দুই প্রকার সত্য প্রসঙ্গে ভূমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচার্ড সেরবার্নের ইংরেজি অনুবাদ থেকে অতীশের সত্যদ্বয় অবতার রচনাটি এখানে অনূদিত হলো। ২০০০ সালে তাঁর অনুবাদে দ্য কমপ্লিট ওয়ার্কস অব অতীশ প্রকাশ করে অদিত্ব প্রকাশন, নয়াদিল্লি।মহাকরুণার প্রতি প্রণাম বুদ্ধগণ যে মতবাদ শিক্ষা দিয়েছেন, সরাসরি তা দুই ধরনের সত্যের ওপর নির্ভরশীল: জগৎবিষয়ক ব্যবহারিক সত্য ও পরম সত্য। ব্যবহারিক সত্যের আছে দুটি ধরন: একটি হলো ভ্রান্ত এবং অন্যটি অভ্রান্ত। প্রথমটি আবার দুই প্রকারের: জলে দেখা চাঁদ (ভ্রান্ত ধারণা), এবং ত্রুটিপূর্ণ দর্শনের যুক্তিসমূহ। অভ্রান্ত ব্যবহারিক সত্য বলতে আমরা ধরে নিই এমন সব প্রপঞ্চকে, যার উদ্ভব ও বিলয় আছে এবং যার মানে উৎপাদনের সামর্থ্য আছে এবং অপরীক্ষিত অবস্থায় যা আকর্ষণীয়। পরম সত্য কেবল একটি; যদিও কারও কারও মতে তা দুই ধরনের। কিন্তু সত্য-প্রকৃতিকে যদি কোথাও প্রতিষ্ঠিত করা না-ই যায়, তাহলে দুই, তিন বা ততোধিকে কী আসে-যায়? প্রচলিত ভাষায় কেউ কেউ একে বোঝাতে চান; তাঁরা বলেন, এটি অনুদ্ভব ও অনিরোধ ইত্যাদি; কিন্তু নির্গুণ পরম সত্যরূপের ভেতর কোনো প্রাপঞ্চিকতা নেই বা কোনো সত্য-প্রকৃতি নেই। খোদ শূন্যতার ভেতর গুণাত্মক কিছুর অস্তিত্ব থাকার কোনো সম্ভাবনা নেই; এবং কেউ যখন একে অ-ধারণাগতভাবে উপলব্ধি করে, একে বলা হয় ‘শূন্যতাকে অবলোকন’। সবচেয়ে নিগূঢ় সূত্রগুলো বলছে, এটি অলক্ষ্যকেই দেখা এবং এতে অবলোকন বা অবলোকনকারী কেউই নেই; এটি অনাদি ও অনন্ত প্রশান্তি। দ্রব্য ও অদ্রব্য দুই-ই প্রত্যাখ্যাত; কোনো ধারণায়ন নেই, ধারণা করার কোনো অবলম্বনও নেই; থাকা নেই, থাকার কিছুও নেই; যাওয়া নেই, আসা নেই; এর জন্য কোনো উপমাও নেই। এটি অবাচ্য ও অলক্ষ্য; পরিবর্তনরহিত ও শর্তহীন। যদি কোনো যোগী একে উপলব্ধি করেন, তবে তিনি তাঁর জ্ঞান ও দুঃখের তমসা থেকে মুক্ত। এখন, একজন বৌদ্ধের কাছে প্রত্যক্ষ ও অনুমান দুই পন্থাই বৈধ; কিন্তু যদি বলা হয় শূন্যতাকে এর কোনো একভাবে উপলব্ধি করা হয়েছে, তবে সেটা হবে একটা বিভ্রম, যা দিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। এমনকি নাস্তিক ও শ্রাবকগণ—বিজ্ঞপ্তি-মাত্র সম্প্রদায়ের কথা না-ই বা বলা হলো—এরা সত্য-প্রকৃতি উপলব্ধির কথা মানেন এবং এতে মাধ্যমিকদের সঙ্গে কোনো মতানৈক্যও হয় না। আর তাই সব সম্প্রদায়ই একমত হবে, যেহেতু তারা বৈধ যুক্তি দিয়ে বস্তুর মূল্যারোপণ করে; যা হোক, যেহেতু তাদের যুক্তিগুলো মিলছে না, সত্য-প্রকৃতিও মিলবে না; যাকে তাঁরা দেখছেন যৌক্তিকভাবে, তা কি তত রকম হবে, যুক্তিগুলো যত রকম? পণ্ডিতেরা বিরুদ্ধবাদীদের বিবাদ মোকাবিলা করতে গিয়ে বলেন, প্রত্যক্ষ ও অনুমানলব্ধ জ্ঞান অপ্রয়োজনীয়। বিজ্ঞ শিক্ষক ভব্য (একজন সৌতান্ত্রিক) বলেছেন: ‘এমনকি শাস্ত্র গ্রন্থাদি থেকেও স্পষ্ট যে, ধারণাগত বা অধারণাগত কোনোভাবেই (সত্য প্রকৃতির) কোনো উপলব্ধি হয় না। শূন্যতাকে কীভাবে উপলব্ধি করতে হয়, যিনি তা জানতেন এবং যার সম্পর্কে তথাগত ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিনি নাগার্জুন, প্রকৃত সত্য-প্রকৃতিকে দেখেছিলেন তিনি, এবং তাঁর শিষ্য চন্দ্রকীর্তি, ঐতিহ্যিকভাবে যাঁদের নির্দেশনা মোতাবেক প্রকৃত সত্য-প্রকৃতিকে উপলব্ধি করা যাবে। শিক্ষণ-সম্পর্কিত ৮৪ হাজার সংগ্রহের সব কথার মর্মার্থ এই, তারা এসে দাঁড়িয়েছে একটা জায়গায় এবং আলোকপাত করেছে এই সত্য-প্রকৃতির ওপর; ধ্যান পারমিতার উদ্দেশ্যও তা-ই, যা শূন্যতার উপলব্ধির মাধ্যমে মুক্তি এনে দেয়। যদি অভ্রান্ত ব্যবহারিক সত্যকে এড়িয়ে কেউ শূন্যতার ধ্যান করে, তাহলে অন্যদিক থেকে জগৎও তাকে প্রতারিত করবে কার্যকারণ, পুণ্য-পাপ ইত্যাদির মতো আপেক্ষিক বস্তুগুলোর ভেতর। যারা কম জানার ওপর নির্ভর করে, নিজেদের জ্ঞানের শূন্যগর্ভতা বিষয়ে যারা অসচেতন, আর যারা সদ্গুণ অর্জনে যত্নবান নয়, এসব অকাজের লোকগুলো অধঃপতিত। যখন ক্ষীণ অন্তর্দৃষ্টির লোকেরা শূন্যতাকে দেখার ক্ষেত্রে ভুল করে, তারা পতিত হবে। গুরু চন্দ্রকীর্তি বলেন: ‘আপেক্ষিক সত্য উপায় রূপে কাজ করে; পরম সত্যের উদ্ভব হয় এই উপায় থেকে। যে এই দুইয়ের ভেতর পার্থক্য বুঝতে পারে না, এবং ভুলভাবে জানে, তারা দুষ্টু নিয়তির খপ্পরে পড়বে।’ ‘এই পার্থক্যে আস্থা না এনে পরমকে উপলব্ধি করা যাবে না। সঠিকতা রূপ প্রাসাদের ওপরের তলায় পৌঁছানো অভ্রান্ত আপেক্ষিক সত্যের সিঁড়ি ছাড়া কোনো বিজ্ঞজনের পক্ষে অসম্ভব।’ এই আপেক্ষিক সত্যের রূপ কেমন, কেউ যদি তা যৌক্তিক পরীক্ষার ভেতর দিয়ে অনুসন্ধান করে, তবে সে একই ভাবে দেখবে যে পরম সত্য বলতে কিছুই নেই: সত্য-প্রকৃতি যা অনন্ত থেকে দূরে। যেহেতু কারণিক শর্তগুলো তৈরি হয় স্পষ্টতই যেভাবে প্রতিষ্ঠা ঘটে ব্যবহারিক সত্যের, তাহলে আমরা কীভাবে জানি যে জলে দেখা চাঁদ একটা প্রতিবিম্ব, যদি ব্যবহারিক সত্যেরই প্রতিষ্ঠা না থাকে? সুতরাং সব প্রাতিভাসিক সত্তার অস্তিত্ব আছে, তাদের উদ্ভব ঘটে নানা রকম কারণিক সংযোগের ভেতর দিয়ে। কেননা, তারা যদি এই শর্ত-প্রবাহ থেকে বিচ্ছিন্ন হতো, তবে তারা এমনকি ব্যবহারিক সত্য রূপেও কখনোই হাজির থাকতে পারত না। সুতরাং, কারও দৃষ্টি যদি তমসাচ্ছন্ন না হয়, এবং কারও চর্যা যদি খুব বিশুদ্ধ হয়, তারা পথভ্রষ্ট হবে না, এবং পৌঁছাতে পারবে একনিষ্ঠ স্বর্গে। জীবন সংক্ষিপ্ত এবং জ্ঞানের প্রকার অনেক; যে তার নিজের জীবনের বিস্তারটুকু সম্পর্কে অজ্ঞ, তাকে বেছে নিতে দাও তাদের শুদ্ধতম বাসনা থেকে, যেভাবে রাজহংসী জল থেকে শুষে নেয় দুধ। দুই প্রকার সত্য প্রসঙ্গে এই সম্পাদনা অপ্রতুলভাবে শেষ হলো (আমার মতো) অদূরদর্শী দৃষ্টির একজন বিভ্রান্ত মানুষের দ্বারা; তবু এর ভিত্তি গুরুবচন এবং এটি নাগার্জুনতন্ত্রের দুই প্রকার সত্যের একটি উপস্থাপনা। সাম্প্রতিক কালের মানুষ আস্থা রাখে, এই লেখা যদিও গ্রন্থিত হয়েছে সুবর্ণদ্বীপের রাজার জন্য, অন্যরা যেন একে গ্রহণ করেন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে, কেবল আস্থা আর ভক্তি দিয়ে যেন তাঁরা লেখাটিকে না নেন।সুবর্ণদ্বীপের রাজা, গুরুপাল, সন্ত দেবমতীকে পাঠান আমার কাছে, এবং তাঁরই আদেশে আমি সত্যদ্বয়-অবতার রচনা করি। সাম্প্রতিক কালের পণ্ডিতদের পরীক্ষণের দাবি রাখে এই রচনা।