দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোনাগুনতির বাইরে এখন বহু মানুষ মরে যাচ্ছে প্রায় প্রতিদিন,

বহুভাবে ছোরাতে শাণ দিয়ে হিসাব কষছে কশাইয়েরা;

—আর যারা এখনো জীবিত তারাও যে নানাভাবে নিরন্তর

মরছে বা বেঁচে থাকছে না-থাকারই মতন;

পরস্পর মাতে তারা মিথ্যাচারে, কেউ বা বলে গণহত্যা!

আবার এরই মধ্যে করমর্দন ও আলিঙ্গন করে যেন অশরীরী

মৃতদের প্রতি যেমন জীবিতদের প্রতিও ঠিক ঐ একই রকম—

ঐ করমর্দন ও আলিঙ্গনের যদিও কোনো মানে হয় না!

ধস নিয়ে মশকরাও করছে কেউ কেউ, নয় কি তারা কেউয়ের দঙ্গল?

মাটির গভীর গহনে প্রোথিত যাদের শিকড়-বাকড়

তাদের নিয়ে নাটকও হচ্ছে কবন্ধ আজ যারা

অন্য হাতটি যেন শশব্যস্ত নভোনীলিমার ঘনত্ব প্রতিরোধে

উত্তোলিত-অবান্তর যদিও মানুষ ও পশুর ভেদাভেদ নিয়ে

এদিকে মৃতরা সমানে করে আকুলি-বিকুলি।

ওদের বিগত দিনগুলির স্মরণে, ওদের কাছে আজ একমাত্র জীবন্ত ছবি

জীবন জীবিকা আর অপার দায়বদ্ধতা,

সাভার-বিপর্যয় নিয়ে পারস্পরিক চাপান-উতোর

মানুষ না হাইওয়ান যারা এখনো দরদস্তুর আর

ফায়দা লোটার স্বপ্নে মশগুল-চারিদিকে ফিসফিস।