দুটি ছড়া
একটি পাখির কাহিনি
এই শহরটা যে ভর্তি ছিল কাকের কোলাহলে
পথের ভুলে একটি পাখি নামল এ-অঞ্চলে।
আহা এমন অভিশপ্ত দেশে থামাল তার ডানা
পাতিহাঁসের রাজ্যে যেমন রাজহংসের ছানা।
তার সর্বপালক-সর্বাঙ্গে ঝিলকে ওঠে গান
এসব দেশে এই পাখিটা বড্ড বেমানান।
তবু অচিন দেশের সুরের পাখি অচিন সুরের টানে
শহরটাকে ভরিয়ে দিল নতুন নতুন গানে।
কত ঠুমরি দাদরা কাহারবা আর মিয়া কি মল্লারে
ভৈরোঁ কিংবা ভৈরবী কি বসন্তবাহারে।
পাখি হয়তো আবার হঠাৎ উড়াল, হয়তো নতুন দেশ
দেশ থেকে দেশ-দেশান্তরে ভ্রমণ অনিঃশেষ।

জোনাকি
রাতটা যেন পড়েছে আজ নক্ষত্রের শাড়ি
সাঁতরে আঁধার নামছে মাঠে জোনাকির ঝিয়ারি
কেউ জানে না দিনের বেলা কোথায় তাদের বাড়ি
চাঁদের সাথে তাদের নাকি অনেক দিনের আড়ি।
চাঁদটা সেদিন বলল, ওদের বড্ড বাড়াবাড়ি
আলো আমি দিই বা না দিই, ব্যাপারটা আমারই।
জোনাকিরাও উঠল খেপে, রাত কি শুধু তারই?
ফাঁস কিন্তু করব চাঁদের কীর্তি-কেলেঙ্কারি!
কোত্থেকে যে আসছে এত জোনাকির ঝিয়ারি
ঝাঁকে ঝাঁকে সওয়ার হয়ে হাওয়ার রেলের গাড়ি
খইয়ের মতো নক্ষত্র ছড়ায় কাঁড়ি কাঁড়ি
তাই নিয়ে যে ঝোপে-ঝাড়ে বেজায় কাড়াকাড়ি
দূরে থেকে আমরা বলি, বাঃ আলো-আঁধারী!