দিনলিপি মার্চ ২০০৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মান্নান সৈয়দ (৩ আগস্ট ১৯৪৩–৫ সেপ্টেম্বর ২০১০)। ছবি: খালেদ সরকার
আবদুল মান্নান সৈয়দ (৩ আগস্ট ১৯৪৩–৫ সেপ্টেম্বর ২০১০)। ছবি: খালেদ সরকার

ভূমিকা

কবি, কথাশিল্পী ও প্রাবন্ধিক-গবেষক আবদুল মান্নান সৈয়দ নিয়মিত দিনলিপি লিখতেন। ২০০৪ সালের মার্চ মাসে লিখিত এই আট দিনের দিনলিপিতে টুকরো টুকরো কথায় ধরা আছে তাঁর শিল্পব্যস্ত দিনরাত্রির ছায়াচিত্র। পেশাগত জীবনে তখন তিনি ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। সেই সূত্রে একাধিক দিনের বর্ণনায় পাওয়া যাবে নজরুল-গবেষণার ক্ষেত্রে তাঁর প্রাতিষ্ঠানিক ভাবনা-চিন্তন। এ ছাড়া কথাশিল্পী আবু ইসহাক এবং ছোট কাগজ আন্দোলনের অন্যতম সংগঠক আন্ওয়ার আহমদের প্রসঙ্গ এসেছে দুদিনের দিনলিপিতে। অগ্রজ ও সমসাময়িক লেখক শিল্পী সম্পর্কে তাঁর শ্রদ্ধা-ভালোবাসার দেখা মেলবে এখানে। আর ‘বিশ্ব কবিতা দিবস’ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি হওয়া নোবেল পদক বিষয়ে আগ্রহ তাঁর বিচিত্রমুখী শিল্পীমানসেরই সাক্ষ্যবহ। উল্লেখ্য, আবদুল মান্নান সৈয়দের অপ্রকাশিত এই দিনলিপি তাঁর কন্যা জিনান সৈয়দের সৌজন্যে প্রাপ্ত।

১ মার্চ ২০০৪

গত বছর বইমেলায় নজরুল ইনস্টিটিউটের বিক্রি হয়েছিল ৮৮ হাজার টাকা। এ বছর বইমেলায় বই বিক্রি হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। ৫০ শতাংশ কমিশন হিসেবে এই বিক্রি হয়েছে। গতবার ২০ শতাংশ কমিশন দিয়েছিল। এসব তথ্য বিক্রয় সহকারী (নজরুল ইনস্টিটিউট) গোলাম ফারুককে ডেকে জানালাম আজ।

আমার ঘরের আলমারিতে প্রুফ/পাণ্ডুলিপি আছে—

১. উপন্যাসসমগ্র: নজরুল ইসলাম

২. সঞ্চিতা (প্রচলিত)

৩. নজরুল ইনস্টিটিউট পত্রিকা

৪. রাজবন্দীর জবানবন্দী

৫. নজরুলসংগীতশিল্পীদের জীবনবৃত্তান্ত

৬. রবীন্দ্রনাথ ও নজরুল

৭. বুলেটিন (বইমেলা সংবাদ)

৮. চতুর্ভাষিক নজরুল

৯. সাক্ষাৎকার: শিল্পী মফিজুল ইসলাম

১০. নজরুল সাধক সম্মেলন

আবদুল মান্নান সৈয়দের দিনলিপির পৃষ্ঠা
আবদুল মান্নান সৈয়দের দিনলিপির পৃষ্ঠা

১০ মার্চ
বিটিভি—স্বরচিত ৫টি কবিতা পাঠ। অন্য ৫টি আবৃত্তিকারেরা করবে। প্রযোজক: হাবীব আহসান। সন্ধ্যা ৭টা
বিকেল ৫টা—বুলবুল মহলানবিশের কবিতাগ্রন্থর আলোচনা। বিশেষ অতিথি: আবদুল মান্নান সৈয়দ
বিটিভি থেকে পরবর্তী যোগাযোগ করেনি, সে জন্য এই প্রোগ্রাম পরে অনুরোধ করলেও করছি না। বুলবুল মহলানবিশের অনুষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্রের নভেরা মিলনায়তনে সম্পন্ন হলো। তাঁর প্রথম সিডি ও প্রথম কবিতাগ্রন্থর প্রকাশনা উৎসবের আয়োজন করেছিল ‘স্বপ্নকুঁড়ি’র পক্ষে হাসান মাহমুদ। মঞ্চে ছিলেন সভাপতি কলিম শরাফী, প্রধান অতিথি ড. আনিসুজ্জামান, উদ্বোধক মুস্তাফা মনোয়ার। শিল্পী হাশেম খান, ড. রাজীব হুমায়ুন, নাসির আহমেদ প্রমুখ বক্তৃতা দিলেন। আরও আলোচনা করলেন সেলিনা বাহার জামান, কাজী মদিনা, মাকিদ হায়দার, খালেদা এদিব চৌধুরী, ইলা মজুমদার প্রমুখ।
আমি মাঝপথে চলে এসেছি। আমার বক্তৃতায় বললাম, বুলবুলের সিডিতে রবীন্দ্রনাথ-নজরুল-অতুলপ্রসাদ-ডি এল রায়-রজনীকান্ত সেনের গান আছে। এঁদের সঙ্গে লালন ফকিরের গান আর রবীন্দ্রনাথের সমসাময়িক হাছন রাজার গান শুধু লোকসাহিত্যের অন্তর্ভূত বলে বাদ রাখা বোধ হয় সমীচীন না।

১৩ মার্চ
আন্‌ওয়ার আহমদ (১৯৪০-২০০৩) স্মরণসভা। বিশ্বসাহিত্য কেন্দ্র। বিকাল ৫টা।

উদ্যোক্তা: আহমদ মযহার

প্রধান অতিথি: কবি শামসুর রাহমান

সভাপতি: আবদুল মান্নান সৈয়দ

আবৃত্তি: রবিশঙ্কর মৈত্রী

আলোচকদের টুকরো কথন

রবিউল হুসাইন—নিঃস্বার্থ আন্‌ওয়ার আহমদের সম্পাদকীয় নিষ্ঠা একালে বিরল।

আতা সরকার—অন্য লিটলম্যাগের জন্যও আন্‌ওয়ার আহমদ বিজ্ঞাপন চাইতেন।

কায়সুল হক—সাহিত্যনিবেদিত আন্‌ওয়ার দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করেছেন। কোনো রাজনৈতিক সংকীর্ণতা দ্বারা তাঁর সাহিত্য বিচার আচ্ছন্ন ছিল না।

আবদুল্লাহ্ আবু সায়ীদের বিস্ময়—আন্‌ওয়ার আহমদ আমার পরেও ৩৮ বছর কী করে লিটলম্যাগ চালিয়েছে তা বিস্ময়কর।

১৫ মার্চ

কথাশিল্পী আবু ইসহাকের জন্ম ১ নভেম্বর ১৯২৬ সালে। শরীয়তপুরের শিরঙ্গলে। পিতা মোহাম্মদ ইবাদুল্লাহ। শিক্ষা: উপ্‌সী তারা প্রসন্ন হাইস্কুল, মাধ্যমিক (১৯৪২), রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, উচ্চ মাধ্যমিক (১৯৪৪), স্নাতক করাচি বিশ্ববিদ্যালয় (১৯৬০)। বাংলাদেশ পুলিশ বাহিনীর গোয়েন্দা বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রূপে কাজ করেন।

গ্রন্থ: উপন্যাস—সূর্যদীঘল বাড়ী (১৯৫৫), পদ্মার পলিদ্বীপ (১৯৮৬), গল্পগ্রন্থ—হারেম (১৯৬২), মহাপতঙ্গ (১৯৬৩), ডিটেকটিভ উপন্যাস—জাল (১৯৮৮), সম্পাদনা—সমকালীন বাংলা ভাষার অভিধান (২ খণ্ড, ১৯৯৩)।

বাস্তবতা ও সমাজসত্যের রূপদাতা কথাশিল্পী। নদী তীরবর্তী নিম্নশ্রেণির মানুষের জীবনসংগ্রাম তাঁর উপন্যাসে বাঙ্ময় হয়েছে। প্রচারবিমুখ, নির্জন, অসম্ভব সৎ, স্বল্পবাক।

অসাধারণ কৃতিত্ব: হরিচরণ বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, কাজী আবদুল ওদুদের ধারায় অভিধানপ্রণেতা।

গতকাল সংস্কৃতিসচিব আবু ইসহাকের একটু বিস্তারিত জীবনী আমাকে লিখে দিতে বলেন (স্বাধীনতা পুরস্কারের জন্য আমার প্রস্তাব ছিল)। সকাল থেকে তৈরি করে এখন সিকান্দারের হাতে পাঠালাম।

১৮ মার্চ

সাড়ে তিনটে—নন্দিনী সাহিত্য সংসদের বইপত্রের আলোচনা

১ বেইলি রোড, কর্মজীবী মহিলা হোস্টেলের এক তলা।

দুপুর সাড়ে ১২টা—চ্যানেল আই। স্বরচিত কবিতাপাঠ। স্বাধীনতা দিবস উপলক্ষে।

১৯ মার্চ

১১ জ্যৈষ্ঠে প্রকাশিতব্য নজরুল ইনস্টিটিউটের বইপত্র

১. শিশু-কিশোর রচনাসমগ্র: নজরুল ইসলাম

২. জাগো সুন্দর চির-কিশোর (ইংরেজি অনুবাদ): নজরুল ইসলাম

৩. ইসলামী রচনাসমগ্র: নজরুল ইসলাম

৪. নির্বাচিত নজরুল: খিলখিল কাজী সম্পাদিত

৫. চতুর্ভাষিক নজরুল

৬. দীওয়ান-ই-হাফিজ: নজরুল ইসলাম

৭. নজরুল স্বরলিপি

৮. নজরুলসংগীতের বিচিত্র ধারা

৯. নজরুলসংগীত: আসাদুল হক

১০. নজরুলসংগীত: রওশন আরা মুস্তাফিজ

১১. নজরুলবিষয়ক সাক্ষাৎকার: আবদুল মান্নান সৈয়দ সম্পাদিত

২২ মার্চ

বিকেল ৪টা—প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জ। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবি সম্মেলন। বক্তব্য দিতে হবে। কে জি মোস্তফার ফোন।

২৮ মার্চ

সাজ্জাদ শরিফের ফোন। প্রথম আলোর জন্য নজরুলবিষয়ক প্রবোধচন্দ্র সেনের পুস্তিকাটি জোগাড় করতে হবে (সিকান্দার দারা শিকোহ প্রদত্ত)। ভূমিকা লিখে দিব আমি প্রথম আলোর বৈশাখ সংখ্যার জন্য।

অন্যদিন থেকে মোমিন রহমানের ফোন। পরশু ‘দুই কবি’ শিরোনামে রবীন্দ্র-নজরুলবিষয়ক প্রবন্ধটি দেব। অন্যদিন-এর বৈশাখ সংখ্যার জন্য।

সন্ধেবেলা বিজুর দোকানে এল রাশেদ (প্রথম আলো)। বুধবারে যূথিকা রায়ের সাক্ষাৎকার পাঠক সমাবেশে রেখে যাব বললাম।

যায়যায়দিন পত্রিকা অফিস থেকে ফজল-এ-খোদার ছেলে ফোন করে জানাল, আগামী ৩১ মার্চ সন্ধে ৭টায় শফিক রেহমানের উপস্থাপনায় লাল গোলাপ অনুষ্ঠানে সম্প্রতি চুরি হওয়া রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার ও অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে। অন্যান্য আলোচক: ড. এনামুল হক ও রেজওয়ানা চৌধুরী বন্যা।