দুই শিল্পীর বয়ান
শিল্পী তরুণ ঘোষ ও তপন দাস তিন মাস ছিলেন ইংল্যান্ডে। ৪ সেপ্টেম্বর বৃত্তের কার্যালয়ে তাঁদের অভিজ্ঞতার কথা বললেন। ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এবং রেসিডেন্সি প্রোগ্রামের অধীনে বাংলাদেশের শিল্পী তরুণ ঘোষ ও তপন দাস ইংল্যান্ড যান। ইংল্যান্ডের শিল্পী থার্ল রাইট ও স্টিভন ফলেন বাংলাদেশে আসেন এই এক্সচেঞ্জ প্রোগ্রামে। বৃত্ত আর্টস ট্রাস্ট; হ্যাট, হেয়ার অ্যান্ড দেয়ার এবং এ ফাইন লাইন: কালচারাল প্র্যাকটিস—এই তিনটি সংগঠনের যৌথ প্রয়াসে এই প্রোগ্রাম।তারুণ ঘোষ ও তপন দাসের এই রেসিডেন্সি প্রোগ্রাম ছিল মূলত শিক্ষামূলক কার্যক্রমের একটি অংশ। তাঁরা স্কুলের বাচ্চাদের সঙ্গে তাঁদের সৃজনশীলতা ভাগ করেছেন। এ ছাড়া তাঁরা চাইল্ডহুড মিউজিয়ামের গ্যালারি (যেটা ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের একটা অংশ) এবং হারলে গ্যালারির স্টুডিওতে শিল্পকর্ম নির্মাণ করেছেন।এই রেসিডেন্সি মূলত শিল্পীদের সৃজনশীলতার সম্ভাবনাকে বৃদ্ধি করে নতুন ভাবনাকে শিল্পে রূপদানের মধ্য দিয়ে। শিল্পী তাঁর নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারেন। তপন দাস একজন রিকশা পেইন্টার। তরুণ ঘোষ একজন শিক্ষিত শিল্পী। এই দুই শিল্পী যৌথভাবে শিল্প নির্মাণ করেছেন। তরুণ ঘোষ বাতিল ও ফেলে দেওয়া বিভিন্ন বস্তু যেমন—টিনের কৌটা-বাক্স, বোর্ড ইত্যাদি জোগাড় করেছেন। তপন দাস সেই বস্তুগুলোর ওপর রিকশার পেইন্টিং করেছেন। চাইল্ডহুড মিউজিয়াম গ্যালারিতে কাজ করার সময় তরুণ দাস তাঁর ছোটবেলার বাসনাকে শিল্পে রূপ দিয়েছেন। কেরানীগঞ্জের বাসিন্দা তপন দাস আট বছর বয়স থেকে রিকশাচিত্রের সঙ্গে জড়িত। ইংল্যান্ডে তাঁর এই সফর এবং একজন শিক্ষিত শিল্পীর সঙ্গে যৌথভাবে কাজ করার অভিজ্ঞতা শিল্পচর্চায় লোকশিল্প, শহুরে লোকশিল্প এবং ‘হাই আর্ট’-এর মধ্যে যে ব্যবধান, তাকে অনেকটা ঘুচিয়ে দেয়।হারলে গ্যালারিকে কেন্দ্র করে তরুণ ঘোষ একটি প্রামাণ্য ভিডিও দৃশ্য দর্শকদের দেখিয়েছেন; সঙ্গে তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিন মাসের এ প্রোগ্রাম শিল্পীদের সৃজনশীল এবং ভাবনার গণ্ডির সীমানা বিস্তৃত করেছে কিছুটা হলেও এবং দর্শকেরাও এই অভিজ্ঞতা ও চিন্তার পরিসরকে ধরতে চেষ্টা করেছেন।