দুই মোষের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা মোহন ও আদিল নাজামকে মোষ বলা বোধহয় ঠিক হলো না। তাঁরা দুজনই নামজাদা বিশেষজ্ঞ। একজন ওয়াশিংটনের লাইব্রেরি অব কংগ্রেসের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের প্রধান, অন্যজন বোস্টন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক একটি সেন্টারের পরিচালক। তাঁরা দুজনই উপমহাদেশের রাজনীতি নিয়ে বিস্তর গবেষণা করেছেন, একাধিক বই লিখেছেন; গবেষণাপত্রের সংখ্যা কত তার লেখাজোখা নেই। নাজামের বাড়তি গুণ, তিনি ‘পাকিস্তানিয়াত’ নামের একটি ব্লগ সম্পাদনা করেন। আমি এই ব্লগের একজন অকৃত্রিম ভক্ত, নিজেও কখনোসখনো তাতে লিখেছি। আমাদের চেনা-জানা পাকিস্তানের বাইরে একটি মুক্তমনা পাকিস্তানও আছে, এই ব্লগ পড়েই আমি জানতে পেরেছি।এ দুজনকে গত সপ্তাহে নিউইয়র্কের এশিয়া সোসাইটি থেকে আমন্ত্রণ করা হয়েছিল মুখোমুখি তর্কে। না, ঠিক তর্কও নয়; আলোচনা। বিষয় ভারত-পাকিস্তান সম্পর্ক। কিন্তু ভারত-পাকিস্তান নিয়ে কথা হবে আর সেখানে তর্ক হবে না, এ তো হতে পারে না। ফলে পুরো আড়াই ঘণ্টা এ দুই খ্যাতিমান বিশেষজ্ঞ কথার চালাচালিতে আমাদের মুগ্ধ করলেন। যাঁর যাঁর কথা তীব্র যুক্তিজালে উপস্থাপন করা হলো, কিন্তু দুজনের একজনও একটি কটু কথাও বললেন না। বরং বারবার বললেন, ‘উনি যা বলেছেন তার সঙ্গে আমি একমত, তবে...।’ আর ওই ‘তবে’ থেকে নিয়ে এরপর যা ব্যাখ্যা করলেন তাতে বোঝা গেল, দুজন একে অপরের কোনো কথায়ই পুরোপুরি একমত নন।সাধে কি আর দুই পণ্ডিতের লড়াইকে মোষের লড়াইয়ের সঙ্গে তুলনা করছি!কোনো কথায়ই যে মিল নেই, তা বলা বোধহয় শতভাগ ঠিক হলো না। তাঁরা দুজনই একটা জায়গায় একমত—এই দুই দেশকে একে অপরের সঙ্গে শান্তিতে থাকতে হবে এবং সে উদ্দেশে একে অপরের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যেতে হবে। এমনকি আলাপ-আলোচনা যদি শুধু আলাপ-আলোচনা কবে, কোথায়, কী নিয়ে হবে, তাও। এই আলাপ-আলোচনা ভেঙে গেলে শুধু তাদের লাভ, যারা উপমহাদেশে উত্তেজনা জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা আদায় করতে চায়। আলাপ-আলোচনার দ্বার খোলা রাখলে একসময় না একসময় সমাধান বেরিয়ে আসবেই। একদম যদি কিছু না হয়, দুম করে যুদ্ধ বাধিয়ে বসবে না কেউ। নাজাম জোর দিলেন, উভয় দেশকেই একে অপরের ন্যায়সংগত উদ্বেগ ও যুক্তির বিষয়ে সচেতন থাকতে হবে। এই নীতির ভিত্তিতে আলাপ-আলোচনা শুরু হলে ছোট ছোট পায়ে হেঁটে অনেক বড় কাজ শেষ করা সম্ভব।আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার সপক্ষে যুক্তি হিসেবে নাজাম পাকিস্তান-ভারত পানিচুক্তির উদাহরণ দিলেন। ১৯৬০ সালে নেহরু ও আইয়ুব খান যে সিন্ধু পানিচুক্তিতে স্বাক্ষর করেন, তাতে একটা শর্ত জুড়ে দেওয়া ছিল যে নির্দিষ্ট সময় অন্তর দুই পক্ষ অলোচনায় না বসলে পুরো চুক্তিই বাতিল হয়ে যাবে। এই চুক্তি নিয়ে উভয় পক্ষের নানা আপত্তি আছে, কিন্তু চুক্তি বাতিল হোক, তা কেউ চায় না। ফলে তাবত্ গাঁইগুঁই সত্ত্বেও পানিচুক্তি নিয়ে দুই পক্ষ কিন্তু এখনো ঠিকই তাদের আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।এ দুই দেশের প্রধান সমস্যা কাশ্মীর বলেই আমরা জানি, কিন্তু রাজা মোহন তাকে একমাত্র বা এমনকি প্রধান সমস্যা বলতেও নারাজ। তাঁর চোখে ‘সন্ত্রাসবাদ’ এই মুহূর্তের প্রধান সমস্যা। বলা বাহুল্য, আদিল কাশ্মীরকেই দুই দেশের প্রধান সমস্যা বলে ভাবেন। কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জিত না হলে সমস্যা মিটবে না বলে তাঁর ধারণা। রাজা মোহনের পাল্টা প্রশ্ন, কিন্তু কোন কাশ্মীর? কাশ্মীর তো একটা নয়, তিনটা—একটি ভারতের অন্তর্ভুক্ত, দ্বিতীয়টি পাকিস্তানের ও তৃতীয়টি চীনের। মুসলমান ও হিন্দু কাশ্মীরি ছাড়াও চীন নিয়ন্ত্রিত কাশ্মীরে বৌদ্ধদের বাস, তাদের কথাও মাথায় রাখতে হবে।এ দুই দেশ কোনো বহিরাগত হস্তক্ষেপ ছাড়া নিজেরা নিজেরাই কি তাদের সমস্যার সমাধান করতে পারবে? মোহনের স্পষ্ট উত্তর, ভারত এই আলোচনার টেবিলে দুটি চেয়ারের বেশি রাখবে না। আমেরিকা তাদের দ্বিপক্ষীয় ব্যাপারে নাক গলাক, সে তা চায় না। ওবামা ক্ষমতায় এসে ধরে নিয়েছিলেন, তিনি কাশ্মীর সমস্যার সমাধান করে ফেলবেন। রিচার্ড হলব্রুককে সে উদ্দেশে তাঁর বিশেষ দূত করে উপমহাদেশে পাঠানোর সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু ভারত এককথায় না করে দিয়েছে সে প্রস্তাব। তার পরও হলব্রুক যদি ভারতে যেতে চান, ভিসাই পাবেন না—ঠাট্টা করে তিনি বললেন। তাঁর সঙ্গে একমত নন নাজাম। ‘আমরা পাকিস্তানিরা শামিয়ানা টানিয়ে আসর করতে ভালোবাসি, যত বেশি লোক তাতে জমায়েত হয়, ততই ভালো।’দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কথা হলো। নাজামের বক্তব্য, উভয় দেশের সেনাবাহিনীই শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে বাগড়া দিচ্ছে। আপত্তি করলেন মোহন। ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী এক জিনিস নয়। পাকিস্তানে সেনাবাহিনী ক্ষমতার প্রধান অংশীদার, কো-ইকুয়াল পার্টনার। তারা রাজি না হলে রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতা নেই নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেয়। কিন্তু ভারতের সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্বের অধীন। যে সভায় প্রধান প্রধান রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়, অধিকাংশ ক্ষেত্রে সেনা নেতৃত্ব সেখানে ঢোকার আমন্ত্রণ পর্যন্ত পায় না। পাকিস্তানে অবস্থা ঠিক উল্টো।খুব ঠান্ডা মেজাজে, যেন খোশগল্প হচ্ছে, এভাবে তাঁরা দুজনই কথা বললেন। পরিস্থিতি খানিকটা বদলে গেল, যখন আমরা শ্রোতা-দর্শকেরা সে আলোচনায় যোগ দিলাম। শ্রোতাদের অনেকেই আমেরিকান, কেউ কেউ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র। এর বাইরে যাঁরা গাঁটের পয়সা খরচ করে আলোচনা শুনতে গেছেন, তাঁরা উপমহাদেশের লোক, ভিন্ন ভিন্ন এজেন্ডা অনুসরণে তাঁরা অভ্যস্ত। তাঁদের কেউ কেউ কাশ্মীরি মুসলমানদের দুর্ভোগের কথা তুললেন, কেউ কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের কাশ্মীর থেকে বহিষ্কারের কথা তুললেন। এক-আধজন কথা বলতে গিয়ে আবেগে আক্রান্তও হলেন। তাতে অবশ্য প্রধান দুই তার্কিক বিন্দুমাত্র বিচলিত হলেন না। সমস্যা আছে, কিন্তু সে সমস্যা সমাধানের একমাত্র পথ আলোচনার পথ খোলা রাখা। যেদিন নিউইয়র্কে বসে এই তর্কযুদ্ধ হচ্ছে, ঠিক সেদিন সকালেই ভারত-পাকিস্তান জানিয়েছে, মন্ত্রী পর্যায়ে আলোচনা আবার শুরু করতে তারা রাজি। গত বছর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর সে আলোচনা ভেঙে যায়। আদিল বললেন, খুব ভালো সংবাদ। আলোচনার জন্য দুই পক্ষই তৈরি। তার মানে ফলে পাক ধরেছে, কিন্তু সে ফল অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না। তাহলে শুধু সে ফল খাওয়ার অযোগ্যই হবে না, তাতে মশা-মাছিও এসে জুটবে। মোহন অবশ্য সাবধান করে দিলেন, আবার যদি আরেক মুম্বাই ঘটে, তাহলে সব কিন্তু ভেস্তে যাবে। তাঁর কথার ইঙ্গিতে বোঝা গেল, আরেক মুম্বাই হবে কি হবে না, তা নির্ভর করছে পাকিস্তানের ওপর। কারণ পাকিস্তানি জঙ্গিরা সে দেশের সেনা দপ্তরের ছাতার নিচে।আলোচনায় অংশ নিয়ে আমি আফগানিস্তানের কথা তুললাম। মানছি, কাশ্মীর তোমাদের দুই দেশের প্রধান সমস্যা। কিন্তু ধরো, তিন-চার বছর পর আফগানিস্তান থেকে আমেরিকানরা বিদায় হলো—ওবামা সে রকমই কথা দিয়েছেন—আর তাতে তালেবানরা ফের সুড়সুড় করে কাবুলে মসনদ দখল করে বসল। তখন কী হবে? আফগানিস্তানকে পাকিস্তান তাদের ছাতার নিচে রাখতে চায় নিজেদের ‘কৌশলগত গভীরতা’ নিশ্চিত রাখতে। নব্বইয়ের দশকের মাঝামাঝি প্রথম যখন তালেবানরা কাবুলে ক্ষমতা দখল করে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাবুল স্টেডিয়ামে সভা করে ঘোষণা করেছিলেন, এখন আফগানিস্তানে পাকিস্তানের একটি বন্ধু সরকার রয়েছে। জেনেশুনে ভারত তেমন কোনো কাজ করতে দেবে কেন, বিশেষত পাকিস্তান যখন আফগানিস্তানকে তার বিরুদ্ধে সামরিক উদ্দেশে ব্যবহার করতে পারে?নাজাম আমার সঙ্গে একমত হলেন না। বললেন, তুমি ভাই যত সহজে তালেবান ক্ষমতায় ফিরে আসছে বলে ধরে নিয়েছ, ব্যাপারটা আমার কাছে তত সহজ মনে হয় না। আফগানিস্তানের ব্যাপারে আমরা ভারত বা পাকিস্তান উভয়ই যদি নাক না গলাই, তাদের ভাগ্য তাদের হাতে ছেড়ে দিই, তাহলেই সবচেয়ে ভালো হয়। মোহন মাথা নাড়লেন। বললেন, ব্যাপারটা অত সোজা নয়। ভারতের জন্য আফগানিস্তান, বিশেষত সে দেশে পাকিস্তানের নাক গলানোর চেষ্টা দীর্ঘদিন ধরে মাথাব্যথার কারণ হয়ে আছে। সত্যি সত্যি যদি পরিস্থিতি বদলে যায় এবং পাকিস্তান তার পুরোনো অভ্যাসে ফিরে আসে, সেটা ভারতের জন্য উদ্বেগের কারণ হবে বইকি।তথ্য-উপাত্ত দুই অধ্যাপকের কাছেই মজুদ ছিল। সেসবের ব্যাপক ব্যবহারেও তাঁরা গড়িমসি করেননি বিন্দুমাত্র। আমরা যাঁরা হলঘরে বসে, তাঁদের কাছে এ কথা দিনের মতো ফর্সা ছিল যে তাঁরা দুজন তাঁদের সিদ্ধান্ত আগেভাগে ঠিক করেই এসেছেন। এই তর্ক শেষে কেউই কারও মত বদলাবেন না। কিন্তু একটা জিনিস তার পরও ঠিক বোঝা গেল। নিজেদের অবস্থানে অনড় থেকেও তাঁরা দুজন একে অপরের সঙ্গে কথা বলতে, কথা বলা চালিয়ে যেতে আগ্রহী। তাঁরা এও চান, রাজনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি নাগরিক পর্যায়েও আদান-প্রদান হোক। রাজা মোহন নিজেকে বাস্তববাদী বলে পরিচয় দিলেন, তাঁর কথায় কিঞ্চিত্ হতাশার সুর ছিল। কিন্তু আদিল নাজাম নিজেকে আশাবাদী বলে বর্ণনা করলেন। তাঁর কাছ থেকেই শুনলাম, এই আদান-প্রদান এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে রাজনীতিকেরা চাইলেও তা একদম উল্টে দিতে পারবেন না। উদাহরণ হিসেবে জানালেন, পাকিস্তানের মানুষ বলিউডি ফিল্ম দেখতে পাগল। পাকিস্তানের যেকোনো শহরেই এসব ফিল্মের অডিও-ভিডিও এখন বেচাকেনা হয়। অন্যদিকে বলিউডের অনেক ফিল্মেই এখন পাকিস্তানি গায়ক-গায়িকার অংশগ্রহণ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।তাঁরা দুজনই পাকিস্তানের জং গ্রুপ ও ভারতের টাইমস অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ‘আমান কি আশা’ প্রকল্পের কথা জানালেন। আমি নিজে এ প্রকল্পের বিষয়ে কিছুই জানতাম না। পরে খোঁজ নিয়ে জেনেছি, সরকারি উদ্যোগের বাইরে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান বাড়ানোর লক্ষ্যে তারা এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে। আমান কি আশার ‘থিম’ গানটি রেকর্ড করেছেন রাহাত ফতেহ আলি খান ও শংকর মহাদেভান। তাতে দুই দেশের মানুষের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলা হয়েছে, শান্তি ও নিরাপত্তার বিষয়ে উভয়ের অভিন্ন আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে। আমান কি আশার উদ্যোগেই দুই দেশের লেখক ও শিল্পীরা একে অপরের সঙ্গে কথা বলা শুরু করেছেন। পাকিস্তানে ভাগত্ সিং পাঠাগার নির্মাণের কাজও শুরু হবে তাঁদের উদ্যোগে। লাহোরে হিন্দু বসন্ত উত্সব হয়ে গেল, তাও আমান কি আশার সমর্থনে।মোষের লড়াই দেখতে গিয়েছিলাম। যখন ঘরে ফিরে এলাম, মনে হলো এ দুই মোষ যদি চায়, তাহলে একে অপরের সঙ্গে গুঁতোগুঁতির বদলে একে অপরের সঙ্গে গলাগলি করতে পারে। দুই মাথা এক করে একে অপরের বোঝাও তারা বহন করতে পারে।৫ ফেব্রুয়ারি, ২০১০, নিউইয়র্ক