দীনু গায়েনের দিনরাত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় দীনু গায়েনের।চোখ মেলে তাকানোর পর দীনু গায়েন টের পায় অন্যান্য দিনের মতো পেসাবের চাপে আজ তার ঘুম ভাঙেনি। তলপেট এখনো ততটা ভার হয়ে ওঠেনি। আকাশের গায়ে লাখো কোটি তারকার কারুকাজ দেখে সহসা মনে পড়ে যায়—আজ তার ঘুম ভেঙেছে স্বপ্ন দেখে। আহা, কতকাল পর এই স্বপ্ন দেখা! দুচোখের দৃষ্টিশক্তি দিন দিন একেবারে নিষ্প্রভ হয়ে এসেছে। দিনের আলোতেই এখন আর সবকিছু পষ্টাপষ্টি দেখতে পায় না সে। আর রাত এলে তো পৃথিবীর সব রং নিভে যায়, একাকী খেলা করে অন্ধকার। প্রগাঢ় সেই অন্ধকারেও যে এমন উজ্জ্বল দ্যুতিময় স্বপ্ন এসে ধরা দিতে পারে, সে কথা এক রকম ভুলতেই বসেছিল দীনু গায়েন। স্বপ্ন দেখার ব্যাপারটাই ভয়ানক গোলমেলে মনে হয় তার কাছে। মনে মনে নানা রকম হিসাব-নিকাশ করেও এ রহস্যময় ঘটনার কোনো কূলকিনারা খুঁজে পায়নি। জবাব মেলাতে পারেনি—স্বপ্ন দেখার আদৌ কোনো মানে হয়! এ এক অদ্ভুত ক্রিয়া, যার ওপর মানুষের কোনো হাত নেই বললেই চলে। মিথ্যা কুহক জেনেও মধুর কোনো স্বপ্নের কাছে আত্মসমর্পণ করে মানুষ স্বস্তি খোঁজে। এত দিন পর দীনু গায়েনেরও কি সেই দশা হলো! এই যে তারাভরা আকাশ, এই নিশুতি রাতের নির্জন প্রহর—এ সবের কিছুই বুঝি ভালো লাগে না তার; হয়তো বা সাধ হয় স্বপ্নমরীচিকায় ফিরে যেতে।দীনু গায়েন হাতের তেলোয় মাথা রেখে আবার শুয়ে পড়ে। আবার দুই চোখের কবাট বন্ধ করে খোঁজে নূরীর মায়ের মুখ। বিগত যৌবনা স্ত্রীর মুখের আড়ে বিশেষ সৌন্দর্যপ্রভা লুকিয়ে আছে এমন নয়, বরং কয়েক বছর আগে বসন্ত রোগাক্রান্ত নূরীর মেয়ে পরীর সেবা-যত্ন করতে গিয়ে ওই রোগের সঙ্গে সে এমনই একাকার হয়ে মিশেছে যে বিদায় নেওয়ার আগে প্রায় মোচন-অযোগ্য বসন্ত চিহ্ন ছড়িয়ে দিয়ে গেছে তার সারা মুখে। ফলে স্বাভাবিক সৌন্দর্যটুকুও সেই থেকে ঢাকা পড়ে যায়। তবু ওই মুখ দীনু গায়েনের কাছে আজও যেমন প্রিয় তেমনই আকর্ষণীয়। কিন্তু নূরীর মা সে কথা বুঝলে তো! দিন নেই, রাত নেই, রোদ-বৃষ্টি-ঝড় নেই, এতটা দিন ধরে পথে পথে ঘুরে ঘুরে সে কাকে খুঁজছে, নূরীর মা কি টের পায় সে কথা! বাস্তবে না পেয়ে কত দিন মনেপ্রাণে কামনা করেছে দীনু গায়েন—অন্তত স্বপ্নেও যদি একবার তার দেখা পায়, তবু সে তাকে বলবে, অভিমান করে দূরে সরে যাওয়ার এই কি তোমার সময় হলো এই পড়ন্ত বেলায়! সেই স্বপ্নের দেখা পেতে পেতে এত দিন! দীনু গায়েনের কিছুতেই ঘোর কাটে না—এক পলকের স্বপ্নে এ কোন রূপের ছলনা করে গেল সে। ১৫-১৬ বছর বয়সের সদ্যযৌবনা স্ত্রী ৪০ বছরের দারিদ্র্যক্লিষ্ট দাম্পত্য জীবনের ধুলোবালি সরিয়ে এভাবে উদ্ভাসিত হতে পারে—তা কি কখনো সে ভেবেছে কোনো দিন, হ্যাঁ, বুঝে অথবা না বুঝে অভিমানে ঠোঁট ফোলানোর বয়স ছিল বটে সেটা, তাই বলে এই অসময়ে স্বপ্নের মধ্যে হানা দিয়ে অভিমান জানানোর কী মানে হয়। কবে কোথায় আনমনে হারিয়ে গেছে তারার ফুল, এখন এভাবে আবদার করলেই হবে। এখন দীনু গায়েনের সাধ্য কি সেই তারার ফুল কুড়িয়ে আনে! অথচ সেই মহার্ঘ উপহার না পেলে নাকি তার মান ভাঙবে না, মুখ ফেরাবে না, ধরাও দেবে না। এখন তাহলে কী উপায় দীনু গায়েনের।ঘুম নেই, স্বপ্ন নেই, কাঁহাতক আর চোখের কবাট বন্ধ করে কাঠ হয়ে পড়ে থাকা যায়! কোটরের ভেতরে ডুবে থাকা চোখের পাতা মেলে তাকায় দীনু গায়েন। কিন্তু নিরেট অন্ধকারে কিছুই দেখতে পায় না সে। তবু হাত বাড়ায়। ডানে-বাঁয়ে এবং মাথার সিঁথানে হাতড়ায়। একসময় পেয়েও যায় তার অমূল্য সম্পদ, বহু ব্যবহারে মলিন তেল চিটচিটে একতারা। অসতর্ক আঙুলের স্পর্শে একবার টুংটাং করে কঁকিয়েও ওঠে অবুঝ বাদ্যযন্ত্রটি। আর তখনই দীনু গায়েনের শয্যাপাশ থেকে একটি বেওয়ারিশ নেড়ি কুকুর উঠে যায়। সামান্য একটু সরে গিয়ে সে একবার ঘেউ করে প্রতিবাদ জানায়।আপন মনে ফিক করে হেসে ওঠে দীনু গায়েন। তারপর দরদি হাতের পরশ বুলিয়ে দেয় একতারার গায়ে। আবারও টুং করে শব্দ হয়। আবারও সেই কুকুর ডেকে ওঠে। মনে মনে ভয়ানক বিরক্ত হয়, একা একা গজগজ করে, তার মানে গান গাওয়া হবে না! যত্তসব আপদ!অথচ এই স্বপ্নভাঙা নিশুতি রাতে দীনু গায়েনের অন্তরে দুর্দমনীয় হয়ে ওঠে গানের তৃষ্ণা। লতিয়ে ওঠা লাউডগা যেমন বিস্তীর্ণ মাচানের চৌহদ্দি পেরিয়ে আকুল প্রাণে উঁকিঝুঁকি দেয়, দীনুর হয়েছে সেই দশা। জীবনের যত আনন্দ-বেদনা, আশা-নিরাশার কথা সে তো গানে গানেই ছড়িয়ে দিতে চায়। সেই সুবাদেই তো তার নামের শেষে যোগ হয়েছে গায়েন। নইলে বাপ-দাদার পদবি অনুযায়ী তারও হওয়ার কথা দীনু শেখ। গ্রামে কেউ কেউ ডাকে দীনু ফকির বলে। কিন্তু এই সম্বোধনে তার আপত্তি আছে। তার বিবেচনায় ফকির হওয়া অত সোজা কথা নয়। সে সবিনয়ে কবুল করে যে ওই বিশেষ সম্প্রদায়ের সাধন-ভজন, তত্ত্বজ্ঞানের বিশেষ কিছুই তার জানা হয়নি, এমনকি মনের মতো দীক্ষাগুরুও খুঁজে পায়নি। কোথায় লালন ফকির, সিরাজ সাঁই, আর কোথাকার কোন দীনু ফকির তার খবর নাই! না, ওই গায়েন পর্যন্তই, নিজেকে সে ফকির ভাবতে পারেনি কখনো। মুখে মুখে গান বাঁধে। সে গানের বিষয়বস্তু মানুষ। মানুষের প্রেম, বিরহ, দ্রোহ, মানুষের দুঃখ-কষ্ট, আনন্দ—এসব নিয়ে সে গান রচনা করে, সামাজিক নানা অসংগতির কথাও থাকে তার গানে, কিন্তু তার বিবেচনায় সবার ওপরে মানুষ সত্য। প্রায়ই সে গুনগুনিয়ে গায়, ‘ভবে মানুষগুরু নিষ্ঠা যার...।’ফকির হতে না পারার দীনতায় সে অন্তরে অন্তরে যতই ম্রিয়মাণ থাকুক, গ্রামের মানুষ একদা বিচার-সালিস বসিয়ে তার বাবরি চুল কেটে দিয়েছে, সমাজ থেকে তাকে একঘরে করেছে, দীনু জানে—এ সবই তার গানের পুরস্কার। সমাজে ভিজা বিড়াল ভালো মানুষগুলোর মুখোশ খোলা গান গেয়ে বেড়ালে তারাই বা সইবে কেন? রংবেরঙের বিচার মজলিশ বসায়, নানা রকম রায় হয়, দীনুর গান বন্ধ হয় না। বরং সেই বিচার প্রহসন নিয়ে আবার গান বাঁধে। আবার নালিশ, আবার সালিস। একবার তো দীনু গায়েনকে সস্ত্রীক পুড়িয়ে মারারও সিদ্ধান্ত হয়। জীবন্ত একজোড়া মানুষ অগ্নিদগ্ধ হবে, গ্রামের মানুষ শীতসকালে সাজাল পোহানোর মতো গোল হয়ে দেখবে সেই অগ্ন্যুৎসব। সেই মজাদার দৃশ্য উপভোগের সুযোগ থেকে বঞ্চিত হয় গ্রামবাসী। স্থানীয় এক তিতকেপুঁটি সাংবাদিক সেই উৎসবের খবরটি বেরসিকের মতো আগাম ফাঁস করে দেয় কাগজে। পরদিন থানা পুলিশ, এনজিওকর্মী ঝাঁকে ঝাঁকে গ্রামে এসে মণ্ডল মাতবরদের বেইজ্জতির একশেষ। কোনো রকমে নাকখত দিয়ে সে যাত্রা রক্ষা পায়। কিন্তু বেশ কিছুদিন পর এ ঘটনার বদলা ঠিকই নেয় একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মাত্রায়। রটিয়ে দেওয়া হয় নূরীবানু আসলে দীনু গায়েনের ঔরসজাত সন্তান নয়। নূরীবানুর জন্মপ্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে আছে নারী-পুরুষের অনৈতিক মেলামেশার রহস্য। ব্যস! চৈতী খরায় উড়ে চলে আগুনের ফুলকি। তখন আর কে কার মুখে হাত দেয়! সেই হাতও পুড়ে যাবে যে!এমনি ধারার ও নানা মাত্রার ঝড়ঝাপটা মোকাবিলা করেই টিকে থাকতে হয়েছে দীনু গায়েনকে। আড়ালে-আবডালে শুধু নয়, প্রকাশ্যেও অনেকে রং তামাশা করেছে, টিকাটিপ্পনী কেটেছে, এসব মোটেই গায়ে মাখেনি সে। দিব্যি হাসিমুখে উড়িয়ে দিয়েছে। রুচিহীন এসব কটুকুৎসা নির্বিবাদে উড়িয়ে দেওয়ার নির্মল সাহস সে বরাবরই পেয়েছে নূরীর মায়ের কাছ থেকে। তার একেবারে সাফ কথা, ‘তুমি জানো আমাকে, আমি জানি তুমাকে, ইর মদ্যি আবার লোকের কতায় কান দিয়ার কাজ কী।’নূরীর মায়ের এমনই সোজাসাপটা হিসাব-নিকাশ। তার চোখের দিকে তাকালে একেবারে মনের তল পর্যন্ত দেখা যায়, এতটাই স্বচ্ছ টলটলে ঝরনাধারার মতো যার মন, তাকে সন্দেহ করবে কোন বিবেকে! দীনু গায়েনের মনে সংশয়ের লেশমাত্র নেই, তবু মাথা ঝাড়া দিয়ে উঠতে খানিক সময় নেয়। তার ভাবনা হয়—নূরী বড় হচ্ছে, বিয়ের সময় এ নিয়ে গঞ্জনা সইতে হবে না তো!না, বাস্তবে তেমন কোনো সংকটে পড়তেই হয়নি। সব অপপ্রচার তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পাশের গ্রামের যুবক সিরাজ (নবাব সিরাজের মতোই চেহারা বটে) উদ্যোগী হয়ে নূরীকে বিয়ে করে নিয়ে যায়। সিরাজের বাপ একবার দীনু গায়েনকে তওবা পড়িয়ে নতুন করে মুসলমান হওয়ার একটা শর্তের কথা তুলতে চাইলেও সিরাজের দৃঢ়তার মুখে সে শর্ত খড়কুটোর মতো ভেসে যায়। অথচ পুরোনো ব্যথা মোচড় দিয়ে জেগে ওঠার মতো করেই একদা স্রোতে ভেসে যাওয়া এই সংকট বড্ড অসময়ে মাথাচাড়া দিয়ে ওঠে। জোয়ার জল নেমে যাওয়ার অনেক পরে যেনবা আবিষ্কৃত হয় বালিয়াড়িতে আটকে পড়া খড়কুটোর অস্তিত্ব।ব্যাপারটার সূত্রপাত নূরীর গর্ভধারণকে কেন্দ্র করে। বিয়ের পর পাঁচ-ছয় বছর পেরিয়ে যাচ্ছে নিষ্ফলা, শ্বশুর-শাশুড়ি চিন্তিত—আদৌ নাতি-পুতির মুখ দেখতে পাবে কি না, তাই নিয়ে। নূরীর মা-বাবা দেহতত্ত্বের গিট দিয়ে সম্ভাবনার দুয়ার আটকে রেখেছে কি না, কে জানে। এ রকম অরুচিকর সন্দেহের কথা কানে আসার পর নূরী নিজে থেকে ব্যাখ্যা দেয়—তার মাতৃকুলে বিলম্বে গর্ভসঞ্চারের দৃষ্টান্ত আছে। তার নিজেরই জন্ম হয়েছে মা-বাবার ১৩ বছরের সংসারজীবন যাপনের পর। কাজেই তার ক্ষেত্রেও...। কিন্তু এখানে এসে নূরীর শাশুড়ির মুখে বেফাঁস মন্তব্য লকলকিয়ে ওঠে। লুকোছাপা নয়, সে স্পষ্ট জানিয়ে দেয়, ১৩ বছর পর নূরীর মা যে রকম পরপুরুষের সঙ্গে দেহতত্ত্বের নিবিড় চর্চার মাধ্যমে গর্ভসঞ্চার ঘটিয়েছিল, নূরীও যদি এত দিন পর সে রকম কোনো পা-পিছলানো পন্থা বেছে নেয়, তাহলে এ সংসারে তাঁর পরিণাম হবে খুবই ভয়াবহ। কী সেই ভয়াবহ পরিণাম, সে ঘোষণা শোনার অপেক্ষায় না থেকে অপমানে ম্রিয়মাণ নূরী রাতের অন্ধকারে নিজের হাতে উদ্বন্ধনের আয়োজন করতে গিয়ে একেবারে শেষবেলায় স্বামীর হাতে ধরা পড়ে যায়। সে যাত্রা রক্ষা পায়। কিন্তু অপমান কিছুতেই ভুলতে পারে না নূরী। আরও বছর দুই পরে তার কোল আলো করে পরীবানু এলে সে লক্ষ করে, তার শাশুড়ি মুখে ফুলপরী-লালপরী বলে যতই আদর-সোহাগ জানাক, তার চোখ থেকে ঠিকই সন্দেহের গরল উপচে পড়ে, মুখ ঘুরিয়ে ঠিকই মন্তব্য করে, ‘আমার সিরাজের চায়ি এ্যাতো ফার্সা হলু কী সি।’সিরাজের বউ নূরীর গায়ের রং তার বুঝি চোখেই ধরে না। আটার গুণে রুটি, আর মায়ের গুণে বিটি—এ কথা কে না জানে! সদ্যজাত শিশুটি যে মায়ের রংও পেতে পারে, এ হিসাব যেন তার মনেই পড়ে না। সন্দেহের গতিমুখ তবে কি এমনই সূচাগ্র আর এতটাই একরোখা হয়।দীনু গায়েন সব শোনে, সব দেখে। কী বোঝে সে-ই জানে। একমনে শুধু ধ্যান করে। একতারার গায়ে হাত বোলায়। টুংটাং ধ্বনি ওঠে। সেই সুরে আপন খেয়ালে গান ধরে। চোখ থেকেও কিছু দেখতে না পাওয়া কিংবা কান থেকেও কিছু শুনতে না পাওয়ার আক্ষেপ ঝরে পড়ে তার গানের বাণীতে। সোজা কথা সোজাসুজি সুরে সুরে জানিয়ে দেওয়াই তার গানের বৈশিষ্ট্য। তাই তত্ত্বকথার কচকচানির চেয়ে মানবজীবনের নানা সংকট-সম্ভাবনা, আনন্দ-বেদনা অনায়াসে তার গানের বিষয় হয়ে আসতে পারে। এ নিয়ে শ্রোতা সাধারণের অনেক প্রশ্ন থাকলেও নূরীর মা চিরকাল নির্বিকার। কোনো প্রশ্ন নেই তার, নেই কোনো কৌতূহলও। নির্বিবাদে গান শোনে, গালে টোল ফেলে হাসে, ভুবনমোহিনী হাসিতেই ভরিয়ে দেয় ছোটখাটো নিজস্ব অন্ধকার। জীবনের দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে আসার পর সেই নির্বিবাদী মানুষটি হঠাৎ একদিন চেপে ধরে দীনু গায়েনকে, ‘এসব কতার মানে কী? গানের মদ্দি বুজরুকি ক্যামুন?’দীনু গায়েন মুখে কিছুই বলে না। একতারা থেকে দুবার শব্দ হয় টুংটাং। একবার চোখ তুলে তাকায় স্ত্রীর দিকে। হয়তো অচেনা মনে হয়। আবার একতারা বাজায়। কিন্তু নূরীর মা পষ্টাপষ্টি জিজ্ঞাস করে, ‘চোখ মেলে তুই কিছুই দেখলি না’ মানে কী?দীনু গায়েন ঝটপট সুর তোলে, ‘ও মন রে, চোখ মেলে তুই কিছুই দেখলি না; পায়ে পায়ে ঠেকলি তবু কিছুই শিখলি না।’ সুর ছেড়ে বলে—মনকে শুধাও।মনকে শুধাব আমি? নূরীর মা হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে,আমার মন কি তুমি আজও বোঝোনি?কী মুশকিল। কার মনের খবর কে রাখে বলো দিনি!এত দিন পর এই কতা! তুমি তালি কার মন খুঁইজি ব্যাড়াও? কিডা তুমার মনের মানুষ?একতারাতে টুং করে একটা আওয়াজ তুলে দীনু গায়েন উদাস ভঙ্গিতে বলে,আমিই কি জানি আমার মনের খবর! সুর ভাঁজে—মনরে তুই মুখ্যু বড়...সে দিনের কথা এইটুকুই। দীনু গায়েন আর কথা বাড়ায় না, মন-বিচারি গান ধরে। সেই গানের ঘোরে মগ্ন হয়ে থাকে। নূরীর মা একবার শুধু বলে, ‘থাকো তুমার মন নিয়ি।’ ব্যস, এই পর্যন্তই। তারপর রাত গড়িয়ে সকাল হয়, পাখি ডাকে, ফুল ফোটে, সূর্য ওঠে; কিন্তু নূরীর মাকে আর পাওয়া যায় না। আগুন রঙা সূর্যের আলোয় ঘোর কেটে যায় দীনু গায়েনের। স্তব্ধ হয়ে যায় চৈতন্য। ভেবেই পায় না—কোথা থেকে কী হয়ে গেল। নূরীর কাছে ছুটে যায়, আর্তনাদ করে ওঠে—তোর মাকে ছাড়া আমি বাঁচব কী করে, এ্যাঁ?আত্মীয়স্বজনের বাড়ি তো বটেই, দীনু গায়েন সেই থেকে সম্ভব-অসম্ভব বহু জায়গায় খুঁজেছে নূরীর মাকে। এখনো গ্রাম-গ্রামান্তরে পথে পথে সে খুঁজেই চলেছে। কোথায় গেলে পাবে তারে সেই ঠিকানা জানা নেই। দিনের পর দিন একতারা হাতে সে ঘুরে বেড়ায়। রাত হলে গৃহস্থের ফাঁকা বারান্দা কিংবা কোনো দোকানের খোলা মাচায় শুয়ে পড়ে। ক্ষুধা-তৃষ্ণায় সব রাতে ভালো মতো ঘুমও আসে না, নূরীর মাকে নিয়েই ধ্যান করে; একা একাই ভাবে—অভিমানের ছুরি এতই ধারালো যে কেটেকুটে ফালাফালা করে দেয়। এতটাই রক্তক্ষরণ ঘটে ভেতরে ভেতরে। বহু প্রতীক্ষার পর স্বপ্নে এক ঝলক দেখা পায় বটে, কিন্তু অবুঝ বায়না তার, এত দিন পর সে চায় তারার ফুল।সেই কবে কোনকালে রেডিওতে শোনা গান, ‘মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল...।’ এ গানের সুর কিছুতেই আয়ত্ত হতে চায় না, তবু বিয়ের পর পর এক রাতে বউকে সে শুনিয়েছিল। আলতা-চন্দন-গলার মালার বিবরণ শুনে নতুন বউয়ের সে কী হাসি! এত দিন পর সেই তারার ফুল কোথায় পাবে দীনু গায়েন!স্বপ্নভাঙা সেই নিশুতি রাতে দীনু গায়েনের পেটের মধ্যে মোচড় দিয়ে ওঠে ক্ষুধা। পথে পথে ঘোরা ক্লান্ত শরীরে সহজেই ঘুম নেমেছিল বটে, কিন্তু সেই ঘুম তার পেটের ক্ষুধা ঢাকতে পারেনি মোটেই। তাই আকাশভরা তারার দিকে তাকিয়ে তার কান্না পায়, তারার ফুল খুঁজে পায় না। আর্দ্র চোখের পাতা মুছে আরও ভালো করে তাকায়—সাদা ধবধবে ভাতের মতো থোকা থোকা জুঁইফুল ফুটে আছে সারা আকাশের গায়ে। তবু ক্ষুধার্ত দীনু আর কিছুতেই তারার ফুল খুঁজে পায় না।