দুর্বৃত্তায়নের বয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরপুত্র \ মঞ্জু সরকার \ ফেব্রুয়ারি ২০১০ \ পাঞ্জেরী, ঢাকা \ প্রচ্ছদ: সমর মজুমদার \ ২৪০ টাকা \ ২১৬ পৃষ্ঠা।লাতিন আমেরিকার কয়েকজন লেখক নাকি একবার দলবেঁধে ঠিক করেছিলেন, তাঁরা প্রত্যেকে কোনো না কোনো দেশের একনায়কদের নিয়ে উপন্যাস লিখবেন। মার্কেসের দ্য অটাম অব দ্য পেট্রিয়ার্ক আর মারিও বার্গাস য়োসার দ্য ফিস্ট অব দ্য গোট-এর মতো উপন্যাস সেই উদ্যোগের ফল। বরপুত্র উপন্যাসটি লিখে আমাদের দেশের একনায়কতন্ত্রের একটা পাশে আলো ফেললেন মঞ্জু সরকার। এ যেন থ্রিলারের মতো লেখা—একবার ধরলে শেষ না করে ওঠা যাবে না। উপন্যাসটি স্বাধীনতা-পরবর্তীকালে মূল্যবোধহীন রাজনীতির উৎস থেকে বিকাশের প্রতিচিত্র হয়ে উঠেছে। উত্থান পর্ব, বোঝাপড়া ও পতনের সময়—এই তিনটি পর্বে লেখা এ উপন্যাস রাজনীতির ছাতার তল থেকে দুর্নীতি, দালালি, চাটুকারিতার মাধ্যমে একশ্রেণীর লোকের বিত্ত-বৈভবের মালিক হয়ে ওঠার কাহিনি। ক্ষমতার মূলকেন্দ্র থেকে এরা নিয়ন্ত্রণ করেছে ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন দপ্তরের পদোন্নতি, চাকরিচ্যুতি; ঢাকার অদূরে গড়ে তুলেছে বাগানবাড়ি; দখল করেছে জমি-জায়গা; কিনেছে সাংবাদিক ও বুদ্ধিজীবীদের এবং লক্ষ রেখেছে রাজনীতির হাওয়া কোন দিক থেকে কোন দিকে যায়; সুযোগ বুঝে যোগ দিয়েছে একদল থেকে অন্যদলে। এ সত্যিকার অর্থেই এখন আমাদের সমাজের বরপুত্র।উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আলহাজ শরাফতউল্লাহ মোহন। তার বাবা জমিরুল্লাহ ঢাকার মিউনিসিপ্যাল অফিসে গোরস্থান কেয়ারটেকারের চাকরি করত। একাত্তর সালে রাজাকারির জন্য গোরস্থানে জমি, বাড়ি থেকে উৎখাত হওয়ার পর খিলগাঁও এলাকায় এসে ওঠে। মোহন লেখাপড়া ছেড়ে দিয়ে কিছুদিন এলাকায় রাহাজানি করে। রনি নামের এলাকার বড় ভাইয়ের হুমকিতে তা ছেড়ে দেয়। ম্যাট্রিকটা কোনোমতে পাস করে শুরু করে হকারি। হকারি সূত্রে সে কোটিপতি ও সন্ত্রাসী শরীফ বাচ্চুর শিষ্যত্ব গ্রহণ করে তার দলে যোগ দেয়। জিয়া হত্যার পর সে যোগ দেয় রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করা প্রেসিডেন্টের দলে। তার জুতায় চুমু খেয়ে নতুন জীবনের দুয়ার খুলে যায় মোহনের। প্রেসিডেন্ট তাকে তাঁর দপ্তরে নিয়োগ দেন। এবং শুরু হয় মোহনের জীবনের প্রকৃত উত্থান পর্ব।ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠা মোহন সুকৌশলে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে সাথীকে বিয়ে করে। তার ইঙ্গিতে সাথীর প্রেমিক পলাশ খুন হয়, চাচার চাকরিচ্যুতি ঘটে। এই বিপর্যয়ে সাথীর পরিবারের উদ্ধারকর্তা সাজে সে। তাকে দিয়ে পলাশের খুন হওয়ার প্রতিশোধ নিতে চেয়েছিল সাথী। পারেনি। তবে স্ত্রী হলেও মোহনের সব কাজের বিরোধিতা করা সাথী কখনোই ছাড়েনি। ‘বোঝাপড়া’ পর্বে দুই ধরনের বোঝাপড়া হয়—একদিকে সাথীর সঙ্গে সম্পর্কের, অন্যদিকে নিজের রাজনৈতিক অবস্থান সুসংহত করে মোহন। সেই ব্যবস্থা তৈরি করে, যাতে প্রেসিডেন্টের পতন হলেও নিজেকে সে সুরক্ষিত করতে পারে। ‘পতনের সময়’ পর্ব শুরু হয় ক্ষমতার কেন্দ্র থেকে মোহনের ছিটকে পড়ার ঘটনা দিয়ে। অদম্য মোহন আত্মরক্ষার উপায়গুলোও কাজে লাগায়। জনতার জয় নামে দৈনিক পত্রিকা তৈরি করে। সাথীকে সেটি দেখাশোনার ভার দেয়। নিজে আড়ালে থাকে। এদিকে সরকারের পতনের দিন ঘনিয়ে আসে। এর ভেতর প্রহসনের নির্বাচনে এমপিও হয় সে। সরকারের পতন হয়ে গেলে মোহন বিদেশে পালিয়ে যায়। সাথী এ দেশেই থেকে যায়। বিদেশে গিয়েও মোহন সাথীকে চলে আসার তাগাদা দিয়ে চলে। সাথী দেশে থাকারই সিদ্ধান্তে অনড় থাকে।দুর্নীতিপরায়ণ হলেও নিজের পরিবারের প্রতি দায়িত্ববোধ, সন্তানের প্রতি অপার মমতায় মোহনের কোনো ঘাটতি ছিল না। বিশ্ববিদ্যালয় পাস করা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাথীকে স্ত্রী হিসেবে পেয়েও সে গর্বিত। মঞ্জু মোহন চরিত্রের এই দিকগুলোও তুলে ধরছেন। ফলে এমন এক মানবিক দৃষ্টিকোণ থেকে এই উপন্যাসটি লেখা, যেখানে কারও প্রতি কোনো পক্ষপাত নেই। অত্যন্ত নৈর্ব্যক্তিকভাবে তিনি দেখিয়েছেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের স্ত্রী, মোহনের বন্ধু বসিরসহ আরও অনেককে। আরও দেখিয়েছেন, পক্ষ-প্রতিপক্ষ সবাই এ দেশে লতায়-পাতায় জড়ানো। বাংলাদেশের সমকালীন মূল্যবোধহীন সমাজ ও রাজনীতিকে এতটা প্রাঞ্জলভাবে তুলে ধরা মঞ্জু সরকারের মাধ্যমেই সম্ভব হলো।