দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৯০৫ সালে যখন তিনি জানতে পারেন যে তাঁর নিজ কোম্পানির ব্যাটারি ত্রুটিপূর্ণ তখন টমাস আলভা এডিসন সব ক্রেতাকে মূল্য ফেরতের সিদ্ধান্ত নেন। তিনি নিজ পকেট থেকে এক মিলিয়ন ডলার ফেরত দেন। ১৯৩০ সালে বার্লিনের ক্ষুধার্ত দরিদ্রদের সাহায্যার্থে তিনি তাঁর অটোগ্রাফ তিন ডলার এবং অটোগ্রাফসহ ফটো পাঁচ ডলার করে বিক্রি করে অর্থ সংগ্রহ করেন। সুইস জনহিতৈষী হেনরি ডুনাল্ট রেডক্রস প্রতিষ্ঠায় এত অর্থ এবং শক্তি ব্যয় করেন যে তাঁর টেক্সটাইল ব্যবসা লাটে ওঠে এবং তিনি নিজে দেউলিয়া হয়ে যান। ১৯০১ সালে তিনি যৌথভাবে প্রথম নোবেল শান্তি পুরস্কার পান এবং তা থেকে প্রাপ্ত সম্মানী জনসেবায় কাজে ব্যয় করেন, পরিবারের জন্য করেননি। সেন্ট ফ্রান্সিস, যিনি ১২০৯ সালে ফ্রান্সিসকান ধর্ম প্রতিষ্ঠা করেন, তাঁর কোনো থিওলজিক্যাল প্রশিক্ষণ ছিল না। তিনি ছিলেন একজন খুবই সাধারণ মানুষ, তবে জন্মগতভাবে ছিলেন ধনী। কিন্তু তিনি যখন তাঁর সম্পদ জনসেবার কাজে দান করার জন্য মনস্থির করেন, তখন তাঁর বাবা তাঁর সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন। লাইব্রেরি, রিসার্চ প্রজেক্ট এবং বিশ্ব শান্তি প্রচেষ্টায় অ্যান্ড্রু কার্নেগি প্রায় ৩৩০ মিলিয়ন ডলার দান করেন। তাঁর নিজ সময়ে ব্যারোনেস অ্যাঞ্জেলা বার্ডেট-কুটস ছিলেন সবচেয়ে বেশি ধনী উত্তরাধিকারিণী। তিনি ছিলেন চার্লস ডিকেন্সের বন্ধু। যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই তিনি তাঁর বিশাল সম্পদ থেকে দান করেছেন। দান করেননি স্কুলে, বিশপের এলাকায় আর বৃত্তির জন্য অর্থের ব্যবস্থায়—যা সবাই করে থাকেন—তার চেয়ে তিনি তুরস্কের দরিদ্র কৃষকদের সাহায্য, লন্ডনের পূর্বদিকে মডেল আবাসন নির্মাণ, জেরুজালেমে টপোগ্রাফিক্যাল সার্ভের জন্য অর্থ প্রদান, নাইজেরিয়ায় সুতা তৈরির যন্ত্র পাঠানো, অস্ট্রেলিয়ার অ্যাবোরিজিনদের রক্ষার জন্য চ্যারিটির ব্যবস্থা, ব্রিটেনের জন্য লাইফবোট এবং সেন্টপল ক্যাথেড্রালের জন্য ঘণ্টার ব্যবস্থা এবং কুকুরদের জন্য পানির ঝরনার ব্যবস্থা করেছেন—তালিকাটি বেশ দীর্ঘ। ১৮৭১ সালে রানি ভিক্টোরিয়া যখন তাঁকে সম্মাননা প্রদান করেন, ঘটনাটা ছিল অত্যন্ত বিরল, যেখানে তিনি একজন মহিলা, এবং রাজার সঙ্গিনী হওয়ার জন্য নয়, নিজ কৃতিত্বের জন্য এই সম্মাননা দেওয়া হয়। পোলিশ দেশপ্রেমিক তাদেজ কুসিজকো, যিনি আমেরিকার বিপ্লবে ওয়াশিংটনের সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করেন, তিনি তাঁর উইলে নির্দিষ্ট করে দেন তাঁর জমি বিক্রি করে দিয়ে সেই অর্থ যেন কালো ক্রীতদাসের কল্যাণে ব্যয় করা হয়। ডাচ বংশোদ্ভূত ব্যবসায়ী গেরিট স্মিথ অ্যাডিরোনড্যাকের এক লাখ ২০ হাজার একর পতিত জমি পালিয়ে আসা ক্রীতদাসদের জন্য দান করেন। অনুবাদ: হাসান খুরশীদ