দাসজীবন নিয়ে সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুয়েলভ ইয়ার্স আ স্ল্যাভ ছবির দৃশ্য
টুয়েলভ ইয়ার্স আ স্ল্যাভ ছবির দৃশ্য

সলোমন নরথাপ মার্কিন একজন কৃষ্ণাঙ্গ। জন্ম ১৮০৮ সালে, নিউইয়র্কে। ছিলেন একজন স্বাধীন মানুষ। স্ত্রী ও তিন সন্তান ছিল তাঁর। খুব ভালো বেহালা বাজাতেন। একদিন দুই শ্বেতাঙ্গ এসে তাঁকে ওয়াশিংটনে সার্কাস দলে বেহালা বাজানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যান। খুব মদ্যপান করান। নেশার ঘোরে ঘুমিয়ে পড়েন সলোমন। আর জেগে উঠে দেখেন শিকলে বন্দী। পরে জানতে পারেন তাঁকে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। শুরু হয় দাসজীবন। তাঁকে দাস খাটতে হয় ১২ বছর। এ সময়ের মধ্যে মনিবের বদল হয়। তাঁকে কত নির্মম অত্যাচার যে সহ্য করতে হয়। একজন সহৃদয় মনিবের সঙ্গেও দেখা হয় তাঁর। সেসব কথা তিনি লিখে রেখে গেছেন। ১৮৫৩ সালে লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে তাঁকে উদ্ধার করা হয়। সে বছরই তাঁর আত্মজীবনী টুয়েলভ ইয়ার্স আ স্ল্যাভ প্রকাশিত হয়। একই নামে ২০১৩ সালে চলচ্চিত্র নির্মাণ করেন ব্রিটিশ পরিচালক ম্যাককুইন। সে বছর কানাডার টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শনের সময়ই দর্শকদের মন কাড়ে ছবিটি। ২০১৪ সালে অস্কারে বেস্ট পিকচার পুরস্কার লাভ করে। বক্স অফিসে চলচ্চিত্রটি এ অবধি ১৮ কোটি ৭৭ লাখ ডলার কামাই করেছে। সূত্র: দ্য টেলিগ্রাফ