দু চোখভরা বিপ্লবের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকণ্ঠ বিপ্লব পিপাসা [মোহাম্মদ ফরহাদ স্মারকগ্রন্থ] প্রধান সম্পাদক: নূহ-উল আলম লেনিন \ প্রচ্ছদ: মনন মোর্শেদ \ অক্টোবর ২০১০ \ পরিবেশক: সময় প্রকাশন, ঢাকা \ পৃষ্ঠা ৩৭৬ \ দাম: ৩০০ টাকা।মৃত্যুকালেও তাঁর বুকে ছিল বিপ্লবের সুগভীর স্পন্দন আর দু চোখভরা বিপ্লবের স্বপ্ন। তিনি মোহাম্মদ ফরহাদ (১৯৩৮-৮৭); বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি পুরুষ মণি সিংহের সঙ্গে যুগ্মভাবে উচ্চারিত হয় যে নামটি। মৃত্যুর ২৩ বছর পরে তাঁকে নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থটির নামকরণ করা হয়েছে আকণ্ঠ বিপ্লব পিপাসা। যথার্থ এই শিরোনামটি নেওয়া হয়েছে তাঁরই ঘনিষ্ঠ সহযোগী মতিউর রহমানের একটি লেখা থেকে, যে আবেগদীপ্ত রচনাটি তিনি লিখেছিলেন মোহাম্মদ ফরহাদের মৃত্যুর মাত্র চার দিনের ব্যবধানে।ভাষা আন্দোলনের অভিঘাতে একান্ত কৈশোরকালে রাজনীতিতে যাঁর হাতেখড়ি হয়েছিল, তিনি পরবর্তী জীবনে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করেছিলেন দেশমাতৃকার মুক্তি তথা পরিশ্রমজীবীর জীবনমুক্তির সাধনায়। মাত্র ১৬ বছর বয়সে কারাবাস ও তার পর পর আত্মগোপনের অভিজ্ঞতা এবং এরই পাশাপাশি মাত্র ১৭ বছর বয়সে নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ তাঁর এই সাধনার ভিত্তি নির্মাণ করে দিয়েছিল। তাঁর সার্বক্ষণিক ধ্যানের বিষয় হয়ে উঠেছিল শ্রমজীবী মানুষের মুক্তিচিন্তা। সে লক্ষ্যেই তিনি নিজেকে সর্বদা প্রস্তুত করে তুলেছিলেন। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন বাষট্টির ছাত্র আন্দোলন, যা আইয়ুবের জগদ্দল সামরিক শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল সেই সংগ্রামের মূল পরিকল্পক বা মস্তিষ্ক। এখানেই তিনি থেমে থাকেননি। পুরো ষাটের দশক আত্মগোপনে থেকে স্বাধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হেনেছিলেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মাধ্যমে। এই গণ-অভ্যুত্থানেরও নেপথ্যের মূল নায়ক ছিলেন তিনিই। মফিদুল হক যথার্থভাবেই বলেছেন, ‘ষাটের দশকের ছাত্র-গণ-আন্দোলন, কমিউনিস্ট পার্টির পরবর্তী বিকাশ এবং পূর্ববঙ্গের সমাজমানসের রূপান্তর বোঝা সম্ভব হবে না মোহাম্মদ ফরহাদের ভূমিকা বিবেচনা ছাড়া। ...সেই দশকে পূর্ণ মহিমা নিয়ে বিকশিত হয়েছিল তাঁর সত্তা, তাঁর সত্তার এই বিকাশ ও জাতীয় বিকাশ ছিল সমান্তরাল...।’দেশকে ঔপনিবেশিক শোষণের হাত থেকে মুক্তির জন্য ছাত্র-গণ-আন্দোলন সংগঠিত করার পাশাপাশি তিনি কমিউনিস্ট পার্টিকে পুরোনো ধারা থেকে বের করে নতুন রক্ত সঞ্চালনের মাধ্যমে উজ্জীবিত করে তুলেছিলেন। প্রগতিশীল ছাত্রনেতারা ছাত্রজীবন শেষে কে কোন ফ্রন্টে, কোন জেলায় কীভাবে কাজ করবে, তার সব পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পাকিস্তান কালপর্বে প্রবল বিরুদ্ধতার সম্মুখীন হয়ে কমিউনিস্ট পার্টি যে রকম সংকুচিত হয়ে পড়েছিল, তাতে নতুনভাবে প্রাণসঞ্চার করেছিলেন মোহাম্মদ ফরহাদ। তাঁর এসব পরিকল্পনার অংশ হিসেবেই ঊনসত্তরের গণ-অভুত্থানের পর নতুনভাবে সংগঠিত হয়েছিল ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ১৯৭০ সালে গড়ে উঠেছিল মহিলা পরিষদ এবং প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক একতা। এভাবে তিনি কমিউনিস্ট পার্টির মুখ্য নেতায় পরিণত হয়েছিলেন এবং স্বাধীনতার পর তারই স্বীকৃতিস্বরূপ তিনি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আমৃত্যু ওই দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা-পরবর্তী তাঁর কর্মতৎপরতা ও চিন্তাভাবনার সঙ্গে যুক্ত হয়েছিল সমগ্র দেশকে প্রগতির ধারায় বিকশিত করার প্রশ্নটি। বিশেষ করে পঁচাত্তরের পটপরিবর্তনের পর সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি আরেকবার জাতীয় রাজনীতির মধ্যমণি হয়ে ওঠেন। এ পর্বে নতুন নতুন সংগঠন (যুব ইউনিয়ন ও ক্ষেতমজুর সমিতি) গঠনের মাধ্যমে কমিউনিস্ট পার্টিকে নতুনভাবে বিকশিত, প্রসারিত ও গণভিত্তিক করে তোলার পাশাপাশি সমমনা রাজনৈতিক দলকে জোটবদ্ধ করার মাধ্যমে আন্দোলনকে বেগবান করে তোলার ক্ষেত্রে তিনি পালন করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এভাবেই উন্নীত হন জাতীয় নেতার মর্যাদায়। অসাধারণ মেধাবী, জন্মভূমির কল্যাণার্থে আত্মনিবেদিত, ত্যাগী এই রাজনীতিবিদ ৫০ বছর পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন। রাজনৈতিক ঘটনাবলি বিশ্লেষণে অসামান্য দক্ষতা ও রাজনৈতিক কৌশল নির্ধারণে প্রত্যুৎপন্নমতিত্বই তাঁকে এমন সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছিল। শুধু নিজ দলের কর্মী-সমর্থকদের কাছে নয়, সমগ্র জাতির সামনেই তিনি তুলে ধরেছিলেন বিপ্লবের অপার সম্ভাবনা। ফলে তাঁর অকাল মৃত্যুতে শোকাহত ও হতাশাগ্রস্ত হন সমাজের বিভিন্ন কেন্দ্রের মানুষ—দেশের শ্রেষ্ঠ কবিও এ তালিকা থেকে বাদ পড়েননি।এই স্মারকগ্রন্থ থেকে পাঠকেরা মোহাম্মদ ফরহাদের ঘটনাবহুল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের এক সামগ্রিক পরিচয় লাভ করবেন। কৈশোরকাল থেকে তাঁর হয়ে ওঠা, তাঁর আত্মগোপনে থাকা জীবন, তাঁর রাজনৈতিক অবদান, বিপুল শ্রমনিষ্ঠা, তাঁর মানবিক গুণাবলি—সবকিছুর এক আকরগ্রন্থ এটি। এমন একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ উপহার দেওয়ার জন্য আমি এর প্রধান সম্পাদক নূহ-উল আলম লেনিনসহ সম্পাদনা পরিষদের সদস্যদের ধন্যবাদ জানাই। এর লেখক-তালিকায় আছেন: রণেশ দাশগুপ্ত, অজয় রায়, বজলুর রহমান, মতিয়া চৌধুরী, পঙ্কজ ভট্টাচার্য, রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো, জসিমউদ্দিন মণ্ডল, মতিউর রহমান, নুরুল ইসলাম, মনজুরুল আহসান খান, ডা. সারওয়ার আলী, মালেকা বেগম, আয়শা খানম, মুজাহিদুল ইসলাম সেলিম, মফিদুল হক, মাহবুব জামান প্রমুখ। কবিতা রচনা করেছেন: শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আতাউর রহমান, নির্মলেন্দু গুণ, মোহাম্মদ রফিক, মাহমুদ আল জামান প্রমুখ।কবি শামসুর রাহমানের সঙ্গে আমরাও কণ্ঠ মিলিয়ে বলতে চাই: ‘...অথচ এও জানি মৃত্যুর জঠর/ফুঁড়ে লোকগাথার মতোন/কিংবদন্তি হয়ে তুমি/ থাকবে বাংলায় আমাদের মাঝে অগণিত হূদয়ে হূদয়ে।’