দুটি ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদ
মা ডেকে কন, ওরে খুকি, কয়েকটা দিন পরে

রোদ পাবি না, রোদ পাবি না, আর কোনো দিন ঘরে।

খুকি শুধায়, সুয্যি কি মা দেবে না আর দেখা?

উঠবে না সে, ফুটবে নাকো একটু আলোর রেখা?

মায়ের জবাব, উঠবে রবি নিত্যদিনের মতো,

ছড়িয়ে দেবে ঝলমলে রোদ, আলো অবিরত।

আমরা ঘরে রোদ পাব না এটুক বলতে পারি,

দেখ না চেয়ে ঘরের পাশে উঠছে দালানবাড়ি।

প্রমাণ

একা একা কেউ যেয়ো না খাদু মিয়ার কাছে,

আছে আছে—এই কথাটা বলার কারণ আছে।

তোমার পিঠে মহানন্দে বসাবে সে কিল,

ভেংচি কেটে হাসবে আবার কেবলই খিলখিল।

মারলে কেন? শুধাবে যেই অনেক দুঃখে রাগে,

বলবে খাদু, কই মেরেছি—প্রমাণ দেখাও আগে!