
খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০
মতিউর রহমান
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন, এপ্রিল ২০১৫
২০০ পৃষ্ঠা
দাম: ৩০০ টাকা।
১৯৫০ সালের ২৪ এপ্রিলে খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ছিল এ দেশের প্রথম জেল হত্যাকাণ্ড। সেই বর্বর ঘটনার ইতিহাস বা বিবরণ বিক্ষিপ্তভাবে লেখা হলেও সবিস্তারে লেখা এ বিষয়ক কোনো বই এত দিন ছিল না। সেই কাজটি করে যে মতিউর রহমান পথিকৃতের দায়িত্ব পালন করলেন, প্রথমেই সে কথা বলে নেওয়া ভালো। এ বই যে প্রভূত পরিশ্রমের ফসল, গ্রন্থকার তার বিবরণ তুলে ধরেছেন নিজের ভূমিকায়। জানিয়েছেন, ‘শেষ পর্যন্ত পাঁচ দশকের আবেগ আর ভালোবাসা নিয়ে খাপড়া ওয়ার্ডের শহীদ ও আহত দেশপ্রেমিকের জীবনসংগ্রামের কাহিনি একটি প্রকাশনায় রূপ পেল। মূলত ২০১৩ সালের মাঝামাঝি সময়ে আবার এ পাণ্ডুলিপি নিয়ে উঠে-পড়ে লাগি। সিদ্ধান্ত নিই, যতটুকু হয়েছে সেইটুকু বই আকারে প্রকাশ করার। তার পরও প্রায় দুই বছর চলে গেল। পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশের কমরেডদের কাছ থেকে প্রাপ্ত তথ্য, সাক্ষাৎকার, স্মৃতিচারণা এবং এ পর্যন্ত প্রকাশিত বইপুস্তক, বিভিন্ন প্রকাশনা থেকে সংগ্রহ করা তথ্য নিয়েই আজকের এ প্রকাশনা।’ অর্থাৎ মোট ছয়টি অধ্যায়ে বিভক্ত এ বই লেখক রচনা করেছেন উল্লিখিত সূত্রগুলো থেকে সংগ্রহ করা তথ্যের সমাহারে। বলে রাখা ভালো, সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করা সহজ কাজ ছিল না। খাপড়া ওয়ার্ডে আহত কমরেডদের অনেকেই ’৫০ সালের এই বর্বর ঘটনার পর ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের অধিবাসী হয়েছিলেন। গ্রন্থকার যখন এ সংক্রান্ত তথ্য সংগ্রহে উদ্যোগী, বয়সের ভারে তাঁদের অনেকেই তখন অবনত, অনেকেই প্রয়াত। ফলে গ্রন্থকার-গবেষক মতিউর রহমানকে তথ্য সংগ্রহে দেশের ভেতরে যেমন, তেমনি দেশের বাইরেও অক্লান্ত ছুটোছুটি করতে হয়েছে। একান্ত নিষ্ঠায় নানা উপায়ে সংগ্রহ করেছেন সংশ্লিষ্ট বিষয়ে তথ্য। অধ্যায়গুলোর শিরোনাম থেকেই ব্যাপারটি সুস্পষ্ট। যেমন: ‘খাপড়া ওয়ার্ডের সাত শহীদ’, ‘জেলের অবস্থা ও রাজবন্দীদের সংগ্রাম,’ ‘তৎকালীন কমিউনিস্ট পার্টির নীতি,’ ‘রাজশাহী জেল এবং ২৪ এপ্রিল-পূর্ব ঘটনাবলি,’ ‘খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড’ ও‘খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ডের প্রভাব’। প্রতিটি অধ্যায়ের শেষে উল্লেখ করা হয়েছে তথ্যসূত্র একান্ত গবেষকের মতোই। প্রতিটি অধ্যায়ের বর্ণিত ঘটনা তথ্যনিষ্ঠ ও জীবন্ত।
এ বইয়ের সবচেয়ে আগ্রহোদ্দীপক অধ্যায় ‘তৎকালীন কমিউনিস্ট পার্টির নীতি’ শীর্ষক পর্বটি। এ অধ্যায়ের পাঠ থেকে স্পষ্ট হয়ে ওঠে তখনকার ভারতীয় এবং এ দেশের কমিউনিস্ট পার্টির ভূমিকার বিষয়টি। তারই প্রভাবে তখন পরিচালিত হচ্ছিল খাপড়া ওয়ার্ডে বন্দী বামপন্থী তথা কমিউনিস্টদেরও অতিবিপ্লবী কর্মকাণ্ড; শুধু জেলের ভেতরে নয়, তার বাইরেও। কমিউনিস্ট পার্টির অতিবিপ্লবী বাম হঠকারিতার পরিণতিই যে শেষ পর্যন্ত রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের ওপর জেল কর্তৃপক্ষকে গুলি চালাতে প্ররোচিত করেছিল, জেলের বাইরে তাদের চলমান আন্দোলনকে যে এভাবে তারা ভীতসন্ত্রস্ত করতে চেয়েছিল, বিবৃত ঘটনার পূর্বপরতা সেই নজিরই তুলে ধরে। গ্রন্থকারের এ অধ্যায়টি খুবই সুলিখিত। হঠকারিতার শিকার হলেও কমিউনিস্টদের এই আত্মত্যাগ ও আদর্শবাদিতাকে গ্রন্থকার ইতিবাচকভাবে তুলে ধরেছেন। তিনি এই অধ্যায়ের পরিসমাপ্তি টানছেন এভাবে, ‘...মুসলিম লীগ সরকারের এ নীতি সফল হয়নি। বরং দেশ বিভাগের কয়েক বছরের মধ্যে রাজশাহী জেলে সাতজন রাজবন্দীকে হত্যা করে মুসলিম লীগ সরকারের প্রতিক্রিয়াশীল সমস্ত নীতি ও কার্যকলাপের পরিসমাপ্তির সূত্রপাত ঘটে। সেই পরিসমাপ্তি সম্পন্ন হয়েছিল বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সৃষ্ট পরিবেশে চুয়ান্নর সাধারণ নির্বাচনে লীগের ভরাডুবির মাধ্যমে।’
বইটিতে খাপড়া ওয়ার্ডে বন্দী ও ভুক্তভোগী ১৪ জন কমরেডের ছবি সংযোজন করা হয়েছে। পাশাপাশি পরিশিষ্টাংশে যেসব নিবন্ধ, স্মৃতিচারণা ও কবিতা সংকলিত করা হয়েছে, সেগুলোর পাঠও খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ডকে চোখের সামনে মূর্ত করে তোলে মুহূর্তে!
মতিউর রহমানের এই বই আমাদের রাজনৈতিক ইতিহাসের এক কঠিন ও দুঃসহ কালপর্বের অমূল্য সবিস্তার দলিল।