দুই পঙ্ক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নিদ্র রাত্রিগুলোতে গোলাপিবর্ণ লেক্সোটোনিল খেতে হচ্ছে। দূর শূন্য সৌরজগৎ থেকে সসার। সুঁইয়ের সুতীক্ষ শীর্ষে ঝলসে উঠছে রাত। একটা শুভ্র প্রশান্তির কার্পাস সুতা এই অন্ধকারে নামিয়ে রাত্রির গভীরতা পরীক্ষা করছিলাম। সুতা নামতে নামতে অপরিমাপ্য। গোটাতে গোটাতে দেখি হাতে ধরা শুভ্র অংশটুকু ব্যতিরেকে বাকি সবটাই আঠালো আলকাতরা—যাকে বলে রাত্রি।ভেতরের টান টান সংগীত সুখস্নায়ুতন্ত্রী ছিঁড়ে যদি যায়—হাওয়ায় হাওয়ায় উড়ুক্কু কার্পাস ফোটে জ্যোৎস্নায়—যার গর্ভে বৃক্ষবীজ বিন্দু। ভোরে দেখব সুনিদ্রার বীজাঙ্কুরে ভরে গেছে বিছানা ও ডিম্ব প্রান্তর।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তিন দিনব্যাপী মিলন তরঙ্গ নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এ উপলক্ষে প্রকাশিতব্য স্যুভেনিরের জন্য এই রচনাটি দিয়েছিলেন সেলিম আল দীন। স্যুভেনিরটি পরে আর প্রকাশিত হয়নি। রচনাটি এহসানুল হক খানের সৌজন্যে প্রাপ্ত।