দিলারা বেগম জলির ‘জানা অজানা গল্প’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণভাবে শিল্পী দিলারা বেগম জলির কোনো চিন্তা তাঁর একটা কাজেই শেষ হয়ে যায় না। তাই তিনি একটা বিষয়ে একই শিরোনামে অনেক চিত্রকর্ম রচনা করেন। এই ছবিটা সে রকম একটা সিরিজের অংশ। এই সিরিজের নাম ‘জানা অজানা গল্প’। এখানে মুদ্রিত হয়েছে সিরিজের ৭ নম্বর ছবিটি। ২০১০-এর অক্টোবরে আঁকা ছবিটি এখন গ্রামীণফোনের সংগ্রহে রয়েছে।দিলারা বেগম জলি বলেন, ‘আমার শিল্পভাবনার অনেকখানিই আমার মায়ের কাছে পাওয়া। মা আমার জীবনের বিরাট অংশ। “জানা অজানা গল্প” সিরিজের ছবিতে আমি মানুষের জন্ম বৃত্তান্তটাই বলতে চাই। জন্ম দেওয়ার মধ্যে একটি মেয়ের সৃষ্টির আনন্দ থাকে, একই সঙ্গে থাকে অবদমনের বেদনা। সৃষ্টির কারণে মাতৃত্বকে মহিমান্বিত করা হয়, অন্যদিকে ব্যক্তি ও মানুষ হিসেবে নারীঅবহেলিত। তার দুঃখকে, তার নানা বঞ্চনার শিকার হওয়াকে তুলে ধরা হয় না। আমি এইসব তুলে ধরতে চাই। জন্ম প্রকৃতির একটা অংশ। ফলে বীজ, গাছ ইত্যাদি প্রকৃতির জন্মের নানা উপাদানও এই ছবিটায় উপস্থাপিত।’দিলারা বেগম জলি চট্টগ্রাম আর্ট কলেজ থেকে পেইন্টিংয়ে স্নাতক (১৯৮১)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে পেইন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ১৯৮৭ সালে। পরে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডিপ্লোমা সম্পন্ন করেন প্রিন্ট মেকিং বিষয়ে। শিশুদের স্কুলে কাজ করেছেন প্রায় দেড় যুগ। এই শিল্পী শিশুদের সঙ্গ খুব পছন্দ করেন। তিন বছর ধরে অবশ্য তিনি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন না। এখন ছবি আঁকাই একমাত্র কাজ। চাকরি সূত্রে তাঁর বাবা খুলনা থেকে চট্টগ্রামে আসেন। দিলারা বেগম জলির জন্ম চট্টগ্রাম শহরে, ১৯৬০-এ। এ শহরেই পড়াশোনা, বেড়ে ওঠা। বাসায় বরাবর একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল। চিত্রকর হবেন, এটা আগে কখনো ভাবেননি। এসএসসি পাস করে বড় বোন ও এক শিক্ষকের উৎসাহে হঠাৎ করে চট্টগ্রাম চারুকলা কলেজে ভর্তি হন। পড়তে পড়তে তিনি এর গভীরতা অনুভব করেন এবং তাতে অভিনিবেশ দেন। এই শিল্পীর ছয়টি একক প্রদর্শনী হয়েছে ঢাকা ও চট্টগ্রামে। সর্বশেষ প্রদর্শনী হয় ২০০৮-এ, আলিয়ঁস ফ্রঁসেস, চট্টগ্রামে।—রেজা হাসান