দুষ্টু মিনিয়নের দল

হোয়া হোয়া!
পপ্পাডম!
বানানাআআ!
পারা তুউউ!
বিইই ডোওও বিইই ডোওও!

কী মজার ভাষা ওদের! শুনলেই হাসি পায়! আর অঙ্গভঙ্গি দেখলে তো হাসতে হাসতে পেটে খিল ধরার দশা। বলছি মিনিয়নদের কথা। খুদে, হলুদ চরিত্রগুলো জনপ্রিয় হয়েছে ডেসপিকেবল মি অ্যানিমেটেড চলচ্চিত্রটির কল্যাণে। এখন বিশ্ব ভুগছে ‘মিনিয়নস’ জ্বরে।
২০১০ সালে মুক্তি পেয়েছিল ডেসপিকেবল মি। আর এ বছর মুক্তি পেল এর সিক্যুয়েল ডেসপিকেবল মি টু। চলচ্চিত্র দুটি যদি দেখে থাকো, মিনিয়নদের সঙ্গে নিশ্চয় নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না।
অ্যানিমেটেড চরিত্র গ্রুয়ের অনুচর মিনিয়নের দল, যারা যেকোনো কাজ করতে গেলেই তালগোল পাকিয়ে মজার মজার সব ঘটনার জন্ম দেয়। শুধু পুরোদস্তুর চলচ্চিত্রই নয়, ইউটিউবে দেখতে পারো মিনিয়নদের নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবিগুলোও।

কোনোটার এক চোখ, কোনোটার দুই চোখ, কারও মাথার চুল গুনে ফেলা যায়, কারও মাথায় পুঁচকে ঝুঁটি, কাণ্ডকীর্তি দেখলে হাসতে হাসতে চোখে পানি এসে যায়! ইউটিউবে মিনিয়নদের ‘বানানা সং’ এরই মধ্যে দেখা হয়ে গেছে প্রায় তিন কোটিবার! কেউ কেউ আবার মজা করে এই অর্থহীন গানটি কভারও করেছে, ইউটিউবে দেখতে পারো সেগুলোও। বিশ্বের বিভিন্ন দেশে খেলনার দোকানগুলোয় খেলনা মিনিয়ন তো পাওয়া যাচ্ছেই, পাশাপাশি মিনিয়ন-সংবলিত পেনসিল, ইরেজার, টি-শার্টও বিক্রি হচ্ছে দেদার। জানিয়ে দিচ্ছি আরও একটি খবর। ২০১৪ সালের শেষ নাগাদ শুধুমাত্র মিনিয়নদের কাণ্ডকারখানা নিয়েই মুক্তি পেতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অপেক্ষায় থাকো!

টুকরো মিনিয়ন
মিনিয়ন শব্দের অর্থ ভৃত্য।
ডেসপিকেবল মি চলচ্চিত্রের আর্ট ডিরেক্টর এরিক গুইলন মিনিয়নদের স্রষ্টা।
মিনিয়নদের আঙুল তিনটি।
আপাতদৃষ্টে অর্থহীন মনে হলেও মিনিয়নদের ভাষা আদতে ইংরেজি, ফরাসি, রাশিয়ান, কোরিয়ান ইত্যাদি ভাষার সংমিশ্রণ। যেমন ‘পারা তু’ শব্দের অর্থ ‘তোমার জন্য’, ‘গিলাটো’ মানে ‘আইসক্রিম’, ‘পুইডা না’ শব্দের অর্থ ‘আমরা কি শুরু করতে পারি?’
মিনিয়নদের মধ্যে কোনো নারী-পুরুষ নেই।
মো. সাইফুল্লাহ
সূত্র: ডেসপিকেবল উইকি