
আজগুবি, অবাস্তব গল্পই আষাঢ়ে গপ্পো। আমুদে, বৈঠকি ঢঙে পরিবেশিত এ গল্পের মূল লক্ষ্য যা-ই হোক না কেন, শেষাবধি এ হলো সৃজনশীলতা ও আনন্দ প্রকাশের মাধ্যম। তাই আষাঢ় শেষ হলেও ফুরোয় না আষাঢ়ে গপ্পো, বরং উৎসব-আবহে বারবার ফিরে আসে এই গল্পগাথা
গাড়িতে উঠতে না-উঠতে ফোন পেল সিদ্দিকুর | বড় ভাই দেখা করতে বলছেন। বড় ভাই অবশ্য নিজে ফোন করেননি, করার কথাও নয়। করেছে তাঁর টেন্ডল বক্কর। সিদ্দিকুর জিজ্ঞেস করেছে, কখন দেখা করতে হবে এবং কোথায়? বক্কর রহস্য করে বলেছে ‘গতকাল’ এবং ‘ফ্যাক্টরিতে’। তবে সে কী বলতে চেয়েছে, তা বুঝতে দেরি হলো না সিদ্দিকুরের। বক্কর ব্যাখ্যা করার আগেই সে বলেছে ড্রাইভার মন্টুকে, ‘গাড়ি ঘোরাও।’
সিদ্দিকুরের গলার উত্তেজনা টের পেল মন্টু। সেই উত্তেজনাটি সে তার দুই হাতে ছড়িয়ে দিয়ে গাড়ি নিয়ে উড়াল দিতে থাকল। সে বুঝল, বস যেখানে যেতে বলেছে, সেখানে হেলাফেলা করে যেতে নেই। গাড়িটা উড়িয়ে নিতে নিতে অবশ্য খুব আনন্দই হলো মন্টুর। কারণ, তার মনটাও তো উড়ছে। একেবারে মেঘের ওপর দিয়ে।
মন্টুর ওড়াউড়িতে অবশ্য একটু পরে যাওয়া যাবে। আমরা বরং কিছুক্ষণ সিদ্দিকুরের সঙ্গে থাকি। তবে তার সঙ্গে থাকতে গেলে কিছু প্রশ্নের মীমাংসা প্রয়োজন। যেমন কেন সে যাচ্ছে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে? কেনই বা এমন জরুরি তলব? বড় ভাইটাই বা কে?
বড় ভাই একসময় মন্ত্রী ছিলেন। মন্ত্রিত্বটা গেছে তাঁর সম্পর্কে নানা অভিযোগ ওঠায়। তাঁর মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে হাজার কোটি টাকার। ব্যাংক থেকে মেরে দিয়েছেন কয়েক শ কোটি টাকা। সুইস ব্যাংকে আছে তাঁর টাকার পাহাড়। তাঁর আছে সন্ত্রাসী বাহিনী। তবে তিনি বরাবর সবকিছু অস্বীকার করেছেন। মিডিয়াকে বলেছেন, লোকজন তাঁকে হিংসা করে। তাঁর সাফল্যে সবাই অসূয়া-পীড়িত। তাঁর নামে অপবাদ দিয়ে দলকে বেকায়দায় ফেলতে চায়। এক টিভি টক শোতে তিনি চ্যালেঞ্জ করেছেন এক সমালোচককে, তাঁর তথাকথিত দুর্নীতি অথবা সন্ত্রাসের একটি প্রমাণ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
তাহলে তাঁকে মন্ত্রিত্ব হারাতে হলো কেন? হারাতে হলো, কারণ এক মুরব্বি-দেশ টাকা পাচারের অভিযোগ এনেছে তাঁর বিরুদ্ধে। মুরব্বি-দেশ টাকা দিয়েছিল চাঁদে মানব বসতি স্থাপনের জন্য। বড় ভাই সেই টাকার অর্ধেক সুইস ব্যাংকে পাঠিয়ে দিয়েছেন। মন্ত্রিত্ব হারিয়ে তিনি বলেছেন, তাঁকে হেয় করার জন্য Åএসব আন্তর্জাতিক চক্রান্ত।
সিদ্দিকুর একসময় ছাত্রনেতা ছিল। ফাইভস্টার ছাত্রনেতা। বড় ভাইয়ের এলাকার মানুষ; তাঁর হয়ে জমি-নদী-বাজার দখল করেছে। ফাইভস্টার এস্তেমাল করে দু-একজন মানুষকে নুলো করেছে, একজনকে পরপারে পাঠিয়েছে। এসব করতে গিয়ে সিদ্দিকুর নিজের পিঠটা অবশ্য ঢেকে রেখেছে। প্রথমে লাখে, পরে কোটিতে, এখন শত-কোটি আয় করছে। ঢাকায় জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছে। তার আগে বড় ভাইয়ের আশীর্বাদ নিয়ে পাড়ার গনি মাস্টারের সুন্দরী মেয়ে সুকণ্ঠী মেঘলাকে লাইট এইসে তুলে এনে বিয়ে করেছে। মেঘলা বিষ খেয়েছে এবং সিদ্দিকুর তাকে প্রথমে ঢাকা, পরে ব্যাংকক নিয়ে চিকিৎসা করিয়েছে। তারপর তাদের ছেলেমেয়ে হয়েছে। ইত্যাদি।
আজ বক্কর ফোনে তাকে ইঙ্গিত দিয়েছে, বড় ভাই তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান। আর কাউকে তিনি বিশ্বাস করতে পারছেন না। আজ তাঁর বাগানবাড়িতে, যাকে সবাই কেন জানি ‘ফ্যাক্টরি’ বলে চেনে, বড় বড় নেতা আসবেন। তাঁদের সামনে উপজেলা চেয়ারম্যানের বিষয়টা ফয়সালা হবে।
চেয়ারম্যানের পদে আলিমুজ্জামান সাহেবের নামটাই ছিল এক নম্বরে। কিন্তু তিনি মারা গেলেন। ভালো মানুষ ছিলেন আলিমুজ্জামান, একবারের চেয়ারম্যান হিসেবে জনপ্রিয়ও ছিলেন, কাজও করেছেন প্রচুর। বয়স তেমন বেশি ছিল না, মাত্র ষাট, স্বাস্থ্যও ভালো ছিল। কিন্তু হৃদরোগ! এর তো কোনো জবাব নেই। সিদ্দিকুর জানে, আলিমুজ্জামানের খাবারে বিষ মেশানো হচ্ছিল বেশ কিছুদিন থেকে। মেশাচ্ছিল তারই প্রিয় কাজের লোক মানু।
আলিমুজ্জামান মারা গেলে মানুও হাওয়া হয়ে গিয়েছিল।
বক্কর থেকে ফোনটা পাওয়ার জন্য দুই সপ্তাহ অপেক্ষা করেছে সিদ্দিকুর। তার হিসাবপত্র সব তৈরি। যে নেতারা আসছেন, তাঁদের দুজনের কাছে তার উপঢৌকন চলে গেছে অনেক আগে। যে দু-একজন তার প্রতিদ্বন্দ্বী হতে পারত, তারাও হিসাবের বাইরে চলে গেছে। এদের একজন এখন পালিয়ে কলকাতা আছে। আরেকজন লুকিয়ে চাটগাঁয়ে থাকে এক ভাতিজার সঙ্গে।
মন্টু উড়িয়ে নিচ্ছে সিদ্দিকুরকে, সিটে গা এলিয়ে সে আনন্দে ভাসছে। তার হিসাবে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। সে জানে, চেয়ারম্যান তাকে না করার কোনো বিকল্প নেই নেতাদের কাছে। আর বড় ভাই বিষয়টাকে দেখছেন, না দেখে উপায় কী? সিদ্দিকুরের কাছে তাঁর গভীর গোপন অনেক তথ্যের ভান্ডারই তো তিনি দিয়ে রেখেছেন। বড় ভাই জানেন, সিদ্দিকুর কোনো পাড়ার ক্লাবে খেলে না, খেলে যাকে বলে প্রিমিয়ার লিগে। তিনি অবশ্যই সিদ্দিকুরকে খরচা করে ফেলতে পারেন, কিন্তু এরপর যা ঘটবে, তাতে তাঁর নিস্তার পাওয়ারও কোনো উপায় থাকবে না।
সিদ্দিকুর তাঁর তথ্যের ভান্ডারের চাবি কাদের কাছে রেখে যাবে, বড় ভাই তা আন্দাজ করতে পারেন না। সেই চাবি যদি দলের এক নাম্বারের হাতেও চলে যায়, তিনি অবাক হবেন না
কিন্তু আনন্দে ভাসতে ভাসতে হঠাৎ সিদ্দিকুরের চোয়ালে অস্বস্তির একটা টান কেন পড়ল? কেন তার নিঃশব্দ হাসির ওপর দিয়ে হঠাৎ একটা কালো ছায়া চলে গিয়ে সেটি মুছে দিল?
কেন আবার? মেঘলা।
আলিমুজ্জামান সাহেব যেদিন মারা গেলেন, মেঘলা তাকে বলেছে, ‘এটা না করলে হতো না?’
‘কী না করলে?’
মেঘলা চুপ থেকে বলেছে, ‘এমন একটা ভালো মানুষ। এই মানুষটাকেও সরিয়ে দিতে হলো?’
লাইট এইসে তুলে আনার পর থেকেই মেঘলার হাসিটা চলে গেছে। কথাও। নেহাত প্রয়োজন না হলে সে কথা বলে না। ছেলেমেয়ের সঙ্গে হাসে মাঝেমধ্যে। সিদ্দিকুর হঠাৎ এসে পড়লে সেই হাসি মিলিয়েও যায়।
দিন সাতেক আগে মেঘলা বলেছে, ‘আপনি যেদিন উপজেলা চেয়ারম্যান হবেন, আমি সেদিন বিষ খাব। ছেলেমেয়েরা বড় হয়েছে, এখন তারা আমাকে ছেড়ে থাকতে পারবে।’
সিদ্দিকুরকে কোনো দিন ‘তুমি’ বলেনি মেঘলা। সিদ্দিকুর পণ করেছে, যেদিন প্রথম বড় স্বপ্নটা তার হাতে ধরা দেবে, অর্থাৎ উপজেলাটা সরকারিভাবে তার হবে, সেদিন সে মেঘলাকে ‘তুমি’ বলানোর প্রকল্পটা শুরু করবে।
সে নিজের মনে হেসে বলেছে, কাকে দিয়ে কী বলাতে হয়, কী করাতে হয়, সিদ্দিক মিয়া তা জানে।
সেদিনও বিষ খাওয়ার কথা শুনে সে বলেছে, ‘বেশ তো, খাও। বিষ থাকলে ভালো, না থাকলে আমাকে বলো, কিনে দেব।’
সত্যি সত্যি বিষ কিনে আনিয়েছে সিদ্দিকুর, তারপর মেঘলার হাতে দিয়ে বলেছে, ‘বাঘ আর শিকারের মাঝখানে দাঁড়িয়ো না। মারা পড়বে।’
তার চোখের আগুন দেখে মেঘলার ভয় পাওয়ার কথা ছিল। হয়তো পেয়েছে। কে জানে।
আজ বড় ভাইয়ের ফ্যাক্টরির দিকে যেতে যেতে দুটি বিষয় হঠাৎ যেন স্পষ্ট হয়ে গেল তার কাছে, এক. তার স্বপ্নের বাগানে পৌঁছাতে আর লাগবে মাত্র এক মাস তেরো দিন, দুনিয়া যদি উল্টেও যায়, তার পরও। এবং দুই. মেঘলার চোখে যে হঠাৎ কিছু ছায়া জমেছিল বিষের শিশিটা হাতে তুলে দেওয়ার পর, তার পেছনে কোনো উদ্বেগ, বিষণ্নতা, দুঃখ কিছুই ছিল না। ছিল বরং পথ চলতে চলতে হঠাৎ থেমে যাওয়ার, সময়ের পথ থেকে হঠাৎ ছিটকে পড়ার একটা আবেগ। হয়তো স্বস্তিও।
সিদ্দিকুরের মনে হলো, ছায়াটা মেঘলার চোখে জমেনি, জমেছে তার নিজের চোখেই, যার উৎস তার ভয়ানক কিছু চিন্তায়। সে ভেবেছে, মেঘলার শেষ প্রতিরোধটুকু এবার গুঁড়িয়ে দেবে। তারপর সে যেভাবে চায় সেভাবে মেঘলাকে চালাবে।
তাকে ‘তুমি’ বলানো দিয়ে এই পর্যায়ের শুরু। সিদ্দিকুর নিশ্চিত ছিল, তাকে ছাড়া, তার সংসার ছাড়া মেঘলার যাওয়ার কোনো জায়গা নেই। বিষ যদি খাবেই সে, এত দিন কেন খায়নি?
অনেক দিনের একটা রাগ এত দিনে মেটানো যাবে—এমন ভেবে বরং কিছুটা তৃপ্তিও পেয়েছিল সিদ্দিকুর।
তাহলে হঠাৎ কেন তার চোয়ালে টান পড়বে? তার হাসিটা মিলিয়ে যাবে? মেঘলা কি তাহলে যে সিদ্ধান্ত নিয়েছে, তাতেই অটল থাকবে? মেঘলা কি শোধ নিতে চাইছে তার নিজের ওপর? এত দিনের কষ্টের ওপর একটা পর্দা টানতে চাইছে?
সিদ্দিকুরের ভেতরটা কেন জানি কেঁপে উঠল। সে চোখ বন্ধ করল; এবং চোখ বন্ধ করতেই মেঘলার চোখ দুটি ভেসে উঠল। সে দুই চোখে অদ্ভুত কিছু রহস্য।
মেঘলার চোখের রহস্যটা নিয়ে ভাবতে থাকল সে।
২.
সিদ্দিকুর ভাবতে থাকুক। ততক্ষণে আমরা মন্টুর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আসি। শুরুতে মন্টুর মনটার উড়াল দেওয়ার কথা বলেছিলাম। সেই উড়াল দেওয়ার একটা গল্প এখন শোনা যাক। একটু পরে দ্বিতীয় গল্পটাও।
মাস তিনেক আগে একটা সিনেমা হলে নাড়ি ছেঁড়া ধন নামের একটা ব্লকবাস্টার মুভি দেখেছে সে। শেষ শোতে। আসলে নাড়ি ছেঁড়া ধন-এর নায়িকা শ্রাবণীকে দেখতেই সে গিয়েছিল, তাকে দেখেওছে দুচোখের তৃষ্ণা মিটিয়ে। শ্রাবণীর সব সিনেমাই সে দেখেছে, কয়েকবার করে দেখেছে। নাড়ি ছেঁড়া ধনও দেখেছে তিনবার। শেষবার দেখে সে রাস্তায় নেমেছে মাঝরাতে। শ্রাবণীকে ভেবে ভেবেই সে পথ চলছিল, শিহরিত হচ্ছিল, শ্রাবণীর হাতে হাত রেখে মনের গোপন কথাগুলো বলে যাচ্ছিল। হঠাৎ কী কাণ্ড! তার সামনে একটি গাড়ি এসে থামল। না, থামল না, থমকে দাঁড়াল, যেহেতু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে গাড়িটার। গাড়িটা থামলে ড্রাইভার নামল। ইঞ্জিনের ডালা খুলল। কিছুক্ষণ দেখল, তারপর বলল, ‘পোব্লেম হইছে ম্যাডাম।’
ম্যাডাম ছিলেন গাড়ির ভেতরে। তিনি মনে হলো ভয় পেলেন। ‘দেখো না মোতালেব, ঠিক করা যায় কি না। জলদি।’ তিনি বললেন, তারপর ব্যাগ থেকে মোবাইল ফোন বের করলেন।
ম্যাডামের গলায় ভয় ছিল, এবং ভয় শুনেই মন্টু এগিয়ে গেল। তার এগিয়ে যাওয়ার আরেকটা কারণ, ওই ভয়ের সঙ্গে ম্যাডামের গলায় সে শ্রাবণীকে শুনেছে। এত দিন ধরে শুনে শুনে শ্রাবণীর গলা তার মুখস্থ। মন্টু গাড়ি চালায়, তবে মেকানিক হিসেবেও তার হাতযশ আছে। মোতালেবের সামনে গিয়ে সে বলল, ‘দেখি’ এবং মোতালেব কিছু বলার আগেই মোবাইলের টর্চ জ্বেলে ইঞ্জিন দেখতে লেগে গেল।
মিনিট পাঁচেক পর সে জানালার সামনে দাঁড়িয়ে বলল, ‘ম্যাডাম, গাড়ি ঠিক।’
ম্যাডাম ব্যাগ থেকে পাঁচ শ টাকার একটা নোট বের করে মিষ্টি সুরে বললেন, ‘থ্যাংক ইউ।’ মন্টু বিনয়ের সঙ্গে টাকাটা ফিরিয়ে দিল।
‘কী, নেবেন না?’ ম্যাডাম জিজ্ঞেস করলেন।
‘না’, মন্টু বলল, ‘টাকার জন্য কাজটা করিনি।’ ম্যাডাম চমৎকৃত হলেন। ‘কোথায় যাবেন?’ তিনি জিজ্ঞেস করলেন। ‘গুলশান দুই’, সে বলল।
জায়গাটা শ্রাবণীর বাড়ির কাছে। ‘তাহলে উঠুন, গাড়িতে উঠুন’, শ্রাবণী বলল।
মন্টু গাড়িতে উঠে পড়ল। সে আসলে থাকে জিগাতলায়। কিন্তু তার মন পড়ে থাকে গুলশান দুই নাম্বারে।
সেই থেকে শুরু। সেদিন পরিচয়। তার দুই দিন পর শ্রাবণীর বাড়িতে বসে চা খাওয়া। সাত দিন পর শ্রাবণীর ড্রয়িংরুমে বসে গল্প করা। ইত্যাদি।
অবাক হচ্ছেন? না হলেও পারেন, মন্টু সম্পর্কে ধারণাটা একটু পোক্ত হলে আর অবাক হবেন না। মন্টুর আসল নাম রায়হান মোমিন। তার পেশা গাড়িচালক হলেও আসলে সে গাড়িচালক নয়, ডিবির ড্যাশিং ইয়াং অফিসার। গোয়েন্দা। সে সিদ্দিকুরের গাড়ি চালানো শুরু করেছে তথ্যপ্রমাণ জোগাড় করতে। ছয় মাস ধরে কাজ করছে সে, তথ্যপ্রমাণ যা পেয়েছে, তা দিয়ে তো সিদ্দিকুর, এমনকি বড় ভাইকেও অনেক বছরের জন্য চৌদ্দ শিকের পেছনে পাঠিয়ে দিতে পারবে। মন্টুর মনের উড়াল দেওয়ার যে দ্বিতীয় গল্পের কথা বলেছিলাম, বড় ভাইয়ের ফ্যাক্টরিতে গিয়ে শেষ কিছু প্রমাণ জোগাড় করতে পারার সুযোগ পাওয়াটা ছিল সেই দ্বিতীয় গল্প। যাক সে কথা। ড্যাশিং ইয়াং অফিসার রায়হান/মন্টু যখন দাঁড়াল শ্রাবণীর সামনে, তাদের কথাবার্তা শুরু হলো এবং একদিন শ্রাবণীকে সে যখন বলল, ‘একটা হুজুগ থেকে গাড়ি চালানোর চাকরিটা নিয়েছি’, তখন শ্রাবণীর মনে অনেক সম্ভাবনার আলো জ্বলতে শুরু করল। তত দিনে, মানে এক মাস সতেরো দিনে, সে মনে মনে রায়হান/মন্টুকে ভালোবেসে ফেলেছে। ইত্যাদি।
আজ ফ্যাক্টরিতে যাওয়ার পথে মন্টুর ফোনে ভাইব্রেশন হয়েছে। সে আস্তে ফোনে চোখ বুলিয়ে দেখেছে, ‘তোমাকে চাই। এখনই।’
মন্টু পড়ল বিপদে। একদিকে তার দীর্ঘ প্রতীক্ষার শেষে আসা একটি মুহূর্ত—বড় ভাই এবং সিদ্দিকুরের বিষয়ের একটা সফল নিষ্পত্তি। অন্যদিকে তার আরেক দীর্ঘ প্রতীক্ষার শেষে আসা একটি মুহূর্ত—শ্রাবণীর আকুল আহ্বান। কোনটা বেছে নেবে সে?
৩.
হঠাৎ যেন বাজ পড়েছে সিদ্দিকুরের মাথায়, অথবা মারা যাওয়ার মতো জরুরি অবস্থা দেখা দিয়েছে। ‘গাড়ি ঘেরাও মন্টু, গাড়ি ঘোরাও।’ সে বলতে থাকল। গলায় বিশাল এক তাড়া।
‘বস?’ জিজ্ঞেস করল মন্টু।
‘যা বলছি তা-ই করো, এখন ফ্যাক্টরি যাব না, বাড়ি যাব।’
‘বাড়ি?’
‘হ্যাঁ। বাড়ি। আমার সংসার। আমার সন্তান। আমার স্ত্রী। আমার প্রিয়তমা স্ত্রী। অনেক দুঃখ তাকে দিয়েছি, মন্টু। আর না। এখন আমি মরতে পারি। পারি কেন মন্টু, মরতেই হবে। কিন্তু আর না। অনেক হয়েছে। এখন যে দু-তিনটা দিন বাঁচব, মন্টু, মেঘলার হাতে হাত রেখে বাঁচব। জগতের কিছুই আমি চাই না, মন্টু। চেয়ারম্যান হতে চাই না। এমপি হতে চাই না। শুধু মেঘলাকে চাই।
৪.
গাড়ি চালাতে চালাতেই প্রসন্ন-আনন্দিত আঙুলে মেসেজ লিখল মন্টু, তার মোবাইল ফোনে, ‘আসছি গো, জান। একটা ঘণ্টা বিরহে থাকো।’
তারপর...।