মহাভারতের বহু নিন্দিত চরিত্র শকুনি। তাঁর চাতুর্যেই কুরুক্ষেত্রে কুরু-পাণ্ডবে যুদ্ধ হয়। সেই শকুনিকে নিয়ে ঔপন্যাসিক হরিশংকর জলদাস লিখেছিলেন সেই আমি নই আমি নামে উপন্যাস। ২০১৬ সালে বইটি প্রকাশ করেছিল প্রথমা প্রকাশন। এবার মহাভারতের আরেক নিন্দিত চরিত্র দুর্যোধনকে নিয়ে উপন্যাস লিখছেন এই লেখক।
দুর্যোধন ছিলেন অনিষ্টকারী। অধর্মের প্রতি অগাধ ভালোবাসা ছিল তাঁর। যুদ্ধের হোতাও বলা হয় তাঁকে। কিন্তু হরিশংকর জলদাস তাঁকে নিয়ে যে উপন্যাস লিখছেন, সেখানে তিনি তুলে ধরবেন দুর্যোধনের মানবিকতা। লেখকের কথায়, ‘দুর্যোধনকে নিয়ে আজ পর্যন্ত কোনো লেখায় বা উপন্যাসে ভালোমতো মূল্যায়ন করা হয়নি বলেই আমি মনে করি। ভিলেন হিসেবেই সবাই তাঁকে তুলে ধরেছেন। কিন্তু এর বাইরেও যে তিনি মানবিক ছিলেন, তার কথা কেউ বলেননি। আমার নতুন উপন্যাসে আমি এই দিক তুলে ধরতে চাই।’
নতুন উপন্যাসের নাম এখনো ঠিক করেননি হরিশংকর জলদাস। আর এর বাইরেও আরেকটি উপন্যাসের প্রস্তুতি তিনি প্রায় শেষ করে এনেছেন বলে জানান। মধ্যযুগকে উপজীব্য করে লেখা উপন্যাসটির কাজও দ্রুত শেষ করবেন বলে ‘অন্য আলো’কে জানান জনপ্রিয় এই লেখক।
এ ছাড়া ‘বর্ণবৈষম্যের শেকড়-বাকড়’ নামে আরও একটি প্রবন্ধের পাণ্ডুলিপি শেষ করেছেন তিনি। এই বইও অচিরেই বের হবে বলে জানা গেছে।
গ্রন্থনা: অন্য আলো প্রতিবেদক