দুই ধরনের দৃশ্যচিত্রের সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার বোন’, শিল্পী: পলাশবরণ বিশ্বাস ; ‘পাখির অবয়ব’ শিল্পী: ফারজানা রহমান
‘আমার বোন’, শিল্পী: পলাশবরণ বিশ্বাস ; ‘পাখির অবয়ব’ শিল্পী: ফারজানা রহমান

‘কলাকেন্দ্র’ চারুশিল্পীদের পরিচালনায় তাঁদের একটি মিলনকেন্দ্র। কদিন আগে এখানে শেষ হলো ‘ডেলিবারেট/র্যা ন্ডম’ শিরোনামে নবীন দুই শিল্পী ফারজানা রহমান ও পলাশবরণ বিশ্বাসের যৌথ চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীটির কিউরেট ছিলেন ওয়াকিলুর রহমান ও কেহকাশা সাবা।
ফারজানা রহমান ও পলাশবরণ বিশ্বাস—এ দুই শিল্পীর ছবি দুই ধরনের। তবে তাঁদের মধ্যে মিল বলতে কর্মসূত্রে তাঁরা বন্ধু—দুজনেই ছাপচিত্রী, কিবরিয়া ছাপচিত্র স্টুডিওতে ছাপচিত্র সৃজনকর্মে নিয়োজিত সহকর্মী।
কিউরেটিং ধারণাকে প্রাধান্য দিয়ে আলাদা দুই ধরনের দৃশ্যচিত্রের মধ্যে সংলাপ তৈরি করার চেষ্টা হয়েছিল আলোচ্য প্রদর্শনীতে। প্রদর্শনী যৌথ হলে সাধারণত একেকজন শিল্পীর শিল্পকর্ম একসঙ্গে ভিন্ন ভিন্ন স্থানে জায়গা পায়। কিন্তু এই প্রদর্শনীর ক্ষেত্রে কলাকেন্দ্রের প্রদর্শন জায়গাকে ব্যবহার করে কিউরেটরদ্বয় দুই শিল্পীর কাজ কখনো পাশাপাশি, কখনোবা মুখোমুখি সাজিয়েছেন। ফলে একজনের কাজ আরেকজনের কাজের সঙ্গে যেন মতবিনিময় বা বোঝাপড়া করার সুযোগ পেয়েছে।
আগেই বলা হয়েছে, ভিন্নধারায় ছবি আঁকেন এই দুই শিল্পী, চিন্তার দিক দিয়েও তাঁরা আলাদা। পলাশবরণ সচেতনভাবে চিত্রপটে মানুষের অবয়ব ও চলমান সময়কালকে তুলে ধরতে পছন্দ করেন। অন্যদিকে, ফারজানার পছন্দ সহসা দেখা যায় না প্রকৃতির এমন সব উপাদান ও ফর্ম প্রয়োগ করে নিজের অনুভূতিকে প্রকাশ করা। দুজনের কাজের রং অবশ্য মনোক্রমিক, তবে প্রয়োগকৌশল ভিন্ন। পলাশের ছবিতে মানব অস্তিত্বকে আমরা পাই ধ্রুপদি অবয়বে। তাঁর চিত্রপটে বিষয়বস্তুর বাইরে দেখা যায় আধা বিমূর্ত আবহ। আর ফারজানার ছবিতে বিমূর্ততার ইমেজ তৈরি হয় নিসর্গকে ওপর থেকে দেখার চোখে।
ফারজানার আঁকা ফুল-পাতার নকশায় ‘পাখির অবয়ব’ শীর্ষক ছাপাইয়ে প্রায় জলছাপের মতো গ্রাউন্ডের দুপাশে কালচে বর্ণে দুটি পাখির মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে। সাদা জায়গা ছেড়ে সামনে ও পেছনের রং ও ফর্ম মিলিয়ে বেশ মনোহর লাগল তাঁর কাজ। পলাশবরণের কাজের শিরোনাম ‘আমার বোন’-এ দেখা যায় ছাপা শাড়ি পরা এক নারী অবয়ব, তাঁর হাতে বালা, কানে দুল। আলোছায়ার নাটকীয়তায় আটপৌরে এক বাঙালি নারীর অবয়ব ফুটে উঠেছে এখানে। পলাশের আত্মপ্রতিকৃতি চিত্রে অবয়বের বাঁ পাশে পাতার শিরা-উপশিরার মতো ভাঙা ভাঙা সূক্ষ্ম রেখার জাল যেন সাদা-কালো পুরোনো ক্ষয়িষ্ণু ছবির অনুরূপ।
তরুণ এই দুই শিল্পীর প্রদর্শনীতে বাস্তবানুগ আর অচেনা ফর্মের চেনা-অচেনা রূপে সেজেছে গ্যালারি।
১৩ অক্টোবর শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয়েছে ৮ নভেম্বর।