চিনুয়া আচেবেকে বলা হয় আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক। ১৯৫৯ সালে থিংস ফল অ্যাপার্ট উপন্যাস লিখে সারা পৃথিবীতে হইচই ফেলে দেন। তিনি ছিলেন ঔপনিবেশিক যুগের আগের এবং পরের নাইজেরিয়ার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটের নির্মোহ ভাষ্যকার। সম্প্রতি পরলোকগত এই সাহিত্যিককে নিয়ে আমাদের এই আয়োজন।সম্প্রতি আধুনিক আফ্রিকান সাহিত্যের পথিকৃৎ ঔপন্যাসিক এবং বিশ্বসাহিত্যের প্রথম সারির একজন লেখক চিনুয়া আচেবে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুর সঙ্গে আধুনিক আফ্রিকান সাহিত্যের একটি টালমাটাল অধ্যায়ের সমাপ্তি ঘটল। আমরা ঢালাওভাবে আফ্রিকান সাহিত্য বলে থাকি, কিংবা আফ্রিকা মহাদেশকেও অনেক সময় অনির্দিষ্টভাবে একটি দেশ হিসেবে, একটি ছায়াবৃত, ছায়াচ্ছন্ন দেশ হিসেবে উল্লেখ করি বটে, তবে একই অভিধায় বহু ভাষাভাষীর, বহু জাতিগোষ্ঠীর এই মহাদেশকে এবং এর বহুবিচিত্র সাহিত্যকে আখ্যায়িত করা একেবারেই অনুচিত। চিনুয়া আচেবেও একে একটি ইউনিটে আবদ্ধ করার ঘোর বিরোধী। তিনি বরং একে পরস্পর সম্পর্কযুক্ত একগুচ্ছ স্বয়ংসম্পূর্ণ যৌগ বলে মনে করেন। একইভাবে আফ্রিকার তাবৎ জাতিগোষ্ঠীর সাহিত্যের যোগফলই হলো আফ্রিকান সাহিত্য। এ জন্য নাইজেরিয়ার ইগবো সম্প্রদায়ের ঐতিহ্য ও লোকজীবনে ঔপনিবেশিক শাসনের প্রভাব নিয়ে লেখা হলেও প্রবন্ধ, সাক্ষাৎকার ও গদ্য রচনায় আচেবে সমগ্র আফ্রিকার রাজনীতি নিয়ে, আফ্রিকান লেখকদের ইংরেজিতে সাহিত্য রচনার সমস্যা নিয়ে এবং এই মহাদেশের ধন ও জনসম্পদে নব্য ঔপনিবেশিক শোষণপ্রক্রিয়া নিয়ে বিস্তর আলোচনা করেছেন। এসব আলোচনার মাধ্যমেই রাজনীতি ও সমাজ সম্পর্কে আচেবের নিজস্ব বিশ্বাস, নিজস্ব মতামত বেশ স্পষ্টভাবেই ফুটে উঠেছে। ঔপনিবেশিক শাসন যেহেতু আফ্রিকার মানুষকে শোষণের জাঁতাকলে পিষ্ট করে তাদের ঐতিহ্যিক জীবনযাত্রায় রীতিমতো ভাঙনের সূত্রপাত ঘটায়, সে জন্য এই মহাদেশের লেখক-শিল্পীদের প্রধান উপজীব্যই ছিল ঔপনিবেশিক সম্পর্ক। এই সম্পর্ক পুরোপুরি একটা রাজনৈতিক বিষয়। সে জন্য আফ্রিকার একজন প্রধান কথাশিল্পী হিসেবে আচেবেও পূর্ণমাত্রায় তাঁর রাজনৈতিক দায়িত্ব অর্থাৎ সমাজ ও জনতার প্রতি দায়বদ্ধ থেকে তাঁর শিল্পকর্ম সম্পাদন করেছেন।তাঁর প্রথম প্রবন্ধ সংকলন মর্নিং ইয়েট অন ক্রিয়েশান ডের অনেকগুলো প্রবন্ধেই আচেবে রাজনীতি, শিল্পী-সাহিত্যিকের সামাজিক-রাজনৈতিক অঙ্গীকার, ঔপনিবেশের ঐতিহাসিক পরিপ্রক্ষিত ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করেন। উপনিবেশিক শাসনের গুণকীর্তন যাঁরা করেন, তাঁদের উদ্দেশে আচেবে বলেন যে এই ব্যবস্থার কিছু সুফল থাকলেও শিল্পীর তাতে আহ্লাদিত হওয়ার কিছু নেই; বরং তাঁর নজর রাখতে হবে শাসকের উদ্দেশ্য ও মনোভাবের প্রতি। দান গ্রহণের সময় দানসামগ্রী নয়, দৃষ্টি থাকা উচিত দাতার মুখের দিকে এবং সেই মুখে কী লেখা আছে তা পাঠ করা। ইগবো লোকবচনে বলে, দানের সামগ্রী হাতে থাকতেই চোখ চাটে দাতার মুখ। সেখানে যদি কৃপা-করুণা-ঘৃণা বা অবজ্ঞার রেশ দেখা যায় তো সেই উপহার প্রদানের সামগ্রিক প্রেক্ষিতই যায় পাল্টে। উপহার-দান-ঋণ-অনুদান তখন হয়ে দাঁড়ায় অপমান। এভাবে যুক্তি দিয়ে আচেবে মোটামুটি এই উপসংহারে পৌঁছেন যে আফ্রিকা ও ইউরোপের সম্পর্ক কৃষ্ণাঙ্গদের জন্য মোটামুটি বিপর্যয়ই ডেকে এনেছে। দেশগুলোর স্বাধীনতার পরও নব্য ঔপনিবেশিক পর্যায়ে এই বিপর্যয় কীভাবে নতুন শাসকদের মাধ্যমে সম্প্রসারিত হয়েছে তারও তীক্ষ অন্তর্দৃষ্টিমূলক পর্যবেক্ষণ করেছেন আচেবে তাঁর এসব প্রবন্ধে। সামাজিক দায়িত্ববোধ থেকেই আচেবে মনে করতেন ঔপনিবেশিক ভাষায় লিখলেও আফ্রিকান লেখককে অবশ্যই সমাজবাস্তবতার কথা মাথায় রেখে লিখতে হবে। তাঁর মতে, আফ্রিকান লেখকের উচিত ইংরেজি বা ঔপনিবেশিক ভাষাতেই সাহিত্যকর্ম করা এবং ওই ভাষাতেই নতুনভাবে আফ্রিকান অভিজ্ঞতা প্রকাশ করা অর্থাৎ ইংরেজিকে ইংরেজের মতো করে নয়, আফ্রিকানের মতো ব্যবহার করা। কিছু কিছু লেখক সর্বজনীনতা অর্জনে মরিয়া হয়ে সমাজবাস্তবতা বিকৃত করে লিখতে সচেষ্ট হলে তিনি তাঁদের পরামর্শ দেন এবং নিজে লিখেও দেখান কী করে ঔপনিবেশিক ভাষায়ও আফ্রিকার অথেনটিক জীবন নির্মাণ করা যায় এবং শিল্পোত্তীর্ণ সেই জীবন সর্বজনীনের সঙ্গে একাত্ম হয়ে যায়।আচেবের মতে, আফ্রিকান লেখকের প্রাথমিক দায়িত্ব হলো নিজেদের আত্মমর্যাদা ফিরিয়ে আনতে এ কথাই প্রমাণ করা যে সংস্কৃতি ও সভ্যতার কথা আফ্রিকা প্রথম ইউরোপের কাছেই শোনেনি, তাদের নিজেদেরও ছিল উন্নত ও গভীর জীবনদর্শন, তাদের ছিল কবিতা, ছিল আত্মমর্যাদাবোধ। এ জন্য আচেবে কথাশিল্পীর বস্তুবাদী ইতিহাস সচেতনতার ওপর সর্বাত্মক গুরুত্ব দেন। তাঁর বিভিন্ন প্রবন্ধ ও সাক্ষাৎকারে তিনি এসব কথা বারবার খুব স্পষ্ট করে, জোর দিয়ে বলেছেন। একটা সাক্ষাৎকারে দেখি বলছেন, ‘আফ্রিকার লেখকের পক্ষে একধরনের অঙ্গীকার, একধরনের বার্তা প্রদান, একধরনের প্রতিবাদ করা—এসব ছাড়া আর কিছুই লেখা সম্ভব নয়। আফ্রিকান জীবনটাই এমন হয়েছে যে আপনাকে প্রতিবাদ করতেই হবে, আপনাকে ইতিহাস, ঐতিহ্য, ধর্ম ইত্যাদি নিয়ে কথা বলতেই হবে।’ গত শতকের ষাটের দশকে আফ্রিকার কয়েকটি দেশে জাতীয়তাবাদী স্বাধীনতাসংগ্রামের ফলে সেসব দেশ স্বাধীন হয়। এ রকম পরিস্থিতিতে আফ্রিকান লেখককে বিপ্লবের মাঝখানে একজন বিপ্লবী কর্মী হিসেবে কাজ করার পরামর্শ দেন আচেবে। একটা সাক্ষাৎকারে তিনি বলেন যে লেখকের উচিত সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করা, কারণ রাজনৈতিক ঘটনাপ্রবাহে সক্রিয়ভাবে যোগ না দিলে শিল্পী তাঁর কাজে সত্যিকার জীবন উপস্থাপন করতে পারেন না। আচেবে বলছেন, ‘আমার বন্ধুদের অনেকে বলেন যে রাজনীতি খুব কঠিন জায়গা, লেখক সেখানে গিয়ে কী করবে? বরং থাকুক সে দর্শক হয়ে এক পাশে। হাতে তো তার কলম, নোটবই আছেই। পাশ থেকেই সে বেশি বস্তুনিষ্ঠভাবে ঘটনা পর্যালোচনা করতে পারবে।’ কিন্তু না, আমি বলি আফ্রিকার দেশে দেশে যে বিপ্লব ঘটেছে, তার নেপথ্যে দাঁড়িয়ে সে কেবল ফুটনোট আর টীকাটিপ্পনীই লিখতে পারবে—তত দিনে ঘটনা যাবে শেষ হয়ে। লেখক তখন এখনকার বহু বুদ্ধিজীবীর মতো জিগ্যেস করবে, ‘আচ্ছা, আমি কে? বেঁচে থাকার কী অর্থ? এই জায়গাটা কি আমার, নাকি আর কারও?’ এমন সব প্রশ্ন যার উত্তর কারও জানা নেই। বাস্তবিকই আচেবে লেখকের বিপ্লবী ভূমিকায় বিশ্বাস করতেন এবং তিনি নিজে ১৯৬৭ সালে বায়াফ্রা বা ইগবোদের স্বাধীন ভূমির জন্য শুরু হওয়া গৃহযুদ্ধে ফেডারেশন অব নাইজেরিয়ার বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করেন। তাঁর কাছে বিপ্লব ও সৃজনশীলতা সমার্থক। আচেবের এসব বিশ্বাসেরই শিল্পরূপ আরও সুদূরপ্রসারী আবেদন নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর উপন্যাস ও ছোটগল্পগুলোয়। নিজের উপন্যাস সম্পর্কে তাঁর বক্তব্য এ রকম: ‘যে উপন্যাসগুলো আমি অতীতের প্রেক্ষাপটে লিখেছি, সেগুলো যদি আমার পাঠককে এটুকু শেখায় যে তার অতীত যতই খারাপ হোক, সেখানে কেবলই বর্বরতার অমানিশা ছিল না এবং তা থেকে প্রথম ইউরোপিয়ানরা এসে ঈশ্বরের দোহাই দিয়ে তাকে মুক্তিও দেয়নি, তাহলেই আমি খুশি। আমি যা লিখি তাকে বলা যায় ফলিত শিল্প অর্থাৎ তা নিখাদ, শুদ্ধতম শিল্প নয়। শিল্প দরকারি তা মানি, কিন্তু একটু-আধটু শিক্ষারও তো প্রয়োজন রয়েছে। আমার মনে যে ধরনের শিক্ষাদান কাজ করে তার সঙ্গে শিল্পের কোনো বিরোধ তো আমি দেখি না।’এভাবেই তাঁর উপন্যাস ও প্রবন্ধ সাক্ষাৎকারে আচেবে সারা জীবন একটা সৎ ও দায়িত্বশীল লেখকের পরিচয় রেখে গেছেন। তাঁর শিল্পদর্শন সব সময়ই ছিল গণমুখী, জনকল্যাণকর। ঔপনিবেশিক, উত্তর ঔপনিবেশিক এবং নব্য ঔপনিবেশিক আফ্রিকা—প্রতিটি পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক চিত্র এত বিশ্বস্ততার সঙ্গে, এত বস্তুনিষ্ঠভাবে এবং এতটা শিল্পসম্মতভাবে বোধ হয় আফ্রিকার আর কোনো কথাসাহিত্যিক নির্মাণ করেননি। আচেবের উপন্যাসে নাইজেরিয়ার সমাজ ও রাজনীতির যে ছবি দেখি তা সামগ্রিকভাবে তৃতীয় বিশ্বেরই ছবি। এ জন্য তৃতীয় বিশ্বে যত দিন রাজনীতি একই পঙ্কিল আবর্তে ঘুরপাক খাবে, তত দিনই আচেবের সাহিত্যকর্ম অর্থময় উপযোগিতা নিয়ে এই বিশ্বের দেশগুলোতে নেতৃত্বের অস্বস্তির কারণ হয়ে বেঁচে থাকবে।