দানযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোলাহলে দিন গেল, খুলি নাই

হরিচরণ, জ্ঞানেন্দ্রমোহন;

অতিথি শব্দের কোথায় ব্যুৎপত্তি পাই, কে অতিথি,

                                    কে যাজক

উড়লাম যত্রতত্র পাখাহীন পক্ষীশাবক

তাহলে কোথায় জানি কী দানযজ্ঞ, কে আগন্তুক,

                                    কে বা অতিথি?

বলেন পুরাণের সুবর্ণনকুল, অর্ধাংশ স্বর্ণময়

                                    মুখ ও শরীর

‘কুরুক্ষেত্রে সপরিবারে উপবাসী এক দরিদ্র ব্রাহ্মণ

অতিথিকে দেন সঞ্চিত সমস্ত যবচূর্ণ, গৃহে সবাই অভুক্ত,

এই শক্তুযজ্ঞই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ।’

আমি অতিথির অর্থই জানি না, সেবাযজ্ঞে ব্রতী নই,

তবু সেই ব্রাহ্মণের কথা ভেবে দুই চোখ জলে ঝাপসা হয়ে আসে...।