যকর্ম, যার প্রতিটি ছোটগল্পের ভেতর দিয়ে ১৯৪৭-এর দেশ বিভাগজনিত রক্তাক্ত দাঙ্গার ঘটনা তার ভয়াবহ রূপসমেত চিত্রিত। এই গ্রন্থের ভূমিকায় উর্দু কবি আলি সরদার জাফরি সেই রূপটিকে তুলে ধরেছেন ঠিক এইভাবে: ‘আজ পূর্ব পাঞ্জাবে একজন মুসলমানও নেই, পশ্চিম পাঞ্জাবে কোনো শিখ বা হিন্দুকে দেখা যায় না। হাজার বছরের পুরোনো গ্রাম লুট করা হয়েছে, হাজারো হিন্দু, মুসলমান ও শিখ নারী রাস্তায় ও বাজারে প্রকাশ্যে ধর্ষিত হয়েছে। লাখো নিরীহ মানুষ মারা গেছে। এক কোটির মতো মানুষ বাড়িঘর থেকে বাস্তুহারা হয়েছে। খেত বিরান হয়েছে, কারখানা বন্ধ হয়ে গেছে। পোড়ানো হয়েছে বইয়ের দোকান। পুড়ে ছাই হয়ে গেছে মূল্যবান দলিলপত্র। ছাত্রশূন্য মক্তব-মাদ্রাসায় পেঁচা উড়ছে। বাতাসে লাশের বিশ্রী গন্ধ। এসবের স ৎ কার করার কেউ নেই। নদীর পানিতে ভাসছে লাশ। তার পানি পর্যন্ত দুর্গন্ধময় হয়ে পড়েছে। ইংরেজরা শান্তিপূর্ণভাবে শাসনভার হস্তান্তর করেছিল, অথচ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হলো দেশের মাটি। শান্ত ভারতে শুরু হলো গৃহযুদ্ধ। দেহের কোথাও ফোঁড়া হলে তা অস্ত্রোপচার না করলে সারা দেহ বিষাক্ত হতে বাধ্য।’ এখনো জাফরির এই উচ্চারণ কতটা সত্য, কতটা প্রাসঙ্গিক, এই উপমহাদেশের কোনো না কোনোখানে এখনো নানারূপে সংঘটিত সাম্প্রদায়িকতার বহিঃপ্রকাশ থেকে তার দিব্য প্রমাণ পাওয়া যায়।পেশোয়ার এক্সপ্রেস-এর সূচনা গল্প ‘উন্মাদ’-এর কথাই ধরা যাক। মুসলমানদের এলাকায় দুজন হিন্দুর বসবাস। একজন লালা বাঁশিরাম ক্ষত্রিয়, অন্যজন ব্রাহ্মণ রামনারায়ণ। বর্ণহিন্দুদের মধ্যে যাদের অবস্থান এক ও দুই নম্বরে। এই গল্প আদ্যোপান্ত লেখা হয়েছে উত্তম পুরুষে—‘আমি’, ‘আমরা’ ও ‘আমাদের’ বয়ানে। জানানো হচ্ছে, বিহারে দাঙ্গা বাধার পর ‘মুসলমানদের ওপর যখন বিপদ ঘনিয়ে আসে, তখন আমাদের রক্ত গরম হয়ে ওঠে। এই শালাদের ঔদ্ধত্য বেড়ে গেছে।...তাই আমি, রশিদ, ফজু মুচি আর গল্লে কুস্তিগির এবং গলির আর আট-দশজন যুবক মিলে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এখানকার হিন্দুদের বিহারের ঘটনার স্বাদ পাওয়া উচিত।’ ঘটনাস্থল লাহোর। হিন্দুদের শুরু করা দাঙ্গার পাল্টা ব্যবস্থা হিসেবে এ গল্পের উত্তম পুরুষোক্ত মুসলমানরাও তাদের এলাকার ব্রাহ্মণ রামনারায়ণ এবং লাল বাঁশিরাম ক্ষত্রিয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। হত্যা করা হয় রামনারায়ণকে। তারপর লুটপাট শেষে যখন মুসলমানরা তাদের নিজেদের এলাকায় আসে তখন শুনতে পায়, হিন্দুরা তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে। হত্যা করা হয়েছে মানুষজনকে এবং এ গল্পের নায়কের স্ত্রীকেও। এবং গল্পের সমাপ্তি যেভাবে টানা হয় আপনাকে তা নির্বাক করে দেবে। তার বর্ণনাটি এ রকমের: ‘আমরা সবাই লুটপাটের জন্য বেরিয়ে গিয়েছিলাম। কে জানত, এই অসভ্য হামলাকারীরা আমাদের অবর্তমানে নিরস্ত্র মেয়েদের ওপর হামলা চালাবে? আমি শাড়ি, গয়না এবং রুপোর গ্লাস ইত্যাদি আমার বউয়ের সামনে এনে রাখলাম। তার লাশ ছুঁয়ে শপথ নিয়ে বললাম, “আয়েশা, তোমার নামে শপথ করে বলছি, আমি তোমার খুনের বদলা যদি না নিই, তাহলে আমি আমার পিতার সন্তান নই, একটা শুয়োরের বাচ্চা।” এ কথা বলে ছুরি হাতে নিয়ে আমি গলির বাইরে চলে যাই। রশিদ আমার সঙ্গে সঙ্গে আসছিল।’এই গল্পের পটভূমি, স্থানকাল এবং পরিবেশ-পরিস্থিতি ও পাত্রপাত্রীর আচরণ ও মনস্তত্ত্ব যে গভীর শৈল্পিকতায় তুলে ধরেন কৃষণ চন্দর, তার তুলনা মেলা ভার। এখানেই তিনি একক ও অদ্বিতীয়। তাঁর একই ধরনের শক্তিমত্তার পরিচয় মেলে তাঁর ‘লালবাগ’, ‘অমৃতসর: ভারত বিভাগের আগে’, ‘অমৃতসর: স্বাধীনতার পরে’, ‘পণ্ডিত নেহরু ও জিন্নাহর প্রতি পতিতার খোলা চিঠি’, ‘পেশোয়ার এক্সপ্রেস’ ও ‘জ্যাকসন’ শিরোনামের গল্পেও। প্রতিটি গল্পের পটভূমিজুড়ে দাঙ্গা, স্থান ভিন্ন হলেও। সাম্প্রদায়িক দাঙ্গার রূপ যে কতটা ভয়াবহ, বীভ ৎ স ও অমানবিক হতে পারে, কৃষণ চন্দরের এই গ্রন্থভুক্ত প্রতিটি গল্পের পরতে পরতে তা জীবন্তরূপে ধরা আছে। আমাদের অনুবাদ সাহিত্যকে নিঃসন্দেহে ঋদ্ধ করেছে এই গ্রন্থের প্রকাশ। জাফর আলমের অনুবাদ প্রাঞ্জল ও ঝরঝরে। মঞ্জুর হুসেন