আমি জানি না আদৌ আপনারা বেঁচে আছেন কি না, তবে বেঁচে থাকলে নিশ্চয়ই ১২ এপ্রিল ১৯৭১, বিড়ালদহ লোহার ব্রিজের সেই রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধের ইতিহাস আপনাদের মনে আছে। আমি সেই বিড়ালদহের মাটিতে বেড়ে ওঠা এক অধম সন্তান। ১২ এপ্রিল ২০০৭ আড়ম্বরে পালিত হলো একটি স্মরণসভা, সেখানে বারবার যে নাম দুটি উচ্চারিত হয়েছে তা হলো লস্কর সিরাজ ও মোবাশ্বের। উচ্চারিত হয়েছে আপনাদের বীরত্বের কথা। কী অসীম সাহসিকতায় আপনারা সুসংগঠিত ও সুদক্ষ এক বিশাল হানাদার পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করেছিলেন মাত্র কয়েকজন ইপিআর, প্রশিক্ষণ পাওয়া কিছু ছাত্র ও গ্রামবাসীর সহায়তায়।আপনারা হয়তো জানেন, ব্রিজের দখল ছেড়ে আসার পর পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম পৈশাচিকতায় রাস্তার দুই পাশের গ্রামে হত্যাযজ্ঞ চালায়। তারা খুন করে প্রায় ৭১ জন নিরীহ মানুষকে। পুড়িয়ে দেয় ১৭০টি বাড়ি। গণকবরগুলো এখনো সাক্ষী দিচ্ছে সেই পৈশাচিকতার। সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে পিছু হটে আপনারা যখন নিরাপদ দূরত্বে পুনরায় হামলা করার পরিকল্পনা করছিলেন, তখন কী নির্মমতা আঘাত করেছিল আমাদের আশপাশের গ্রামে। ৭ এপ্রিল পাবনা থেকে প্রতিরোধ করতে করতে আপনারা পিছিয়ে এসে ১২ এপ্রিল আমাদের ব্রিজের কাছে পৌঁছেছিলেন। আপনারা ছিলেন প্রায় অভুক্ত। বিড়ালদহের মানুষ আপনাদের জন্য খাসি জবাই করে রান্না করছিলেন, ট্রেঞ্জ খুঁড়ে আর গোলাগুলি জোগান দিয়ে আপনাদের সাহায্য করছিলেন। সুবেদার লস্কর সিরাজ, আপনি ছিলেন ব্রিজের দক্ষিণে, মোবাশ্বের সাহেব উত্তরে, আপনি বারবার বলছিলেন, ‘আমাদের গোলাগুলি কম, পাকিস্তানিরা ফায়ার না দিলে কেউ ফায়ার দেবেন না।’ হঠাত্ করে গোলাগুলি শুরু হয়। বিশাল বাহিনীর বিপক্ষে আপনাদের প্রতিরোধ ছিল একেবারেই অপ্রতুল। তারপরও কী অসীম বীরত্বের সঙ্গে ঠেকিয়ে দিয়েছিলেন তাদের আগ্রাসী যাত্রা। বৃষ্টির মতো গুলি করছিল পাকিস্তানিরা। ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল গাছের পাতা, বাঁশঝাড়, মাথার খুলি এবং আপনাদের খাবার-দাবার।এত বছর পর সেদিন এই দিনটিকে স্মরণ করার প্রচেষ্টা হয়েছিল। এত বড় একটা প্রতিরোধ যুদ্ধ, এত রক্ত এবং এত জীবন দান প্রায় উপেক্ষিতই থেকে যাচ্ছিল। আমরা ফিরে দাঁড়িয়েছি এবং অবাক হয়ে লক্ষ করেছি, এখনো মানুষ কী গভীর শ্রদ্ধায়, মমতায়, শোকে এবং একই সঙ্গে কী তেজস্বী ভঙ্গিতে দিনটির কথা স্মরণ করে। ব্রিজের উত্তর পাশের গণকবরগুলোয় গাদাগাদি শুয়ে আছেন ইপিআরের বীর সেনারা। পাকিস্তানি গোলার আঘাতে তারা শহীদ হন। গায়ে অসংখ্য গুলির দাগ; কবর দেওয়ার কেউ ছিল না, এভাবেই পড়ে ছিলেন প্রায় দুদিন। পলাতক গ্রামবাসী ফিরে এসে শেয়াল-শকুনে খাওয়া লাশগুলো কবর দেন এক কবরে। আমি তাদের নাম উদ্ধার করতে পারিনি। আপনাদের নিশ্চয়ই তাদের নাম মনে আছে।ওই শহীদদের আত্মাগুলো আমাদের তাড়া করে ফেরে, অভিশাপ দেয়। শহীদদের পবিত্র স্মৃতিরক্ষার জন্য আমরা একটা স্মৃতিসৌধ বানাতে চাই। একাত্তরে এই জনপদের মানুষ যেভাবে আপনাদের সহযোগিতা করেছিল, এখনো এই স্মৃতিসৌধ বানাতে তাঁরা একই রকম সহযোগিতা করবেন।আমরা আপনাদের খুঁজছি। ওই যুদ্ধের সঠিক তথ্যগুলো আমাদের জানা দরকার। সেই সঙ্গে আপনাদের বীরত্বের কথা আপনাদের মুখ থেকে শুনতে চাই। আপনাদের ছুয়ে দেখতে চাই। কী অভিমানে এত দিন লুকিয়ে আছেন তাও জানতে চাই।বীরমুক্তিযোদ্ধা সুবেদার লস্কর সিরাজ উদ্দিন এবং সুবেদার মোবাশ্বের, আমরা আপনাদের ঠিকানা জানি না। এই চিঠি যদি আপনারা পড়ে থাকেন বা এমন কেউ পড়েন যিনি আপনাদের চেনেন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডা. নওশাদ বিড়ালদহ, পুঠিয়া, রাজশাহী।২৫ জুলাই, ২০০৭ প্রথম আলোতে প্রকাশিত চিঠি