দারবিশের হাজিরানা
মাহমুদ দারবিশ: পাঠ ও বিবেচনা—ভূমিকা ও সম্পাদনা: শরীফ আতিক-উজ-জামান \ ফেব্রুয়ারি ২০১০ \ সংবেদ, ঢাকা \ প্রচ্ছদ: পীযূষ দস্তিদার \ ২৪০ পৃষ্ঠা \ ৩০০ টাকাএকজন লেখকের জন্য ভূখণ্ড, জাতীয়তাবোধ একান্ত তাঁর নিজের মামলা। ভূখণ্ডের আয়নায় নিজের আত্মপরিচয় ও জাতীয়তাবোধের বাক্স-পেটরা শনাক্ত করে কীভাবে তিনি লেখাপত্রের দলিল-দস্তাবেজ তৈরি করবেন, সেটিও লেখকের ইচ্ছাধীন। এ ক্ষেত্রে ভূমি ও জাতীয়তা-পরিচয় বুকপকেটে রেখেই মাহমুদ দারবিশ প্রথমত আমাদের কাছে পরিচিতি পেয়েছেন কবি হিসেবে। এত দিন আমরা শুধু বিচ্ছিন্নভাবে তাঁর কবিতা পাঠের মাধ্যমে কবির প্রতিরোধটি বুঝতে চেয়েছি। তবে সেই কাল গত। বাঙালি পাঠক এখন ইচ্ছে করলেই কবি এবং যোদ্ধা পরিচয়ে দারবিশের পূর্ণাঙ্গ সত্তাটির সঙ্গে বোঝাপোড়া করতে পারেন। এ ক্ষেত্রে পাঠকের জন্য সেতুর ভূমিকায় নাজিল হয়েছে একটি পুস্তক—মাহমুদ দারবিশ পাঠ ও বিবেচনা। সম্পাদক-শরীফ আতিক-উজ-জামান।এখানে মাহমুদ দারবিশের কবিতা যেমন গরহাজির নয়, ততোধিক রূপে হাজির তাঁর ভাবনাবিশ্ব, কবিতা প্রসঙ্গে তাঁর একান্ত বোধবিবেচনা। কবিতা ও ভাষা প্রসঙ্গে সাক্ষাৎকারে তিনি যেমন বলেন, ‘প্রথমত কবিতা এবং ভাষা নিজ নিজ প্রারম্ভে ফিরে এসেছে, যেন অস্তিত্বহীনতা থেকে এইমাত্র অস্তিত্ব লাভ করা এক আদিম মানুষ আমি—চারপাশের জগৎকে প্রথমবারের মতো দেখছি। ওটাই হলো আমার মানব পর্যায় থেকে দেখা অনুভূতি। ...এ রকম অভিজ্ঞতাজাত বিস্ময়বোধই কবিতার জন্য দরকার। কারণ প্রারম্ভের কথা ছাড়া কোনো কবিতা হয় না। ভাষা থেকে যখন কবিতা দূরে চলে যায়, তখন সেটা হয়ে দাঁড়ায় একটা মামুলি চিন্তা; সেটা তখন আর কবিতা থাকে না।’ কবিতার সঙ্গে ভাষার আন্তসম্পর্ক, ভাষার সঙ্গে চিন্তার ঐক্যমিলের মধ্য দিয়ে একজন কবির লড়াই-প্রতিরোধ। মোদ্দাকথা, কবিতার পাশাপাশি কবিতার অন্তর্লীন প্রণোদনা, উদ্দীপনা এবং কবি দারবিশের কবিতাকেন্দ্রিক অন্তর্গত ভাষ্যও আলোচ্য পুস্তকের মাধ্যমে জেনে নেওয়া যাবে। এখন প্রশ্ন আসে, দারবিশকে আমরা কী-রূপে পাঠ ও বিবেচনা করব? সে ক্ষেত্রে পুস্তক সম্পাদক শরীফ আতিক-উজ-জামান চার খণ্ড মিলিয়ে গ্রন্থটি প্রস্তুত করেছেন। মাহমুদ দারবিশ পাঠ ও বিবেচনা, মাহমুদ দারবিশের রচনা থেকে, মাহমুদ দারবিশের সঙ্গে কথোপকথন এবং মাহমুদ দারবিশকে নিয়ে কথোপকথন—এর চারভাগা কুঠুরিতে কবি দারবিশ যেমন অস্তিত্বশীল, তেমনি তাঁর রাজনৈতিক-সামাজিক সত্তাও সমান সক্রিয়। সব মিলিয়ে আলবিরবাহ গ্রামে বেড়ে ওটা অতঃপর বাস্তুচ্যুত হওয়ার বেদনায় মুহ্যমান এই কবিকে দেখার একটি জুতসই আয়না পাওয়া গেল।সলিমুল্লাহ খান বিরচিত প্রথম রচনা ‘ভাষাদেশ মৃত্যু: মাহমুদ দারবিশের আকার সাকার নিরাকার’ সূত্রে আমরা জানলাম, ইতিহাসের চরম ‘ব্যাজস্তুতি’। মূলত দারবিশকে কেন্দ্রে রেখে এ লেখার ইতিহাসকে উল্টো দিক থেকে পাঠ করেছেন খান সাহেব। অনেকটা বৈঠকি ঢঙের রচনায় কখনো তিনি স্মরণ নেন ইব্রাহিম মোহাবি বা একবাল আহমেদের, কখনো আবার দারবিশের কবিতাই হয়ে ওঠে বক্তব্যের পক্ষে বড় প্রমাণ।এখানে কি আমরা শুধু দারবিশকে দেখি? বরং কবিকে উপলক্ষ করে সলিমুল্লাহর চোখ দিয়ে ইতিহাসের অনালোকিত উল্টোরথ প্রত্যক্ষ করি। বোধ হয় সেটিই এ লেখার উদ্দিষ্ট।এরপর শাহাদাৎ তৈয়ব ও রফিক-উম-মুনীর চৌধুরীর প্রবন্ধে পেয়ে যাই মাহমুদ দারবিশের কাব্য মঞ্জিল। ‘কারাগার’ কবিতায় দারবিশ বলেন, ‘আমার বাড়ির ঠিকানা পাল্টে গেছে/এবং আহারের সময়ও/পাল্টেছে/ধূমপানের পরিমাণ,/আমার জামার রং, আমার মুখ ও দৃষ্টিও।’এর সঙ্গে মিলিয়ে রফিক-উম-মুনীরের বিবেচনা: ‘তাঁর কবিতায় মানুষ তাঁদের ধূলিসাৎ ঘরবাড়ি, গ্রামকে খুঁজে পান, তাঁদের হারিয়ে যাওয়া স্বদেশ তাঁর স্মৃতি ও বেদনাকে খুঁজে পান।’ কবিতা প্রসঙ্গে এই বিবেচনায় সংগতি আছে বৈকি।পক্ষান্তরে, ‘মাহমুদ দারবিশ: ভাবের বীজ ও ভবিষ্যৎ কবিতার ইশারা’ শীর্ষক শাহাদাৎ তৈয়বের অন্য এক রচনায় দারবিশের ভাব-কাঠামোর মাজেজা বোঝা যায়। অভেদ অভিজ্ঞান এবং সুফিতত্ত্বের বাতাবরণ উজিয়ে উদ্ধার করা যায় তাঁর কবিতার শানেনুজুল। তবু এখানে কবিতা সম্পর্কে নানা কথার সমাহার থাকলেও দারবিশের কবিতার নান্দনিক মূল্য সম্পর্কে তেমন গভীর বিশ্লেষণ নেই। এ প্রসঙ্গে বলা যায়, আলোচ্য সংকলনে ঘরহারা দারবিশের রাজনৈতিক সংগ্রাম তথা কবিতার মাধ্যমে প্রতিরোধের রাজনীতি বিষয়ে ঢের লেখাপত্র আছে। কিন্তু কবির রচনাকর্মের নান্দনিক শিল্পমূল্য বিবেচনাপূর্বক স্বতন্ত্র একটি প্রবন্ধের অভাব রয়েই গেল বোধ হয়। যদিও শাহাদাতের প্রবন্ধটি সেদিকেই ধাবিত হয়েছে। কিন্তু বিপদ এই যে, কাব্য বিচারের নিক্তিতে এখানে নন্দন সূত্রাবলির আলোকে নতুন বিশ্লেষণ কম।বলে রাখা ভালো, কী থাকলে আরও উত্তম হতো এবং কী কী বিষয়ের অভাব রয়ে গেল—সেটি এ রচনার উদ্দেশ্য নয়। বিপরীতে মাহমুদ দারবিশ: পাঠ ও বিবেচনা নামাঙ্কিত পুস্তকটির সাপেক্ষে এর একটি পরিচিতি প্রস্তুত করাই লেখাটির অভিপ্রায়। আর সেই আকাঙ্ক্ষা নিয়ে গ্রন্থ পরিচিতির নিমিত্তে আরও যা বলা যাবে—গ্রন্থটিতে এন্তার প্রবন্ধের সঙ্গে হায়াৎ মামুদ, অজয় দাশগুপ্ত, সাজ্জাদ শরিফ, মাহমুদ আল জামান, রায়হান রাইন প্রমুখের অনুবাদে মাহমুদ দারবিশের কয়েকগুচ্ছ কবিতা আছে, যা পাঠকের ভালো লাগতে পারে।সংকলনটি বিভিন্ন অর্থে কবি মাহমুদ দারবিশেরই হাজিরানা। অনন্ত তাঁকে বোঝার ক্ষেত্রে আমাদের এই দেশে বইটি যেন বা বহু বর্ণিল প্রদীপ, হাত বাড়ালেই যাকে খুঁজে পাওয়া যাবে!