হায়, বাংলা বানান! আজকাল তোমার দিকে আর তাকানো যায় না। কিন্তু শতাব্দীর পর শতাব্দী তুমি বেশ সুখেই ছিলে। ইনোসেন্সের সুখে। যেমন করে বেড়ে ওঠার, তেমন করেই বাড়ছিলে। তারপর তুমি তোমার কৈশোরে যখন পা রাখলে—বেশ ডাগর হয়ে উঠলে—তখনই টুলো পণ্ডিতদের নজর পড়ল তোমার ওপর। কেবলই চেষ্টা: কী করে তোমার গায়ে একটু হাত বোলানো যায়। পণ্ডিতদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো বিশেষ করে কে তাঁর মনের মাধুরী দিয়ে তোমাকে রচনা করতে পারেন। স্বৈরিণী, সতীত্ব তোমার কাছে আজ ইতিহাস। সরকারি কর্মকর্তা, প্রভাবশালী লেখক, খবরের কাগজের সম্পাদক, অধ্যাপক—কারও কথাই তুমি ফেলো না। কিন্তু তোমার সবচেয়ে প্রিয় হলেন পণ্ডিত—পেশাদার, অপেশাদার, শৌখিন, ভণ্ড—যেমন পণ্ডিতই হন না কেন।তোমার সতীত্বনাশের অধ্যায়টা শুরু হয়েছিল আঠারো শতকের আশির দশকে সায়েবদের বাঁধা-পণ্ডিতদের নোংরা হাতে। সৎমানুষ রামমোহন রায় সেটাকে অগ্রাহ্য করেছিলেন। বরং কোনো প্রসাধনী ছাড়া যেমন আছো, তেমনি এসো বলে তিনি তোমাকে গ্রহণ করেছিলেন। একেবারে গোমাংস-খাওয়া শুদ্ধ ব্রাহ্মণ তিনি। কিন্তু ফোর্ট উইলিয়ামের টুলো পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন সংস্কৃত ভাষার প্রেমিক এবং অতিরক্ষণশীল। তিনি তোমার এমন সংস্কার করতে আরম্ভ করলেন, ষোলো শতকের ইংরেজি ভাষার ইতিহাসে যা আগেই দেখা গিয়েছিল। ইংরেজি ভাষা ইংরেজি ভাষাই। ল্যাটিন নয়, ফ্রেঞ্চ নয়, অ্যাংলো-স্যাক্সন নয়, জর্মান নয়। কিন্তু ইংরেজি-পণ্ডিতরা অংবং দিয়ে সেই সহজে বেড়ে ওঠা ইংরেজি তরুণীর চরিত্রহানি করার জন্য এক হাতে গাজর, অন্য হাতে লাঠি নিলেন। শেক্সপিয়ারের সমাধিলিপিতে লেখা ছিল frend, পাথরটাকে তাঁরা বদলাতে পারলেন না, কিন্তু তাঁরা তা সংশোধন করে বললেন, ওটা হবে friend। কারণ, পণ্ডিতেরা ঝোঁক দিয়েছিলেন ব্যুৎপত্তির ওপর। শব্দের ব্যুৎপত্তি দেখিয়ে তাঁরা বললেন, শব্দটা যখন ল্যাটিন থেকে নেওয়া, সুতরাং বানানটাকে সেই মূল শব্দের সঙ্গে মিলিয়ে নেওয়া যাক। আবার, কোনো শব্দের মূল গ্রিক হলে সেই শব্দে গ্রিকের ছাপটা যেন সামান্য হলেও থাকে। যেমন: একসময় ইংরেজিতে ডেট (ঋণ) কথাটা লেখা হতো সোজা বানানে—det। কিন্তু রক্ষণশীল গ্রিক-ল্যাটিনবাদীরা বললেন, মূল শব্দটা যখন debitum, তখন ওটার চরিত্র রক্ষার জন্য লেখা হোক: debt; truকে লেখা হোক true; কারণ ওর মূলে আছে triewe, সেই eটা যাবে কোথায়?; ilandকে লেখা হোক island, কারণ শব্দটা এসেছে insula থেকে। akeকে লেখা হোক ache, কারণ শব্দটার মূল হলো গ্রিক akhos; dubitare-এর প্রভাবে dout হলো doubt। এসব প্রাচীনমুখী সংস্কারের চেষ্টা মোটামুটি শেষ হয় স্যামুয়েল জনসনের অভিধান প্রকাশের সঙ্গে, ১৭৫৫ সালে।বাংলা ভাষায় ইতিহাসটাও অনেকটা একই রকম। বাংলা বানান লেখা হতো বাংলার মতো করে—উচ্চারণের অনুকরণে। সে জন্য, আঠারো শতকের শেষ দিক পর্যন্ত ‘য’ কমই লেখা হতো; তার বদলে লেখা হতো ‘জ’। যেমন: জখন, জে, জেমন ইত্যাদি। শ-এর বেলাতেও ছিল ব্যাপক স্বাধীনতা। ইকার, ঈকার; উকার, ঊকার ইত্যাদি অনেক কিছুতেই। কিন্তু জ্ঞানবৃক্ষের ফল খাওয়ালেন ন্যাথানিয়েল হ্যালহেড (১৭৭৮) তাঁর বাংলা ভাষার ব্যাকরণে। পষ্ট করে তিনি বললেন, পীরালি ব্রাহ্মণদের মতো যবনদের ছোঁয়ায় চরিত্রহানি হয়েছে পবিত্র ওঁ সংস্কৃত-দুহিতা বাঙালিনীর। হ্যালহেডের এই ফতোয়াকে সদরে-ঈমাম উইলিয়াম জোনস (১৭৮৪) অনুমোদন করলেন এশিয়াটিক সোসাইটির লেকচারে। মূল ফতোয়া এবং জোনসের হাতে তার অনুমোদনের কথা একজন বাঙালিও পড়েননি তখন। কিন্তু ডানকান, ফরস্টার, কেরি প্রমুখ সাগরেদ সেই ঋষিমুখনিঃসৃত অমৃতবাণী নিষ্ঠার সঙ্গে অনুসরণ করলেন। অতঃপর কেরির অনুমোদন নিয়ে ১৮০০ সালের পরে মঞ্চে নামেন নায়ক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এঁরা সবাই কমবেশি বাংলাকে সংস্কৃত করার পূত দায়িত্ব পালন করলেন। যে শব্দটার মূল সংস্কৃত নয়, নামাবলি পরিয়ে তাকেও আভিজাত্য আরোপ করতে চেষ্টা করলেন এই পণ্ডিতেরা। যেমন: পর্তুগিজদের তাবাকো বাঙালীকরণের ফলে হয়েছিল তামাকু, সেটাই পণ্ডিতদের হাতে নব্যসংস্কৃতের চেহারায় তাম্রকূট রূপ পরিগ্রহণ করল। কেবল তা-ই নয়, তাবৎ আরবি-ফারসি শব্দও টুপি ছেড়ে ণত্ব-ষত্বের বিধান মেনে টিকি অথবা চৈতন পরল।কিন্তু ইংরেজির সঙ্গে বাংলার একটা পার্থক্য আছে। ইংরেজি বানান সংস্কারের ইতিহাসে অতীতমুখী মার্মার্্ কাট্্কাট্্ সংক্ষিপ্ত কালের। সহজীকরণের ইতিহাসটাই দীর্ঘ। বানান সংস্কারের মহৎ উদ্দেশ্যে জর্জ বার্নার্ড শ যে-অর্থ রেখে গেছেন, সেই উইলের টাকায় গাঁয়ে-না-মানা পণ্ডিতদের মধ্যে চায়ের কাপে (তওবা, তওবা), শুদ্ধ করে বলি—মদের পেয়ালায় তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ ওঠে; ভবনসংলগ্ন বাগানে কুসুম শুকায়ে যায়, কুসুম ফোটে।ইংরেজি বানানে সত্যি সত্যি শৃঙ্খলা খুব সামান্যই আছে। নিয়মের চেয়ে অনিয়মই বেশি। বিশেষ করে উচ্চারণের সঙ্গে লিখিত রূপের তুলনা করলে ইংরেজ আর ফরাসিরা ছাড়া সবারই আক্কেল গুড়ুম হবে। এর একটা চরম দৃষ্টান্ত দিয়েছিলেন উইলিয়াম অলিভার, উনিশ শতকের মাঝামাঝি, যদিও এর সঙ্গে নাম জড়িয়ে গেছে জর্জ বার্নার্ড শ-এর। তিনি দেখিয়েছিলেন যে ফিশ [আজ্ঞে হ্যাঁ, মাছ] এফ আই এস এইচ না-লিখে ghoti লিখলেও শুদ্ধ হওয়া উচিত। তাঁর যুক্তি হলো: laugh [হাসি] কথাটার শেষে আছে gh; তার উচ্চারণ: ফ। পিপল অথবা উইমেন শব্দ দুটির o-এর উচ্চারণ ই-এর মতো। সুতরাং i না-লিখে o লিখলেও তা গ্রহণ করা উচিত। আর টিআই অক্ষর দুটির অসংখ্য শব্দেই উচ্চারণ হলো শ। সুতরাং fish লেখা যা, ghoti লেখাও তাই। বাংলা বানানে সৌভাগ্যক্রমে এত ধ্বনিবিপর্যস্ত কোনো ব্যতিক্রমী শব্দ লেখা সম্ভব বলে কেউ দেখাননি। ইংরেজি বানান সংস্কারের সবচেয়ে বড় কারণই হলো লেখার সঙ্গে উচ্চারণের মিল না-থাকার। এবং ইংরেজি বানান সংস্কারের লক্ষ্যটা ছিল প্রধানত সোজা পথের দিকে। এই পথে প্রথম জোরালো সুপারিশ করেছিলেন হাওয়েল, ১৬৬২ সালে লেখা তাঁর ব্যাকরণে। তাঁর সেই সুপারিশের বেশির ভাগই পরে লোকেরা মানেনি। কিন্তু এদের মধ্য থেকে critic (