দিনলিপি নয় যেন দীপ্র ফটোগ্রাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের দিনগুলিজাহানারা ইমামসন্ধানী প্রকাশনীউনিশ শ একাত্তরের ১ মার্চ থেকে শুরু করে ১৭ ডিসেম্বর পর্যন্ত সময়বৃত্তের প্রায় নিত্যকার দিনলিপি বা দিনপঞ্জি শহীদজননী জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি। এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠা বা পাতা হয়ে উঠেছে বাঙালি জাতির উত্তাল ও রক্তাক্ত সেই সব দিনের অক্ষরধৃত দীপ্র ফটোগ্রাফের পর ফটোগ্রাফ। ডায়েরি তো ব্যক্তির একান্ত মনোগত ভাষ্য। ঘরে বা ঘরের বাইরে সংঘটিত ঘটনা তার মনে যে অভিঘাত সৃষ্টি করে, তারই প্রতিফলন আমরা অক্ষরবন্দী হতে দেখি ডায়েরি বা দিনলিপিকারের খাতার পৃষ্ঠার পর পৃষ্ঠায়। জাহানারা ইমামও সেটা করেছেন তাঁর নিজস্ব ভাষিক শৈলীসহযোগে একান্ত ঘরোয়া ভঙ্গিতে।তাঁর ১৯৭১ সালের ১ মার্চের ঘটনার লিপিবদ্ধ করা বিবরণভঙ্গির একটু নমুনা তুলে ধরা যাক। যেমন, ‘বাড়ি ফিরতে ফিরতে দেড়টা। দরজা খুলে দিয়েই বারেক জানাল: “সাবরে ফুন করেন আম্মা। খাবার-দাবার কিন্যা রাখতে কইছে। কই জানি গুণ্ডগোল লাগছে।”‘গণ্ডগোল? তা লাগতেই পারে। গত দু’মাস থেকেই তো ঢাকা তপ্ত কড়াই হয়ে রয়েছে। অফিসে ফোন করতেই শরীফ জানাল: “প্রেসিডেন্ট ইয়াহিয়া বেলা একটার সময় রেডিওতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে শহরে সব জায়গায় হৈচৈ পড়ে গেছে। লোকেরা দলে দলে অফিস আদালত ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। স্টেডিয়ামে ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেছে। ওখানকার সব দর্শক শ্লোগান দিতে দিতে মাঠ থেকে বেরিয়ে পড়েছে। এখানে মতিঝিলে তো দারুণ হৈচৈ হচ্ছে চারদিকে।”’তারপর সেদিনই আর যা কিছু ঘটেছে তার প্রায় বিস্তারিত বিবরণ। এভাবেই ২, ৩, ৪, ৫, ৬ মার্চের বিবরণও তুলে ধরেন তিনি। এবং ৭ মার্চের সেই ঐতিহাসিক দিনটির বিবরণ তুলে ধরেন এভাবে, ‘কলিংবেলের শব্দ শুনে ছুটে গিয়ে দরজা খুলতেই রুমী (জাহানারা ইমামের বড় ছেলে) দুই হাত তুলে নাটকীয় ভঙ্গিতে “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” বলতে বলতে ঘরে ঢুকল।’ নানা কথা শেষে শেখ মুজিব আজকের জনসভায় সরাসরি স্বাধীনতার ঘোষণা কেন দিলেন না, তাই নিয়ে নিজেদের মধ্যে বেধে যায় বাগিবতণ্ডা। ‘রুমী তার স্বভাবসিদ্ধ মৃদু গলাতেই দৃঢ়তা এনে প্রতিবাদ করল, “আপনারা দেয়ালের লিখন পড়তে অপারগ। দেখেননি আজ মিটিংয়ে কত লাখ লোক স্বাধীন বাংলার পতাকা হাতে নিয়ে এসেছিল? জনগণ এখন স্বাধীনতা চায়, এটা তাদের প্রাণের কথা।” এহেন রুমীই, নিদারুণ মানসিক উভয় সংকটের শিকার হয়, যখন সে মুক্তিযুদ্ধে যাওয়ার ব্যাপারে মন স্থির করে ফেলে। এই অবস্থায় জাহানারা ইমামের ডায়েরির পাতা কী বলছে? বলছে, ‘রুমীর কি এখন যুদ্ধ করার বয়স? এখন তো তার লেখাপড়া করার সময়। কেবল আই.এস.সি পাশ করা এক ছাত্র, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, আবার আমেরিকার ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজিতেও ওর এডমিশন হয়ে গেছে।...ওকে আমেরিকা যেতে হবে আগস্টের শেষ সপ্তাহে।’কিন্তু রুমীর দেশপ্রেমিক আত্মা যেন হাহাকার করে ওঠে। মায়ের কাছে সরাসরি প্রশ্ন তোলে এই বলে, ‘আম্মা, দেশের এই রকম অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়তো যাব শেষ পর্যন্ত। কিন্তু তাহলে আমার বিবেক চিরকালের মতো অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়তো বড় ডিগ্রি নিয়ে এসে বড়ো ইঞ্জিনিয়ার হবো; কিন্তু বিবেকের ভ্রুকুটির সামনে কোনদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। তুমি কি তাই চাও আম্মা?’শেষ পর্যন্ত পরাস্ত হন মা। ছেলের প্রশ্নের জবাবে লেখেন, ‘কলেজে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার উজ্জ্বল তারকা রুমী কোনদিনই বিতর্কে হারেনি প্রতিপক্ষের কাছে, আজই বা সে হারবে কেন?‘আমি জোরে দুই চোখ বন্ধ করলাম। “না, তা চাইনে। ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম। দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে। যা, তুই যুদ্ধে যা।”’রুমী যুদ্ধে যায়। অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়ে দেশের ভেতর ঢোকে। শত্রু-সেনার আস্তানা লক্ষ্য করে চালায় অন্তর্ঘাতমূলক তৎপরতা। অবশেষে ধরা পড়ে একাত্তরের ২৯ আগস্ট মধ্যরাতের পরপরই। ঢাকায় নিজেদের বাসায়। পাকিস্তানি সেনারা ধরে নিয়ে যায় স্বামী শরীফ, ছেলে রুমী ও জামীসহ আরও একজনকে। জাহানারা ইমামের তখন দিশেহারা দশা। অবশ্য দিন কয়েক পরেই অমানুষিক নির্যাতন করার পর পাকিস্তানি সেনারা ছেড়ে দেয় স্বামী শরীফ ও ছোট ছেলে জামী ও মামুনকে। রুমী আর ফেরে না। হঠাৎ হূৎক্রিয়ার আক্রমণে দেশ স্বাধীন হওয়ার মাত্র তিন দিন আগে মারা যান স্বামী শরীফ। অন্তিমে এই বলে তাঁর হাহাকারদীর্ণতা, ‘রুমী! রুমী কি বেঁচে আছে? আমি কী করে খবর পাব? দুজনে মিলে রুমীর জন্য কষ্ট পাচ্ছিলাম, রুমীর জন্য অপেক্ষা করছিলাম। এখন একাই আমাকে সব করতে হবে, একাই সব কষ্ট বহন করতে হবে।’ হায় দুর্ভাগিনী!জাহানারা ইমামের ব্যক্তিগত শোক-দুঃখ, বিয়োগ-বেদনা ও সন্তানের বীরত্বগাথা কেবল তাঁর একার হয়ে থাকে না, হয়ে ওঠে তা মুক্তিযুদ্ধের অংশী প্রতিটি মায়ের ও পরিবারের।বিশ্বের যেসব আত্মস্মৃতি, দিনলিপি বা ডায়েরি ধ্রুপদি সাহিত্যের মর্যাদায় মণ্ডিত, একাত্তরের দিনগুলি নিঃসন্দেহে সেগুলোর পঙিক্তভুক্ত হওয়ার অধিকারী।