দারুণটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওদের শোরুমের শাটার এবং কলাপসিবল গেট—দুটোই ভেতর থেকে বন্ধ করা যায়। দেরাজ থেকে চাবির গোছাটা বের করে সেদিকে এগোল তানিশা।কাচের টানা দরজা আচমকা খুলে গেল, তুমুল ঝড়-বৃষ্টির খানিকটা নমুনা সঙ্গে নিয়ে এক ভদ্রমহিলা ঢুকে পড়লেন দোকানের ভেতরে। কাণ্ডজ্ঞানের পরিচয় দিয়ে আরেক টানে বন্ধ করলেন দরজা। মাথা থেকে বর্ষাতির ঘোমটা নামিয়ে বললেন, ‘বাব্বা, কী তেজ, সব যেন উড়িয়ে নেবে!’ হঠাৎ তিনি দেখলেন তানিশার হাতে চাবির গোছা। ‘আপনারা বন্ধ করে দিচ্ছেন নাকি?’ হাতঘড়ি দেখলেন, ‘মাত্র তো সন্ধে ছটা।’‘জি,’ বলল তানিশা। ‘আমরা ঠিক ছটায় বন্ধ করি।’‘ঈদের দুই দিন বাকি থাকতে?’‘কোনটা কিনবে মানুষ? একতারা, গিটার, সেতার, তানপুরা, না গরু? ঈদ, পুজো, বড়দিন—কিছু আসে-যায় না; আমাদের সময়সূচি কখনো বদলায় না।’‘ও, বুঝেছি। সন্ধের পর খদ্দেররা এদিকে আসতে ভয় পায়, তাই না? হেঁটে বা রিকশায় এলে মোটামুটি ধরে নেওয়া যায় ছিনতাই হবেই। গোটা এলাকায় শুধু ধনী লোকদের বসবাস, চিৎকার করে মরে গেলেও সাহায্য করতে আসবে না কেউ।’কাচের দরজা লক করে দিল তানিশা, ভদ্রমহিলার মন্তব্য গ্রাহ্য করছে না। বলল, ‘তানিশাস ক্লাসিক্যাল গিটার বাজারে আপনাকে স্বাগত। আমি তানিশা পিয়াস।’‘আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম,’ বললেন ভদ্রমহিলা। দেয়াল আর র‌্যাকে সাজানো নানা ধরনের বাদ্যযন্ত্র ঘুরে ঘুরে দেখছেন। ‘আমি জেসমিন।’‘লক্ষ করছি, আপনি শুধু গিটার দেখছেন। নিজের জন্যে বুঝি? নাকি কাউকে উপহার দেবেন?’‘আমার জন্যে। ওয়াও, একসঙ্গে এত ক্লাসিক্যাল গিটার আগে কখনো দেখিনি আমি।’‘এটাই আমার বিশেষত্ব।’‘তাহলে বোধ হয় খুব বেশি রকারস এদিকে আসে না। লম্বা চুল, লেদার জ্যাকেট আর মোটরসাইকেল যাদের প্রায় ট্রেডমার্ক, তাদের কথা বলছি আরকি।’‘হঠাৎ আসে এক-আধজন। ওই যারা নিজেদের পথটা ভুল, এটা বুঝতে পেরে ক্লাসিক্যালিজমে চলে আসতে চাইছে।’‘ক্লাসিক্যালিজম?’হাসল তানিশা। ‘এটার এই নামই দিয়েছি আমি। যে ব্যক্তি সারা জীবন ইস্পাতের তার দিয়ে বাজাল, তারপর সব ছেড়ে দিয়ে হাতে তুলে নিল একটা ক্লাসিক্যাল গিটার, আমি বলব দেরিতে হলেও উচিত কাজটাই করল—একসময় বদলাবে সে। কারণ, ক্লাসিক্যাল গিটারের ডাইনামিক্স এবং ওভারটোন অনেক সুপিরিয়র।’‘আমি স্টিল স্ট্রিং ছাড়া অন্য কিছু বাজাইনি কখনো, সেই আমার চোদ্দো বছর বয়স থেকে। তবে এখন আমি একটা ক্লাসিক্যাল গিটারের কথা ভাবছি। কাজেই আমাকে বদলে দিন।’‘বেশ। এদিকে এসে এখানে বসুন।’হেঁটে গিয়ে চেয়ারটায় বসলেন জেসমিন, ঢাউস হাতব্যাগটা নামিয়ে রাখলেন কাউন্টারের ওপর।‘এবার এই ছোট টুলের ওপর বাঁ পা তুলুন।’ ঘুরে দেয়ালে ঝোলানো একটা গিটার নামাল তানিশা। ওটার গায়ে তার হাত বোলানোর ভঙ্গিটা বড় অদ্ভুত, যেন সদ্যোজাত কোনো শিশুকে আদর করছে। ‘এটা বাজিয়ে দেখুন।’ব্যাগ হাতড়ে একটা মিজরাব বের করলেন জেসমিন।দেখে ভ্রু কোঁচকাল তানিশা। ‘আরে, না—আপনি পিক ব্যবহার করবেন না। তারের ওপর শুধু আঙুল চালিয়ে বাজাবেন।’‘পিক ছাড়া অস্বস্তি লাগে—তবে চেষ্টা করে দেখছি।’ একটা গানের সুর তুললেন জেসমিন। ‘দারুণ, সত্যি খুব ভালো।’‘জি। টোন সম্পর্কে কী বলেছিলাম বুঝতে পারলেন?’‘হ্যাঁ। খুব সুন্দর। এগুলো কিসের তার? ধাতব বলে তো মনে হচ্ছে না। ক্যাটগাট নাকি?’হাসল তানিশা। ‘না, ওগুলো মানুষের তৈরি। আসলে এগুলো আমার স্পেশাল ব্র্যান্ড। প্রতিটি ব্যাচের আলাদা নাম আছে—এটার নাম ম্যাচো ডিলাইটস।’‘বেশ ইন্টারেস্টিং নাম তো।’‘ধন্যবাদ।’জেসমিন ইতস্তত করছেন। ‘এ রকম শুনি বটে, তবে সত্যি সত্যি কি আর বিড়াল মেরে তার বানানো হয়! সেটা তো অসম্ভব, তাই না?’‘না।’‘আমিও তা মনে করি না।’‘ক্যাটল গাট-এর সংক্ষেপ ক্যাটগাট। সাধারণত ভেড়ার নাড়িভুঁড়ি।’‘ওয়াক।’ বিবমিষা হলো জেসমিনের।‘আজকাল ক্লাসিক্যাল গিটারের প্রায় সব তারই নাইলন বা সিনথেটিক। তবে চাইলে আপনি ক্যাটগাট স্ট্রিং কিনতে পারবেন। ওয়েবে অর্ডার দিন, সাত হাজার টাকায় এক সেট তার পেয়ে যাবেন।’মুখ বিকৃত করে জেসমিন বললেন, নাড়িভুঁড়ি থেকে কীভাবে ওরা গিটারের তার বানায়?’‘সব কাজের মতো এরও একটা পদ্ধতি আছে। পশুটার শরীর গরম থাকতে থাকতে ওগুলো বের করে নিতে হয়। তারপর পরিষ্কার করে পাকায়, ফালি করে, পালিশ লাগায়...’‘ওহ্, খোদা, রক্ষে করো। যথেষ্ট শুনেছি, ভাই। তা আপনার স্ট্রিং স্পেশাল কেন?’‘তা যদি বলে দিই, আপনাকে আমার খুন করতে হবে,’ বলল তানিশা। চেহারা যেন পাষাণের মূর্তি। তারপর হেসে উঠল। ‘ঠাট্টা করছিলাম। তবে পদ্ধতিটা সত্যি গোপনীয়। তানিশা, স্ট্রিং শুধু আমার কাছে পাওয়া যায়। এটা বহাল রাখতে চাই আমি, তা না হলে এক সেট গিটারের তার আমি একুশ হাজার টাকায় বেচতে পারব না।’‘গিটারের এক সেট তারের জন্য মানুষ সত্যি একুশ হাজার টাকা খরচ করে?’‘কেন করবে না। এরা প্রফেশনাল মিউজিশিয়ান, সাড়ে তিন লাখ টাকার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে। আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে সারা দুনিয়া থেকে অর্ডার পাই। সত্যিটা হলো, সশরীরে উপস্থিত খদ্দের আমি খুব একটা পাই না এখানে। আমি টিকে আছি অনলাইন সেলে। তো ওই গিটার নিয়ে কী ভাবছেন আপনি?’‘এটা দারুণ। কত দাম?’‘তিন লাখ বত্রিশ হাজার, স্ট্রিংসহ।’‘কী? ও আচ্ছা।’ সাবধানে গিটারটা তানিশার হাতে ফিরিয়ে দিলেন জেসমিন। ‘আমার জন্য এভারেস্ট হয়ে যায়, নাগাল পাব না। কিন্তু এত দাম কেন?’‘জি, দাম একটু বেশি, কারণ এটা হাতে বানানো। এ ধরনের বেশির ভাগ গিটার একজন প্রবীণ লুটিয়ার তৈরি করে দেন। আমরা তাঁকে অত্যন্ত সম্মান করি, তিনি ঢাকার বাইরে একটা গ্রামে থাকেন।’‘লুটিয়ার কী?’‘লুটিয়ার মানে যিনি তার লাগানো বাদ্যযন্ত্র তৈরি করেন।’‘ও। আচ্ছা, আপনার কাছে কম দামি কিছু নেই?’‘জি, আছে তো। ওই যে, পেছনের দেয়ালে দুটো জাপানি গিটার দেখছেন। স্পেন থেকেও কিছু আনিয়েছি। তবে ওগুলো হাতে তৈরি না।’‘তা না হোক।’ চেয়ার ছেড়ে সস্তা দামের ইনস্ট্রুমেন্টের দিকে এগোলেন জেসমিন। যাওয়ার পথে, কাউন্টারের শেষ প্রান্তে একটা বিড়ালকে বসে থাকতে দেখে হকচকিয়ে গেলেন তিনি। শুধু তিনি নন, বিড়ালটিও যেন হঠাৎ তাঁকে দেখে স্থির পাথর হয়ে গেছে। সাবধানে আরও কাছে সরে গিয়ে ভালো করে তাকালেন জেসমিন। ‘কী এটা? যেন সত্যিকার আসল বিড়াল।’‘ঠিকই ধরেছেন, ওটা আসল বিড়ালই। আমার ভাই, দক্ষ একজন ট্যাক্সিডারমিস্ট, যদিও শৌখিন।’‘ট্যাক্সিডারমিস্ট?’‘এটি একটি শিল্পমাধ্যম। নানা কৌশলে পশুর চামড়াকে প্রস্তুত করা হয়, নিখুঁত করে ভরা হয় ভেতরটা, আর নাক-চোখ বসানো হয় বিশেষ কায়দায়, যাতে দেখলে একদম জ্যান্ত মনে হবে।’‘আপনার ভাই...’‘শুনুন না। আট বছর আগের কথা, তখন ওর বয়স মাত্র বারো, জানের জান কুকুরটা মারা গেল। পেছনের উঠানে আমরা ওটাকে মাটিচাপা দিলাম। কিন্তু প্রিয় বন্ধুকে ভুলতে না পেরে ইন্টারনেটে ঢুকে কিছু করা যায় কি না গবেষণা শুরু করল। পরদিন সকালে মাটি খুঁড়ে তুর্কিকে বের করল, হাত দিল প্রথম ট্যাক্সিডার্মিতে। সে এক বিচ্ছিরি কাণ্ড। যেন একটা পশমি এলিয়েন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অসম্ভব ভালো হয়েছে ওর হাত। ছোট ছোট কত পশু মেরে যে স্টাফ করেছে, গুনে আপনি শেষ করতে পারবেন না।’হঠাৎ মায়া লাগল, জেসমিন বলে বসলেন, ‘কিন্তু তাই বলে এই সুন্দর বিড়ালটিকেও মেরে ফেলল?’‘মারবে বলে মারেনি। কোনো খদ্দের দোকানে এলেই তার পিছু নিয়ে ঢুকে পড়ত ওটা। তাড়াবার জন্য আমরা ছড়ি ব্যবহার করতাম, ওটা দিয়ে মারার ভঙ্গি করলেই ছুটে পালাত। কিন্তু একদিন, দুর্ঘটনাই বলতে হবে, বাড়িটা মাথায় লাগায় মারা গেল বেচারি। ও আমাকে জিজ্ঞেস করল, স্টাফ করা যাবে কি না। না করার আমি কোনো কারণ দেখলাম না।’পেছন দিকের দেয়ালের সামনে এসে একটা গিটার নামালেন জেসমিন, টুং টাং করছেন। ‘এই ব্যবসাতে আপনার স্বামী নিশ্চয় আপনাকে সাহায্য করেন?’একটা দীর্ঘশ্বাস ফেলল তানিশা। চেহারা যতটা না বিষণ্ন, তার চেয়ে বেশি কঠিন হলো। ‘সাদা পোশাক পরা একদল লোক ওকে গাড়িতে করে তুলে নিয়ে গেছে। কেউ বলছে না কী ওর অপরাধ, কিংবা কোথায় ওকে রাখা হয়েছে। মেরে ফেলেছে কি না, তা-ও আমরা জানি না।’‘সত্যি দুঃখিত।’ গিটারটা দেয়ালে ঝুলিয়ে রাখলেন জেসমিন। ‘দাঁড়ান। যেন মনে হচ্ছে কাগজে খবরটা আমি পড়েছি। ও, সে জন্যই আপনার নামটা চেনা চেনা লাগছিল। মাস তিনেক আগের কথা, তাই না?’‘জি।’কাউন্টারের আরেক দিকে চলে গেলেন জেসমিন। ওখানে একটা স্টাফ করা কাঠবিড়ালি বসে রয়েছে। ‘এটাও কি তবারক বানিয়েছে?’‘হ্যাঁ, ও-ই বানিয়েছে।’ তানিশা বিস্মিত হয়ে ভাবল, ভদ্রমহিলা ওর ভাইয়ের নাম জানলেন কীভাবে!ঝুঁকে কাঠবিড়ালির চোখ দুটোর দিকে সরাসরি তাকালেন জেসমিন। ‘কী আশ্চর্য জ্যান্ত রে ভাই।’ একটু পিছু হটলেন, যেন পুরোপুরি নিশ্চিত নন ওটা সত্যি নিষ্প্রাণ কি না। ‘হ্যাঁ, এই কাজে সত্যি খুব দক্ষ হয়ে উঠেছে ও।’‘যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করি,’ বললেন জেসমিন। ‘সাদা পোশাক পরা লোকগুলো যখন আপনার স্বামীকে ধরে নিয়ে গেল, আপনারা ছাড়া আর কে তাদেরকে দেখেছে?’মাথা নাড়ল তানিশা। ‘রাত তিনটের সময় কে দেখবে?’ এই এলাকার লোকজন প্রতিবেশীর খবর রাখে না।’‘আপনার কী ধারণা, কারা ওঁকে ধরে নিয়ে গেছে?’‘আইনশৃৃঙ্খলা রক্ষাকারী দলের লোক হওয়ারই কথা। কারণ, তারাই আজকাল এসব করে বেড়াচ্ছে। তা যদি না হয়ে থাকে, তাহলে তাদের দেখাদেখি ওর কোনো ব্যক্তিগত শত্রু এই কৌশল খাটিয়ে নিয়ে গেছে ওকে। যেহেতু কোনো মুক্তিপণ দাবি করা হয়নি, আমরা ধরে নিয়েছি এটা কিডন্যাপিং নয়। হতে পারে গুম খুন।’‘বলা যায় না, তিনি ফিরেও আসতে পারেন।’‘জি, ওই আশা নিয়েই তো বেঁচে আছি।’ আড়ষ্ট হাসি দেখা গেল তানিশার মুখে। ‘আমার বিশ্বাসই হচ্ছে না সম্পূর্ণ অচেনা কারও সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করছি। এখন পর্যন্ত কারও কাছে আমি মুখ খুলিনি।’‘আপনার মনটা হালকা করতে পেরেছি বলে ভালো লাগছে।’‘ইচ্ছে হচ্ছে আপনাকে আরেকটা জিনিসের ভাগ দিই।’‘যেমন?’তানিশার হাসিতে শব্দ নেই। ‘দেখবেন চলুন, তিন লাখ বত্রিশ হাজার টাকার গিটারের তার কীভাবে আমি তৈরি করি।’‘না, থাক, তার দরকার নেই।’‘না, সত্যি আপনাকে আমি দেখাতে চাই। আসুন।’অনিচ্ছা সত্ত্বেও তানিশার পিছু নিলেন জেসমিন, কাউন্টার ঘুরে ভেতরে ঢুকলেন, একটা দরজার চৌকাঠ পেরোলেন। ‘পেছনটায় অদ্ভুত একটা গন্ধ।’‘জি। স্যাঁতসেঁতে গরম জায়গায় চামড়া রাখলে এ রকম একটা গন্ধ হয়। শিগগির এর একটা ব্যবস্থা করতে হবে আমাকে। তবে কয়েক মিনিট এখানে থাকলে অভ্যাস হয়ে যায়।’ আরেকটা দরজা খুলল তানিশা, জেসমিনকে নিয়ে বড়সড় একটা কামরায় ঢুকল, যে কামরায় একটাও জানালা নেই। ওয়র্ক বেঞ্চে ছোট একটা ল্যাম্প জ্বলছে। তবে জেসমিনের দৃষ্টি কেড়ে নিয়েছে কামরার মাঝখানে ফেলা টেবিল।টেবিলের ওপর ঝুলে আছে একটা কম আলোর বাল্ব, ওটার চারপাশে বসে তাস খেলছে চারজন লোক।‘পিয়াস!’ টেবিলটার দিকে ছুটে গেলেন জেসমিন। ‘পিয়াস, আপনি বেঁচে আছেন! আপনি আমাকে ফোন করেননি কেন, পিয়াস?’ধন্যবাদ, ভাবল তানিশা। ওয়র্ক বেঞ্চের দেরাজ খুলে পিস্তলটা হাতে নিল, জেসমিনের দিকে হাঁটছে। এখন আমি জানি তুমিই সে-ই।‘পিয়াস?’ চিৎকার করছেন জেসমিন। তারপর তিনি তানিশার দিকে ঘুরলেন। ‘কী করেছেন আপনি? আপনি ওঁকে খুন করেছেন। তারপর ওই অ্যাবনরমাল তবারককে বলেছেন, ওকে যেন সে স্টাফ করে। কিন্তু এর শাস্তি আপনি এড়াতে পারবেন না। আপনি জানেন, আমি কে?’পিস্তল তুলল তানিশা। ‘আপনি যখন দোকানে ঢুকলেন তখন জানতাম না, তবে এখন জানি। আপনি সেই ডিটেকটিভ ইন্সপেক্টর, যিনি হবু মেয়রের শালার হাঁটুতে গুলি করেছেন।’‘আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। দেখে মনে হচ্ছিল হবু মেয়রের ওপর হামলা চালাতে যাচ্ছিলেন ওই লোক।’‘আপনাকে ওরা ডেস্কে ডিউটি করতে দিয়েছে, পিস্তলও কেড়ে নিয়েছে। ওটা থাকলে খুব কাজে লাগত, কী বলেন?’‘পিয়াসকে আপনি খুন করলেন কেন? ওঁকে আমি ভালোবাসতাম।’‘ওটাই কারণ। আপনার সঙ্গে ওর অ্যাফেয়ার চলছিল। আমি ওকে সাবধান করে দিয়ে বলেছিলাম, ফের যদি এসব শুনি, তোমাকে আমি খুন করব। কিন্তু পরে দেখলাম, আমার কথা সে গ্রাহ্য করছে না।’জেসমিন ফোঁপাচ্ছেন। ‘ওঁকে আপনার খুন করার কী দরকার ছিল। ডিভোর্স দিলেন না কেন?’‘এই ব্যবসার অর্ধেক ভাগ চাইছিল, তাই। অথচ এটা আমি একার চেষ্টায় দাঁড় করিয়েছি।’‘আমাকে নিয়ে কী করবেন আপনি? খুন করাটা যে বোকামি হবে, সেটা আশা করি না বলে দিলেও চলে। বাইরে আমার পুলিশ কার দাঁড়িয়ে আছে। তা ছাড়া, আমার লাশ সরাবেন কীভাবে?’‘উম্ম, হুম্ম—দেখা যাক। গাড়িটা কোনো সমস্যা নয়। মাঝরাতের আগেই চুরি হয়ে যাবে, সকালের মধ্যে প্রতিটি পার্টস খুলে ফেলে স্তূপ করা অন্য পার্টসের সঙ্গে মিশিয়ে ফেলা হবে। লাশ নিয়ে কী করব? আমার স্বামীর প্রেমিকার জন্য একটা উপায় ঠিকই বের করে ফেলব, চিন্তা করবেন না।’‘না, না। আমি ওঁকে ভালোবাসতাম ঠিকই, সেটা অস্বীকার করছি না। কিন্তু আমরা ছিলাম স্রেফ বন্ধুর মতো। আসলে এটা অনেকটা একতরফা ছিল। কিশোর বয়সে ওঁকে অসম্ভব ভালো লাগত, কিন্তু পারিবারিক মর্যাদা না মেলায় কোনো দিন বলা হয়নি। তারপর ওঁকে আমি হারিয়ে ফেলি—বিদেশে চলে গিয়েছিলেন। বিশ বছর পর হঠাৎ একদিন আমাদের অফিসে দেখা। তিনিই আমাকে চিনতে পারলেন। কথায় কথায় বললেন, ওঁর প্রতি যে আমার দুর্বলতা ছিল, সেটা তিনি জানতেন। এই আরকি। এরপর আমরা মাঝেমধ্যে দেখা করছিলাম, কথা বলছিলাম...’‘হোটেলের কামরা ভাড়া নিয়ে?’‘হ্যাঁ।’‘আচ্ছা।’জেসমিন ভাবছেন, এভাবে কথার মধ্যে যতক্ষণ রাখা যাবে, ততক্ষণ তানিশা হয়তো গুলি করবে না। ‘আপনি বাকি তিনজনকেও খুন করেছেন?’‘করেছি।’‘কেন?’‘আমার কাঁচামাল দরকার।’‘কাঁচামাল?’‘তার বানাবার জন্য।’‘আপনি বলেছেন, আপনার স্ট্রিং মানুষের তৈরি!’তানিশার শয়তানি ভরা হাসিতে শব্দ নেই।‘শুধু তার তৈরি করবেন বলে এদের আপনি মেরে ফেললেন?’‘জি। শুধু এই এদের কেন, আরও মেরেছি। আপনাকে বললাম না, আমার আসল আয় অনলাইন সেল থেকে। তার পরও দোকান খুলে বসে থাকার ঝামেলায় যাচ্ছি কেন?’‘কাঁচামাল পাবার জন্য?’‘তবে?’‘কিন্তু শরীরের বাকি অংশ কী করেন?’‘স্রেফ সুয়ারেজ সিস্টেমে ঢেলে ফ্ল্যাশ করে দিই। খুব সহজ, আপনার যদি একটা কমার্শিয়াল মিট গ্রাইন্ডার থাকে। সত্যি, ব্যাপারটা লজ্জা পাওয়ার মতো। খদ্দের হিসেবে এসে যারা আমার ফাঁদে ধরা দেয়, তারা প্রায় সবাই নিঃসঙ্গ, কেউ তাদের বিশেষ পছন্দ করে না বা বোঝে না। প্রথমবার যখন একজনকে দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তি দিলাম, একটু এক্সপেরিমেন্ট করেছিলাম। দেখলাম, ভারি চমৎকার স্ট্রিং বানাতে পারছি তো। বলতে গেলে রাতারাতি দারুণ একটা ব্যবসা পেয়ে গেলাম। সে জন্যই আমার স্ট্রিং থেকে এত সুন্দর আওয়াজ বেরোয়।’ হাতের পিস্তলটা আবার তুলল তানিশা, গুলি করার জন্য প্রস্তুত। ‘এখন আমি প্রতিশোধ নেব, দেখতে চাই আপনার মরণচিৎকার শুনতে কেমন লাগে।’‘এক মিনিট। ঝড়-বৃষ্টি থেমে গেছে। পাশের দোকানের লোক গুলির আওয়াজ শুনতে পাবে। আপনি আমাকে এখানে গুলি করতে পারেন না।’‘আরে, তাই তো।’ পিস্তলটা নিচু করল তানিশা।জেসমিনের পেশিতে একটু ঢিল পড়ল। ভাবলেন, যুক্তি দিয়ে বুঝিয়ে রেহাই পাওয়া যায় কি না দেখতে হবে।পেছন থেকে যে কাছে এসে পড়েছে তবারক, সেটা তিনি বুঝতে পারেননি।নিজের গিটারে একটা বিষণ্ন সুর তুলছে তানিশা, মন দিয়ে শুনছে তবারক। একসময় থামল তানিশা।তবারক বলল, ‘সুরটা আমারে পাগল করতাছে, আপুটা। এই স্ট্রিংগুলার কী নাম রাখবা?’ভাইকে নতুন ছাপা একটা লেবেল দেখাল তানিশা, স্ট্রিং ভরা বাক্সের গায়ে সাঁটা হবে।নামটা পড়ল তবারক:তানিশা স্ট্রিং—জেসমিনেল অ্যানিমাতারপর জানতে চাইল, ‘এটা আবার কী ভাষা, কও দেহি?’‘ইতালিয়ান। এর মানে হলো, আত্মার ওপর তোমার আলো ফেলো।’‘ওহ্, তুমুলটা।’‘ধন্যবাদ,’ বলে জেসমিনের দিকে তাকাল তানিশা। ‘নামটা আপনার কেমন লাগল, জেসমিন?’জেসমিন কিছু বলছেন না।তবারক বলল, ‘উনি কথা বলতে না চাইলেও আমি কইতাছি নামটা হেরও ভালা লাগতাছে।’তাস খেলার টেবিলে বসে আছেন জেসমিন, নড়ছেন না, ভালো লাগার মানুষ পিয়াসের দিকে তাকিয়ে হাসছেন।সেদিকে তাকিয়ে তবারক বলল, ‘ইশ্ রে, কী দারুণটা!’বিদেশি গল্প অবলম্বনে