দুটি কবিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে এখানে এসে বসে আছি
কে বলবে আমাকে?
আমি নিজে সবার মতন হয়তো জানি
যা জানতে পারার
কিন্তু সন্তুষ্ট নই
ল্যাপটপে চোখ রেখে দেখি আমি লিখতে বসেছি
মনে পড়ে কেউ ভাত দিয়েছিল, ডিম আর
সবজি দিয়েছিল রাত আটটায়
রোজ এ রকম রাত আসে, রাত বাড়ে, আর
কপাল যতই নিরুত্তাপ হোক, জ্বর বাড়ে
তৈরি হতে হবে কেউ বলে
কে যে বসে আছি
কে বলবে
হায়
রাত্রির দিকে মেলে চোখ
কে এখানে এসে বসে আছি!
২.
কে যেন চেঁচাচ্ছে মাইকে
ভয় পেয়ে
পেনশনমতো কিছু দেবে বলে লাইনে দাঁড়িয়ে
কী ভাবনা ভাবছি
পকেট খুঁজছি
ফেরা হবে কি না
লতা মঙ্গেশকরের বাকি গানগুলো
একটিতে এখুনি তো
আলবিদা আলবিদা
ভয় ছেড়ে যায় না কিছুতে
তোমাদের সঙ্গে কিন্তু পরিচয়
হলোই না আর