দুই দুরন্ত কোকিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগস্ট মাসের শুরুর দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার একটি চাতালবাড়িতে তখন পড়ন্ত বিকেল। অনবরত কুহু কুহু ডেকে যাচ্ছে কোকিল। একটিকে পাল্লা দিয়ে ডাকছে আরেকটি। ডাকগুলো আসছে খুব কাছ থেকেই। ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম। কাছ থেকে যে কোকিলের দেখা মেলেই না, সেই কোকিল কিনা এত কাছে! দেখি, একটি মাঝারি গোছের গাছের ডালে দুটি কোকিল ডাকছে আর একটি অন্যটিকে ডানা দিয়ে ঝাপটা দিচ্ছে। আড়াল থেকেই তাদের বেশ কিছু ছবি তুললাম। ছবিতে একটা আশ্চর্য বিষয় দেখা গেল। কুচকুচে কালো দুই কোকিলের চোখের গাঢ় লাল রং। সাধারণত কোকিলকে এত কাছ থেকে দেখা যায় না। আর দূরে থাকে বলে চোখও স্পষ্ট দেখা যায় না। কোকিলের চোখের রং যে এমন লালচে হয়, তা হয়তো অনেকেরই অজানা। দুই কোকিলের এই ছবি তুলে পাখি বিশেষজ্ঞ শরীফ খানকে মুঠোফোনে কোকিলের গল্প শোনালাম। তিনি বললেন, এই দুটি পুরুষ কোকিল। এদের পাশেই ছিল কোনো স্ত্রী কোকিল। সাধারণত স্ত্রী কোকিলটিকে নিজের দিকে আকৃষ্ট করতেই এই দুই পুরুষ কোকিলের সম্মুখযুদ্ধ! এই যুদ্ধে যে জিতবে, সে-ই দখল করবে স্ত্রী কোকিলকে। এরপর তাদের প্রেম ও মিলন হবে। আর স্ত্রী কোকিল কাকের ডিম খেয়ে ফেলে সেই বাসাতেই নিজের ডিমটি পেড়ে ফুড়ুৎ করে উড়াল দেবে!কোকিল কুহু কুহু সুরেলা ডাকের জন্য বিখ্যাত। ভোরে অন্যান্য পাখির আগেই কোকিল ডাকে। স্ত্রী পাখির ডাক ভিন্নতর, তীব্র কিক্-কিক্-কিক্-কিক্ স্বরে এক গাছ থেকে অন্য গাছে যেতে যেতে ডাকে।লম্বাটে গড়নের এই পাখি আকারে ছোটখাটো পাতিকাকের মতো। পুরুষ পাখি উজ্জ্বল কালো, ঠোঁট হালকা হলুদ, চোখ গাঢ় লাল। স্ত্রী পাখি গাঢ় বাদামি এবং শরীরে সাদা ফোঁটা ও দাগ রয়েছে। পাতাভরা গাছেই এরা খাবার খোঁজে। সাধারণত শীতকালে নীরব থাকে, অতঃপর ক্রমে সরব হয়ে বসন্তে অবিরাম ডাকে। এ জন্যই অনেকে কোকিলকে বসন্তের পাখি বলে। এরা বাসা বাঁধে না, কাকসহ কয়েক প্রজাতির পাখির বাসায় ডিম পাড়ে। কালো কোকিল, দাঁড়কাক ও পাতিকাকের ডিম পাড়ার সময় এপ্রিল-আগস্ট এবং ডিম দৃশ্যত অভিন্ন। একই বাসায় পালক পাখি ও কোকিলের ডিম বা ছানা দেখা যায়। মা-কোকিলও কখনো কখনো বাচ্চাদের খাদ্য খাওয়ায়। কোকিল মুখ্যত ফলভুক, তবে নানা ধরনের কীটপতঙ্গ এবং শুঁয়োপোকাও খেয়ে থাকে।