প্রকৃতির রূপমাধুরী মানুষকে আচ্ছন্ন করে; সৌন্দর্যপিয়াসী মন বা নিসর্গের সান্নিধ্যে মানুষের শৈল্পিক ভাবনা মূর্ত হয়ে ওঠে। সংবেদনশীল মানুষ হিসেবে শিল্পীরা নিজেদের খানিকটা আলাদা করেই উপস্থাপন করেন। সম্প্রতি শিল্পী মোখলেসুর রহমানের ‘নিঃশব্দ প্রকৃতি’ শিরোনামে একক প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে। তিনি এই মমতাময়ী প্রকৃতির অনাবিল আবাহনে কখনো আনন্দিত, কখনো বিষাদে বিক্ষত। কারণ, প্রকৃতির সঙ্গে মানুষের আচরণ অনেকটাই একতরফা গ্রহীতার। ধাত্রীর সঙ্গে সন্তানের এমন বিচ্ছেদ, বিয়োগ ও বিবাদে শিল্পীমনে তৈরি হয় নিখাদ মায়া এবং শঙ্কার ক্যামোফ্লেক্স। অন্তর্জগতের এই দোদুল্যমান অবস্থাকে নানা ভঙ্গি, ফর্ম, টেক্সচার, রেখা-রঙে চিত্রপটে বুনন করে চলেছেন মোখলেসুর রহমান। প্রাকৃতিক সারল্যের স্বচ্ছন্দ প্রকাশ রয়েছে তাঁর ক্যানভাসে। নদীতীরে শৈশব-কৈশোর কাটিয়ে বৃক্ষ-পত্র-লতা-গুল্ম-টলটলে জল-ফুল-পাখি-ঢেউয়ের রূপান্তর ঘটিয়ে বুদ্ধিদীপ্ত পরিমার্জনায় সমৃদ্ধ করেছেন শিল্পী মোখলেসুর রহমান। মূলত তিনি ছাপচিত্রের একটি মাধ্যম উডকাটেই নিজস্ব অভিব্যক্তির ব্যাপক বিস্তার ঘটিয়েছেন। মূর্ত-বিমূর্ত বা কখনো মধ্যবর্তী কোনো ফর্মের বিচিত্র বিন্যাস স্পেসে নানাভাবে কাজে লাগিয়েছেন। শিল্পচেতনার বর্ণস্রোত প্লাবিত হয়েছে সময়ের অবয়ব আর অভিজ্ঞতার বিন্যাসে। তিনি উডকাট মাধ্যমে নিরীক্ষার সফল প্রয়োগ রেখেছেন তাঁর শিল্পকর্মে। মাধ্যম হিসেবে কাগজ-ক্যানভাসের বাইরেও ব্যবহার করেছেন আটপৌরে গামছার বর্ণময় জমিন। করণকৌশলে তাঁর দক্ষতা প্রতিটি শিল্পকর্মে সুস্পষ্ট। স্নিগ্ধ-শান্ত রঙের স্বচ্ছতা, গভীরতায় অবগাহন করা যায় সহজেই। নিসর্গের আলো-আঁধারি, মেঠোপথ, ভূমি-বৃক্ষ-শেকড় বা জলধারা, বুনো ফুল-গন্ধ জীবনের স্রোত থেকে ভেসে এসেছে তাঁর শিল্পকর্মে। এ দেশের শিল্পকলার অন্যতম পথিকৃত শিল্পী মোহাম্মদ কিবরিয়া ও সফিউদ্দিন আহমেদের সান্নিধ্যে শিল্পী মোখলেস তাঁর শিল্পভাষা সহজেই খুঁজে পেয়েছেন। টিয়ারস অব নেচার-৪, আনটাইটেলড-১৫, ১৭, ওয়াটার হাইসিন্থস বা সেক্রেশন শীর্ষক শিল্পকর্মে তাঁর রেখার বৈচিত্র্য খুব সহজেই আকৃষ্ট করে দর্শকদের। স্বচ্ছ আলো, উজ্জ্বল রং, বৃষ্টির ফোঁটা কাঙ্ক্ষিত জীবনের বেদনাদীর্ণ প্রকৃতির একাকিত্বকেও পরস্ফুিটিত করে। বিষাদের সুর অনুষঙ্গের আর্তনাদে প্রভাসিত হয়ে ওঠে।ছাপচিত্রী মোখলেসুর রহমানের এই প্রদর্শনীতে পেইন্টিং নতুন সংযোজন। তিনি উডকাটের বিভিন্ন টেক্সচার, রেখা, কম্পোজিশন, রঙের সংহতি ক্যানভাসে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ব্যবহার করেছেন, যা এক নতুন মাত্রায় উন্নীত করেছে এই প্রদর্শনীকে। তবে আধা বিমূর্ত ধারার শিল্পকর্মগুলো ভাবালুতায় ভারাক্রান্ত, যা শিল্পকে গণ্ডি অতিক্রমের সাহস জোগাবে না।প্রদর্শনী আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।মোখলেসুর রহমান: ১৯৬১ সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগ থেকে স্নাতকোত্তর প্রথম পর্ব সম্পন্ন করেন। ২০০২ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ১০ম এশিয়ান আর্ট বিয়েনালে গ্র্যান্ড প্রাইজ লাভ করেন।