দুই পর্বের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউরেটর ওয়াকিলুর রহমানের সঙ্গে পাঁচ শিল্পী
কিউরেটর ওয়াকিলুর রহমানের সঙ্গে পাঁচ শিল্পী

শিল্পের সঠিক সংজ্ঞা কী হতে পারে? শিল্পের বিষয়বস্তু কীভাবে নির্ধারণ করেন শিল্পী? শিল্পচর্চা যদি জীবিকা নির্ধারণের স্বার্থে করা হয়ে থাকে, তাহলে কীভাবে ক্যারিয়ার হিসেবে শিল্পচর্চাকে বেছে নেওয়া যায়? একাডেমিক শিক্ষাপদ্ধতি ব্যক্তিশিল্পীকে তাঁর পথচলার নির্দেশনা দেয় না। তাই প্রাতিষ্ঠানিক চর্চা শেষ করার পর শিল্পীকে তাঁর শিল্পীজীবন শুরু করতে হয় পুরোদমে নতুন মাত্রায়। সবকিছু মিলিয়ে এ সময় একজন শিক্ষার্থীকে শিল্পী হিসেবে যে পথচলা শুরু করতে হয়, তা অনেক বেশি কণ্টকাবৃত। একাডেমি-পরবর্তী শিল্পচর্চার নিরন্তন সংশয়মূলক প্রশ্নগুলো বিবেচনায় রেখে ওয়াকিলুর রহমানের কিউরেশনে ৪ এপ্রিল ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছিল ‘পোস্ট একাডেমিক ডিলেমা’ বা ‘একাডেমি-উত্তর সংশয়’ শীর্ষক পাঁচ তরুণ শিল্পীর যৌথ প্রদর্শনী। এখানে অংশগ্রহণ করেছেন ইফাত রেজওয়ানা, ফরহাদ উদ্দিন, জেসমিন জাহান, সামির আহমেদ ও কেহকাশা সাবাহ।
তাঁদের সবাই একাডেমির গণ্ডি পেরিয়ে এসে ব্যক্তিশিল্পী হিসেবে শুরু করেছেন শিল্পচর্চা। এ প্রদর্শনীর বৈশিষ্ট্য হলো, এর একদিকে রয়েছে একাডেমিক ড্রইং ও ওয়াটারকালার স্টাডি, অন্যদিকে একাডেমি-পরবর্তী পেইন্টিং, প্রিন্ট এবং ইনস্টলেশনসহ ৬০টি শিল্পকর্ম। ফলে দর্শক শিল্পীদের দুই পর্বের কাজ দেখতে পেয়েছেন অনায়াসেই।
প্রাপ্তির আনন্দ ও না-পাওয়ার বেদনায় প্রচণ্ড একাগ্রতা নিয়ে আমরা যে প্রার্থনা করি, শিল্পী ইফাত রেজওয়ানা তারই প্রকাশ ঘটিয়েছেন তাঁর ‘প্রার্থনা’ সিরিজ ছাপচিত্রে। ‘অতীত কখনো ফিরে আসে না, বর্তমানও একসময় অতীতে রূপান্তরিত হয়, ভবিষ্যৎও একদা হয়ে যায় অতীত। শুধু থাকে আত্মা ও পরম আত্মা’—এমনভাবেই ফরহাদ উদ্দিনের পেইন্টিংয়ে নীল রঙের মধ্যে প্রকাশ পেয়েছে অসীম শূন্যতা।
আবার ছবিতে অনেকটা গল্পের আদলে জীবনের নানা ধরনের হতাশা-ক্লান্তিকে উতরে যাওয়ার কথা বলেছেন জেসমিন জাহান। সামির আহমেদের মূলমন্ত্র—রঙিন জীবন। তাঁর এই রং যেন শুধু আয়তাকার ক্যানভাসে সীমায়িত নয়, যেন ক্যানভাসের বাইরেও ছড়িয়ে পড়ে সেটি।
বিভিন্ন মাধ্যমে কেহকাশা সাবাহ কাজ করেন সমাজবাস্তবতা ও নিজস্ব অনুভূতি নিয়ে। এই প্রদর্শনীতে তাঁর একাডেমিক ও একাডেমি-পরবর্তী পেইন্টিং, পারফরমিং আর্ট, ফটোগ্রাফি, স্থাপনাশিল্পসহ কয়েকটি কাজ স্থান পেয়েছে। এসব কাজের মধ্যে বৈচিত্র্যও আছে।
প্রদর্শনীতে শিল্পীরা একাডেমি-পরবর্তী টানাপোড়েনের মধ্যে বেশ চমৎকারভাবেই নিজেদের চিন্তার বৈচিত্র্য ও নিজস্বতার পরিচয় দিয়েছেন।
এই প্রদর্শনীর ব্যতিক্রমী অংশ হিসেবে দর্শকদের জন্য উন্মুক্ত ছিল একটি স্টুডিও রুম, এখানে একাডেমি-পরবর্তী মতামত, চিন্তাভাবনা ও অনুশীলনপদ্ধতির অভিজ্ঞতা আদানপ্রদানের জন্য কিউরেটর ও শিল্পীরা আমন্ত্রণ জানিয়েছিলেন সবাইকে। প্রদর্শনী শেষ হয়েছে ৯ এপ্রিল।