দায়বদ্ধ বুদ্ধিজীবীর আত্মপ্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হক (১৯১৮-৯৭) বাংলাদেশের সেরা চিন্তাবিদ ও প্রবন্ধকারদের একজন। বাঙালি জাতীয়তাবাদী চেতনার পক্ষে সাহসী ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি বিশ শতকের ষাটের দশকে ‘কলমসৈনিক’ উপাধি লাভ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বুদ্ধিবৃত্তিক যুক্তি উপস্থাপনে তাঁর রয়েছে তাৎপর্যপূর্ণ অবদান। ইতালির মার্ক্সবাদী মনীষী আন্তোনীয় গ্রামসির ভাষায়, তিনি ছিলেন যথার্থ অর্থেই একজন অর্গ্যানিক বুদ্ধিজীবী। সমাজের প্রতি দায়বদ্ধ বুদ্ধিজীবী। পাকিস্তানিদের চেয়ে আমাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, নৃতত্ত্ব তথা সামগ্রিক জাতীয় পরিচয় যে ভিন্ন সে কথা তিনি তথ্য ও তত্ত্ব দিয়ে বিভিন্নভাবে প্রকাশ করেন। সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি বেনামে সমকাল পত্রিকায় এসব লেখা প্রকাশ করলে একাধিকবার ওই পত্রিকা নিষেধাজ্ঞার ঝুঁকির মধ্যে পড়ে। গোয়েন্দা বিভাগ থেকে লেখকের প্রকৃত পরিচয় উদ্ঘাটনের চেষ্টা সমকাল সম্পাদকের দৃঢ় ব্যক্তিত্বের ফলে ব্যর্থ হলেও আবদুল হক সব সময়ই কঠিনতম বিপদের খড়্গ মাথায় নিয়েই জাতীয় স্বার্থে তাঁর সত্যানুসন্ধান ও সত্যোচ্চারণ অব্যাহত রাখেন।

আবদুল হক কখনো কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট হননি। কিন্তু ছাত্রজীবন থেকে তাঁর রাজনৈতিক চেতনা বা অভিজ্ঞান ছিল দারুণভাবে স্বচ্ছ, ইতিবাচক, দূরদর্শী ও প্রগতিমুখী। বাংলা যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হওয়া উচিত, সে কথা তিনি লিখেছেন ১৯৪৭-এর আগস্টেরও আগে। তখন তিনি কেবল এমএ পাস করেছেন। এ থেকেই তাঁর রাজনৈতিক পরিপক্বতার বিষয়টি উপলব্ধি করা যায়। ভাষার প্রশ্নেই তিনি দ্বিজাতিতত্ত্বের ভুলটি উপলব্ধি করেন, ১৯৪৭-উত্তরকালে লেখনীর মাধ্যমে ভাষা আন্দোলনের বুদ্ধিবৃত্তিক সৈনিক হয়ে ওঠেন। এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে হয়ে ওঠেন বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রবক্তা। সুতরাং একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা, এর যে চার স্তম্ভ সে সম্পর্কেও তিনি ছিলেন নিঃসংশয়। ফলে ১৯৭৫-এর আগস্টের হত্যাকাণ্ড নিয়ে তিনি সেই দিনেরই দিনলিপির পাতায় দেশের অন্ধকার ভবিষ্যৎ নিয়ে যেসব মন্তব্য করেন তা ছিল কোনো রাজনৈতিক বিশেষজ্ঞের চেয়েও দূরদৃষ্টিসম্পন্ন।

আমার জীবনকথা: স্মৃতিকথা ও দিনলিপি  আবদুল হক
আমার জীবনকথা: স্মৃতিকথা ও দিনলিপি আবদুল হক
আমার জীবনকথা: স্মৃতিকথা ও দিনলিপি
আবদুল হক
সংকলন ও সম্পাদনা: আহমাদ মাযহার
প্রচ্ছদ: ধ্রুব এষ 
প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা 
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬ 
২৫৬ পৃষ্ঠা 
দাম: ৩০০ টাকা

প্রাবন্ধিক আবদুল হকের আরেকটি গুরুত্বপূর্ণ প্রবণতা সম্পর্কেও এখানে বলা প্রয়োজন। তিনি ছিলেন পরিপূর্ণভাবে একজন অসাম্প্রদায়িক মানুষ। সাম্প্রদায়িকতার কোনো বিন্দুমাত্র অনুভূতি তাঁকে কখনো স্পর্শ করেনি। ছিলেন পূর্বাপর বিজ্ঞানমনস্ক, মানবিক ও মুক্তবুদ্ধির চেতনায় অঙ্গীকারবদ্ধ। কিন্তু বিশ শতকের চল্লিশের দশকে যখন তিনি লেখা শুরু করেন, তখন বাঙালি মুসলমানরা তাঁর কাছে একটি পশ্চাৎপদ, নিগৃহীত, বঞ্চিত ও অধঃপতিত শ্রেণি হিসেবে প্রতীয়মান হয়েছে। ফলে তিনি এই শ্রেণি থেকে আগত সৃজনশীল ও মননশীল লেখকদের মানস বিশ্লেষণেই মনোনিবেশ করেন। কোথায় তাঁদের শক্তি আর কোথায় সীমাবদ্ধতা, কোথায় তাঁদের প্রগতি আর কোথায় প্রতিক্রিয়াশীলতা—তার বস্তুনিষ্ঠ বিশ্লেষণেই তিনি আমৃত্যু প্রয়াসী ছিলেন।
বাংলাদেশের এই প্রথম সারির চিন্তাবিদের ব্যক্তিজীবনের দিকে, তাঁর হয়ে-ওঠার প্রক্রিয়ার দিকে তাকালে আমাদের বিস্মিত না হয়ে উপায় থাকে না। বাংলাদেশের এমন এক প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি এসেছেন যেখানে অষ্টম শ্রেণির পাঠ গ্রহণের জন্য তাঁকে নিজ গ্রাম থেকে অনেক দূরে গিয়ে জায়গির থাকতে হয়। তারপর প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করার পরেও আর্থিক কারণে কলেজ পাঠে ছেদ পড়ে। এক বছর পরে চাঁপাইনবাবগঞ্জের পশ্চিম প্রান্তীয় অঞ্চল থেকে দূরবর্তী টাঙ্গাইলে গিয়ে লজিংয়ের ব্যবস্থা করে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ সমাপ্ত করতে হয়। এরপর ডিগ্রি পর্যায়ের পড়াশোনার জন্য আবার এক রীতিমতো যুদ্ধ। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বেশ কয়েকটি স্কুলে শিক্ষকতা করে অর্থ জমিয়ে তিন বছরের ব্যবধানে রাজশাহী কলেজে তিনি ডিগ্রি পর্যায়ের পাঠ গ্রহণে সমর্থ হন। তারপর কলকতা বিশ্ববিদ্যালয়ে এমএ পর্যায়ের পাঠ নেওয়ার সময় নানা খণ্ডকালীন চাকরির কারণে পরীক্ষার ফল আশানুরূপ হতে পারে না। শিক্ষাগ্রহণ নিয়ে তাঁর এই জীবনযুদ্ধের ইতিহাসটি স্মরণে রাখলে দেশের প্রথম সারির চিন্তাবিদ হয়ে ওঠার জন্য তাঁর অন্তর্গত শক্তি ও সাধনার বিষয়টি উপলব্ধি করা যায়।
এই মহৎ ব্যক্তিত্বের আত্মজীবনী আমার জীবনকথা: স্মৃতিকথা ও দিনলিপি সংকলন ও সম্পাদনা করে আহমাদ মাযহার আমাদের ধন্যবাদার্হ হয়েছেন। আত্মজীবনী হিসেবে আবদুল হক নিজের জীবনকথার খণ্ডিত অংশ মাত্র লিখেছিলেন, আহমাদ মাযহার তাঁর সঙ্গে আবদুল হকের লেখা ‘স্মৃতি-সঞ্চয়’ শিরোনামের দিনলিপি থেকে প্রয়োজনীয় অংশ এবং অন্য কয়েকটি বিচ্ছিন্ন রচনা যুক্ত করেছেন। এ জন্য মাযহারকে তাঁর সমগ্র লেখা পড়তে হয়েছে। আহমাদ মাযহার এর আগে আবদুল হকের জীবনী রচনা করেছেন এবং তাঁর লেখার দুটি সংকলন বাঙালির জাগরণ ও শ্রেষ্ঠ প্রবন্ধ সম্পাদনা করেছেন। এ বইয়ে মাযহার আরও যে শ্রমসাধ্য কাজটি করেছেন তা হলো, একাশিটি টীকা রচনা। এই মূল্যবান বইটির বহুল প্রচার আমাদের কাম্য।