দুটি কবিতা
১. চাঁদকুমারীর অনন্তবাসনার মতো দূরত্বে রচিত বেলাভূমি, বস্তুত গহ্বরখচিত আর প্রাণহীন বালুর সমুদ্র ঘিরে অন্ধকারের পাড়ি, যদিও কিছু গহ্বর অন্তহীন যোজনা পেরিয়ে লুকাতে গিয়ে ধরা-পড়া বিপন্ন শাবক। বুড়িমার কার্পাশকাটা ভোজবাজি তন্ত্র-যন্ত্রের নাম নিয়ে খুশি, এ অপপ্রচারের পৃথিবীর শিশুরা ভালই ভুলেছে অন্যান্য চাঁদবাসনা। বাসনের মতো ভেঙে পড়া স্বর্গীয় সুখ থেকে এন্তার দৌড়দৃশ্য রাতের গোল্লাছুট প্রহরে প্রহরে ঘূর্ণায়মান। মানবীর মুখগহ্বরের খুঁত জুড়ে দিতে তার লাবণ্য বহুবার ধার করেছে আকুল প্রেমিকদল ও বিপন্ন কবিরা। যেন ঋণ দিতে দিতে সর্বস্বান্ত এক ব্যাংক; উদাসীন অথচ স্বৈরাচারী; প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে যে একাই এসেছে। আলোকপ্রাপ্ত অথচ উজ্জ্বলতার ভেতরে বিলীন পৌরাণিক শিলাভূমির এক জলহীন মরুভূমি। সকল ঊর্ধ্বগামী স্বপ্নের অবতরণভূমি আর তুলনীয় হতে গিয়ে অতুলনীয় এক বিস্ময়বিপন্নগোলক, পৃথিবীর সমস্ত গোলকের অন্তিম তুলনা...২. লুপ্তবনপ্রীতি, লুপ্তঐশ্বর্যগীতঅশেষ অমান্য করে আমি রয়ে গেছি বিদ্যাশোকহীন বধিরতা আমার শ্রবণে এসে গৃহী হল আর ত্যাজ্য সমস্ত পোশাকের দিকে উড়ে যায় সেলাই মেশিন অনন্তর আবাদি খেতের দিকে বীজদের পশ্চাৎভ্রমণ প্রাচ্যদেশীয় দোলা নিতম্বের দিকে দিকে স্বপ্ন উৎসারণহীন অ্যাভেনুর ঝোলানো টাগরায় অতিবিজ্ঞাপিত মুখদের আশ্চর্য মুখব্যাদান শ্রীমতী দেবীদের মাত্রাজ্ঞানপূর্ণ অভিজ্ঞানের দিকে লুপ্তবনপ্রীতি লুপ্তঐশ্বর্যগীত বারংবার গাওয়া হল প্রীতিতাড়িত ভোরে স্বপ্নশোভাহীন পথের অভিঘাত...